আমাদের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের ৫ আগস্ট একটি ঐতিহাসিক বাঁকবদলের দিন। দীর্ঘ সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান শুধু একটি সরকারের পতন ঘটায়নি, রাষ্ট্রের মালিক জনগণ—এই সত্যটিও নতুন করে প্রতিষ্ঠিত করেছে। মানুষের প্রত্যাশা ছিল, স্বৈরশাসনের অবসানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, রাজনৈতিক সহনশীলতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার নতুন যাত্রা শুরু হবে। কিন্তু সেই পরিবর্তনের পরও পরাজিত স্বৈরাচারের অনুসারীদের একটি অংশ যদি সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, সড়ক অবরোধ এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে সেটি শুধু রাজনৈতিক সংকট নয়; জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক উত্তরণের জন্যও বড় ধরনের হুমকি। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলো সেই উদ্বেগকেই আরও স্পষ্ট করে তুলেছে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা এখন আর কেবল দেশের অভ্যন্তরীণ সংবাদমাধ্যমের আলোচনায় সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি), আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, কাতারভিত্তিক আলজাজিরা এবং যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, শেখ হাসিনার সমর্থকদের বিক্ষোভ, অগ্নিসংযোগ, সংঘর্ষ ও নিরাপত্তা পরিস্থিতি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। আন্তর্জাতিক পরিসরে এসব খবরের গুরুত্ব বাংলাদেশের জন্য নিছক সংবাদমূল্যের বিষয় নয়; এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ পরিবেশ, আন্তর্জাতিক ভাবমূর্তি এবং গণতান্ত্রিক ভবিষ্যতের সঙ্গেও সম্পর্কিত।
যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য নিউইয়র্ক টাইমসের ২২ নভেম্বর প্রকাশিত এবং পরদিন হালনাগাদ করা প্রতিবেদনটি বিশেষভাবে আলোচনার দাবি রাখে। সংবাদমাধ্যমটি শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডকে ‘স্মল-স্কেল ইনসারজেন্সি’ বা ছোট পরিসরের বিদ্রোহী তৎপরতা হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এসব সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিনজন সদস্য এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিহত একজন বাসসহকারী রয়েছেন। প্রতিবেদনে গণপরিবহণ, পুলিশ স্টেশন, একটি হাসপাতাল এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরা হয়েছে। সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে। সেখানে বিভিন্ন স্থানে যান চলাচলে বাধা, সরকারি সম্পত্তিতে হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকার সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক টানা ৩৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার ঘটনাও আন্তর্জাতিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে স্থান পেয়েছে।
প্রশ্ন হচ্ছে, একটি রাজনৈতিক দলের ক্ষমতাচ্যুতির প্রতিশোধ নিতে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত করার অধিকার কারও আছে কি? গণপরিবহণে আগুন দেওয়া, হাসপাতাল কিংবা পুলিশ স্থাপনায় হামলা, রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘরে আক্রমণ এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে হাজার হাজার মানুষকে দুর্ভোগে ফেলা কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি? গণতন্ত্রে প্রতিবাদের অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকার কখনোই সহিংসতা কিংবা সন্ত্রাসের বৈধতা দিতে পারে না। রাজনৈতিক দাবি আদায়ের নামে মানুষের জীবন ও সম্পদকে ঝুঁকির মধ্যে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এখানে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলোকে কেবল বিচ্ছিন্ন সংঘর্ষ হিসেবে দেখেনি; বরং বর্তমান সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বৃহত্তর প্রেক্ষাপটে তুলে ধরেছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দায়িত্ব শুধু সহিংসতার খবর প্রকাশ করা নয়; ঘটনার পেছনের রাজনৈতিক, ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটও যথাযথভাবে তুলে ধরা। বাংলাদেশের ২০২৪ সালের অভ্যুত্থান, বিপুল প্রাণহানি, বিচারপ্রক্রিয়া এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিষয়গুলো বাদ দিয়ে বর্তমান অস্থিরতাকে বিশ্লেষণ করলে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব নয়।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ মানুষ, অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ প্রজন্ম। যারা রাজনৈতিক প্রতিশোধের নামে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা শুধু একটি সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না; তারা বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রাকেই বাধাগ্রস্ত করছে। বাংলাদেশের ভবিষ্যৎ কোনো পলাতক স্বৈরাচারের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কিংবা তাঁর অনুসারীদের নাশকতার ওপর নির্ভর করতে পারে না। জনগণের রায়, গণতন্ত্র, আইনের শাসন এবং জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতেই এগিয়ে যেতে হবে আমাদের। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হোন।
শুধু নিউইয়র্ক টাইমস নয়, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও ১৯ নভেম্বর বাংলাদেশের সহিংস পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। ‘Violence rises in Bangladesh as Hasina supporters escalate protests, PM Rahman blames India’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সমর্থকদের দেশব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিএনপির দুই সদস্য নিহত হয়েছেন, গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে, অন্তত ছয়টি বাস ও পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে এবং কয়েকটি জেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগের খবর প্রকাশ করেছে সংস্থাটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতটি জেলায় বিজিবির ৯৭ প্লাটুন মোতায়েন এবং ঢাকায় ২৪ ঘণ্টায় ১০৭ জনকে গ্রেপ্তারের তথ্যও প্রতিবেদনে এসেছে।
রয়টার্সের প্রতিবেদনটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে—বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি কি দেশের সীমানার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে, তিনি সীমান্তের ওপারের একটি দেশের ইঙ্গিত দিয়ে অভিযোগ করেছেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলেও রয়টার্স উল্লেখ করেছে। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার পেছনে কোনো বহিরাগত শক্তির ভূমিকা থাকলে সেটি অবশ্যই জাতীয় নিরাপত্তার প্রশ্নে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এর কোনো বিকল্প নেই।
কাতারভিত্তিক আলজাজিরাও ২২ নভেম্বর ‘Why Bangladesh descended into violence ahead of Hasina’s planned return’ শিরোনামে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে সাম্প্রতিক সহিংসতার পাশাপাশি ২৮টি জেলায় অগ্নিসংযোগ ও সংঘর্ষের খবর, অন্তত চারজনের প্রাণহানি, পুলিশ স্থাপনা, ব্যাংক এবং ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে হামলার বিষয় উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং সরকারের পক্ষ থেকে তাঁর প্রত্যাবর্তনের আবেদন প্রত্যাখ্যানের প্রেক্ষাপটে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। অতএব, সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়ে অপরাধীদের কঠোর হাতে দমন করতে হবে।
যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানও ১৯ নভেম্বর বাংলাদেশের সহিংসতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পুলিশ স্থাপনায় হামলা, রাজনৈতিক নেতাদের বাড়িঘরে আক্রমণ এবং বিভিন্ন জেলায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতির শিকড় বুঝতে হলে ফিরে তাকাতে হবে ২০২৪ সালের জুলাই-আগস্টের রক্তাক্ত অধ্যায়ে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের হিসাব অনুযায়ী, ওই আন্দোলন দমনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর পর ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। এই রায় বাংলাদেশের বিচারিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ও বিচারিক সিদ্ধান্তের বিষয়টি আন্তর্জাতিক পরিসরেও আলোচিত হয়েছে। এখন তাঁর অনুসারীদের কোনো অংশ যদি সহিংসতা ও নাশকতার মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি বদলানোর চেষ্টা করে, তাহলে সেটি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
এখানে ভারতের ভূমিকাও উপেক্ষা করার সুযোগ নেই। শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাঁকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ আখ্যা দিয়ে ভারতের কাছে প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে পরোক্ষভাবে ভারতের সমালোচনা করেছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা। এ কথা আমি বহুবার বলেছি। কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহৃত হলে তা অবশ্যই কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সামনে এখন একাধিক চ্যালেঞ্জ। একদিকে নাশকতা ও সহিংসতা নিয়ন্ত্রণ, অন্যদিকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা। সরকারকে বুঝতে হবে, শুধু নিরাপত্তা বাহিনী মোতায়েন করে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক সহনশীলতা, প্রশাসনিক জবাবদিহি এবং নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ক্ষমতাসীন দলের কোনো নেতাকর্মী অপরাধে জড়িত থাকলেও তাঁকে ছাড় দেওয়া যাবে না। একইভাবে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো নিরপরাধ নাগরিক যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।
সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, প্রতিহিংসা ও কর্তৃত্ববাদী রাজনীতিতে ফিরে যেতে চায় না। ২০২৪ সালের অভ্যুত্থানে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই রাষ্ট্রে রাজনৈতিক দল থাকবে, বিরোধী মত থাকবে, প্রতিবাদ ও সমালোচনার অধিকার থাকবে; কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, সাধারণ মানুষের জীবন বিপন্ন করা কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার সহিংস সংস্কৃতির কোনো স্থান থাকতে পারে না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের সহিংস পরিস্থিতি নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হওয়া আমাদের জন্য আত্মসমালোচনারও উপলক্ষ। বিশ্ব বাংলাদেশকে কীভাবে দেখছে, সেটি যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ বাংলাদেশ আসলে কোন পথে এগোচ্ছে। পরাজিত স্বৈরাচারের অনুসারীদের নাশকতা যেমন কঠোরভাবে প্রতিরোধ করতে হবে, তেমনি নতুন সরকারেরও প্রমাণ করতে হবে যে বাংলাদেশ আর কোনো ব্যক্তি, পরিবার কিংবা দলের ইচ্ছাধীন রাষ্ট্র নয়। এখানে ক্ষমতার উৎস জনগণ, রাষ্ট্র পরিচালনার ভিত্তি সংবিধান এবং অপরাধের বিচার হবে আইনের মাধ্যমে।
মনে রাখতে হবে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ মানুষ, অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ প্রজন্ম। যারা রাজনৈতিক প্রতিশোধের নামে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা শুধু একটি সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না; তারা বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রাকেই বাধাগ্রস্ত করছে। বাংলাদেশের ভবিষ্যৎ কোনো পলাতক স্বৈরাচারের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কিংবা তাঁর অনুসারীদের নাশকতার ওপর নির্ভর করতে পারে না। জনগণের রায়, গণতন্ত্র, আইনের শাসন এবং জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতেই এগিয়ে যেতে হবে আমাদের। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হোন।
লেখক: সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন।
ahabibhme@gmail.com



-20261129135955.jpg)


-20261129134149.webp)

-20261129125446.jpg)





-20261126135523.jpg)





-20261126133922.jpg)