Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনদ নয়, দক্ষতা চাই—শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৫৪ পিএম

দেশসেবার শপথে নৌবাহিনীতে ৪৬৭ নবীন নাবিক, সততা ও নৈতিকতার ওপর জোর নৌবাহিনী প্রধানের

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৫৪ পিএম

দেশসেবার শপথে নৌবাহিনীতে ৪৬৭ নবীন নাবিক, সততা ও নৈতিকতার ওপর জোর নৌবাহিনী প্রধানের

এক হাতে লাল-সবুজের পতাকা, অন্য হাতে দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার। চোখে আত্মপ্রত্যয়ের দীপ্তি, পদচারণায় সামরিক শৃঙ্খলার দৃঢ়তা। ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণে নিজেদের প্রস্তুত করে এবার দেশের সমুদ্রসীমা পাহারার বৃহত্তর দায়িত্বে যুক্ত হলেন ৪৬৭ নবীন নাবিক। তাঁদের অভিষেকের এই আয়োজনে শুধু কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা নয়, উঠে এলো দেশপ্রেম, আনুগত্য, আত্মত্যাগ ও পেশাগত উৎকর্ষতার বার্তা।

রবিবার (২৯ নভেম্বর) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে এমনই এক গৌরবময় দৃশ্যের অবতারণা হয়। বাদ্যের তালে তালে সুসংবদ্ধ পদক্ষেপে প্যারেড গ্রাউন্ড অতিক্রম করেন ৪৬৭ নবীন নাবিক। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে তাঁদের ২২ সপ্তাহের বুটক্যাম্প প্রশিক্ষণের। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য হিসেবে পেশাগত জীবনে প্রবেশ করেন তাঁরা।

  • ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত বি-২০২৬ ব্যাচের সদস্যরা
  • স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনা ও বিমানবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ 
  • মেধা ও দক্ষতায় সেরা তিন নবীন নাবিক পেলেন পদক

কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। নবীন নাবিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি সামরিক জীবনে দেশপ্রেম, আনুগত্য, শৃঙ্খলা, সাহসিকতা ও শিষ্টাচার দৃঢ়ভাবে ধারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। নৌবাহিনী প্রধান বলেন, 'মনে রাখবে সামরিক পেশায় উন্নতি করতে হলে সততা, শৃঙ্খলা, কর্মতৎপরতা, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার কোন বিকল্প নেই।'

তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, সামরিক বাহিনীতে সদস্য হওয়া কেবল একটি পেশায় প্রবেশ নয়; বরং এটি সততা, আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ ও দেশপ্রেমের কঠিন পরীক্ষায় অবতীর্ণ হওয়া। তিনি নবীন নাবিকদের প্রশিক্ষণ বিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও সামরিক প্রশিক্ষণ বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও গর্বিত নাবিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সমুদ্রের নিরাপত্তা থেকে সুনীল অর্থনীতি—নতুন নাবিকদের সামনে বড় দায়িত্ব
নবীন নাবিকদের দায়িত্ব কেবল দেশের জলসীমা পাহারায় সীমাবদ্ধ নয়, বরং সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা ও বিকাশেও তাঁদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রসম্পদের সুরক্ষা এবং সমুদ্র অর্থনীতির অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

নৌবাহিনী প্রধান বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। তাঁর মতে, এই ঘাঁটি শুধু সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেই ভূমিকা রাখছে না, যোগ্য নাবিক তৈরির সূতিকাগার হিসেবেও কাজ করছে।

সুনীল অর্থনীতিকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে নৌবাহিনী প্রধান বলেন, সমুদ্রসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে 'অপারেশন ব্লু গার্ড'সহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি উপকূলীয় জনগণের সহায়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে নিয়মিত ত্রাণ ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী।

তিনি আরও উল্লেখ করেন, সমুদ্রসীমা রক্ষা, সমুদ্রসম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা এবং দেশের প্রয়োজনে জানমালের নিরাপত্তা বিধানে নৌবাহিনীর ভূমিকা সর্বমহলে প্রশংসিত। দেশের জলসীমা শত্রুমুক্ত রাখার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও বাংলাদেশ নৌবাহিনী অনন্য ভূমিকা রেখে চলেছে।

মুক্তিযুদ্ধের বীরত্বের উত্তরাধিকার বহনের আহ্বান
নবীন নাবিকদের সামনে দেশের সামরিক ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন নৌবাহিনী প্রধান। মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। বিশেষভাবে স্মরণ করেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সব বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগ।

তিনি নবীন নাবিকদের সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তাঁর প্রত্যাশা, প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সামরিক প্রশিক্ষণের সমন্বয়ে নবীন সদস্যরা নৌবাহিনীর সার্বিক উন্নয়নে অনন্য অবদান রাখবেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও নৌবাহিনীর মর্যাদা আরও সমুন্নত করবেন।

৪৬৭ জনের মধ্যে সেরা সেজান, পেলেন নৌপ্রধান পদক
প্রশিক্ষণের কঠিন ধাপ পেরিয়ে দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখেছেন নবীন নাবিকদের কয়েকজন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বি-২০২৬ ব্যাচে পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক নির্বাচিত হন মোঃ সেজান মাহমুদ। তাঁকে দেওয়া হয় 'নৌপ্রধান পদক'।

দ্বিতীয় স্থান অধিকার করে 'কমখুল পদক' লাভ করেন মোঃ মুজাহিদুল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করে 'শের-ই-বাংলা পদক' পান মোঃ শাকিল হাসান। নৌবাহিনী প্রধান নিজ হাতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অভিভাবকদের গর্ব, রাষ্ট্রের নতুন সম্পদ
প্যারেড গ্রাউন্ডে সন্তানদের সামরিক জীবনের প্রথম বড় অর্জন প্রত্যক্ষ করতে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। তাঁদের চোখে ছিল আনন্দ, গর্ব আর ভবিষ্যতের প্রত্যাশা। তাঁদের সন্তানরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু দিয়ে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশাই তাঁদের।

নবীন নাবিকদের অভিনন্দন জানিয়ে নৌবাহিনী প্রধান বলেন, এই প্রশিক্ষণ কুচকাওয়াজের মধ্য দিয়ে তাঁরা বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত নাবিক হিসেবে পদার্পণ করতে যাচ্ছেন। তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্বে আত্মনিয়োগ করে তাঁরা বাংলাদেশ ও প্রিয় নৌবাহিনীকে বিশ্বদরবারে আরও গৌরবোজ্জ্বল আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওরা, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

৪৬৭ নবীন নাবিকের এই অভিষেক তাই নিছক একটি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান নয়। এটি দেশের সমুদ্রসীমা সুরক্ষা, সামুদ্রিক সম্পদের নিরাপত্তা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নতুন প্রজন্মের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা। পতাকার সামনে নেওয়া তাঁদের শপথের বাস্তব প্রতিফলন ঘটবে এবার কর্মক্ষেত্রে—সমুদ্রের প্রতিটি প্রহরায়, দেশের প্রতিটি প্রয়োজনে।

কালের আলো/এমএএএমকে

Link copied!