আন্তর্জাতিক রাগবিতে হারানো র্যাংকিং ও রেটিং পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে চাইনিজ তাইপে যাচ্ছে বাংলাদেশ জাতীয় পুরুষ রাগবি দল। একই সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের পথে এগিয়ে যাওয়া এবং এশিয়া রাগবির পরবর্তী সিরিজে জায়গা করে নেওয়ার লক্ষ্যও রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
আগামী ২০ থেকে ২২ নভেম্বর চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত হবে ‘এশিয়া রাগবি এমিরেটস সেভেনস ট্রফি’। এই প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। লিগ পদ্ধতির টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক চাইনিজ তাইপে, আফগানিস্তান ও ফিলিপাইন।
এক মাসের প্রস্তুতিতে ১২ সদস্যের দল
টুর্নামেন্ট সামনে রেখে টানা এক মাসের নিবিড় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। প্রস্তুতি শেষে ১২ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। খেলোয়াড়দের সঙ্গে টিম ম্যানেজার ও কোচিং স্টাফের সদস্যরাও সফরে থাকবেন।
দলের প্রধান লক্ষ্য সম্পর্কে টিম ম্যানেজার সাইদ আহমেদ জানান, গত বছর আন্তর্জাতিক র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবারের প্রতিযোগিতায় রেটিং ফিরে পাওয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়ের র্যাংকিং-সংক্রান্ত শর্ত পূরণ এবং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার যোগ্যতা অর্জন করতে চায় বাংলাদেশ।
দেশের রাগবি ছড়িয়ে দিতে ফেডারেশনের পরিকল্পনা
দেশে রাগবির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ফেডারেশনের সহসভাপতি তারেক চৌধুরী জানান, বর্তমানে দেশের ১৪টি জেলা ও ২৪টি ক্লাবের মাধ্যমে নিয়মিত রাগবি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে নেপাল ও পাকিস্তানে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতিও চলছে। এ ছাড়া ২০২৭ সালের ডিসেম্বরে বাংলাদেশের মাটিতে এশিয়া রাগবি সেভেনস ট্রফি আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।
স্কুল-কলেজ থেকেই খেলোয়াড় তৈরির উদ্যোগ
তৃণমূল পর্যায়ে রাগবি ছড়িয়ে দিতে স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলোয়াড় তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তার উজ জামান। তাঁর মতে, ভবিষ্যতের জন্য শক্তিশালী খেলোয়াড়ের পাইপলাইন গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম গুরুত্বপূর্ণ।
ফেডারেশনের আশা, চাইনিজ তাইপের এই প্রতিযোগিতায় ভালো ফলের মাধ্যমে আন্তর্জাতিক রাগবিতে বাংলাদেশের অবস্থান পুনরুদ্ধারের পথ তৈরি হবে। একই সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের লক্ষ্য পূরণেও সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কালের আলো/এসএ/এএইচ
