Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

বগুড়া সংবাদদাতা কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১০:৩৮ এএম

উদ্বোধনের ২০ বছর পরও পূর্ণাঙ্গ সেবা নেই নন্দীগ্রামের হাসপাতালে

বগুড়া সংবাদদাতা কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১০:৩৮ এএম

উদ্বোধনের ২০ বছর পরও পূর্ণাঙ্গ সেবা নেই নন্দীগ্রামের হাসপাতালে

বগুড়ার নন্দীগ্রামে প্রায় দুই লাখ মানুষের বসবাস। অথচ উপজেলা সদরে জরুরি ও উন্নত চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পৌর শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল বাজার এলাকায় অবস্থিত। ফলে পৌর শহর ও আশপাশের এলাকার রোগীদের জরুরি প্রয়োজনে সেখানে যেতে সময় ও অর্থ দুটোই ব্যয় করতে হয়। এ অবস্থায় পৌর এলাকায় নির্মিত ২০ শয্যার আধুনিক হাসপাতালটি দুই যুগ পেরিয়েও পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় চিকিৎসাসংকট আরও তীব্র হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর নন্দীগ্রাম পৌর শহরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিজ্ঞ চিকিৎসক পাওয়া কঠিন। গুরুতর অসুস্থ রোগীদের তাই উন্নত চিকিৎসার জন্য ছুটতে হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। এতে জরুরি রোগীদের ভোগান্তি বাড়ছে।

সম্প্রতি নন্দীগ্রাম সদর ইউনিয়নের দলগাছা গ্রামের অটোরিকশাচালক জাহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্বজনদের দাবি, তাঁকে বগুড়ায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁদের ধারণা, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

তিন কোটি টাকার বেশি ব্যয়, সেবা সীমিত বহির্বিভাগে

জানা গেছে, ২০০১-২০০২ অর্থবছরে নন্দীগ্রাম পৌর এলাকায় ২০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০০২ সালের ৮ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ২০০৬ সালের ১৮ অক্টোবর তৎকালীন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা হাসপাতালটি উদ্বোধন করেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় হাসপাতালটির অবকাঠামো ও আনুষঙ্গিক কাজে ব্যয় হয় ৩ কোটি ৫৪ লাখ টাকা। কিন্তু উদ্বোধনের পরও সেখানে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু হয়নি। বর্তমানে সীমিত পরিসরে শুধু বহির্বিভাগে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফাহমিদা হরকিল জানান, গত মাসে বহির্বিভাগে মোট ১ হাজার ১৭৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালে বর্তমানে কোনো মেডিকেল অফিসার পদায়ন নেই। অনুমোদিত ১৩টি পদের মধ্যে মেডিকেল অফিসারের পদটি শূন্য রয়েছে।

তিনি আরও জানান, হাসপাতাল ভবনের অবস্থাও নাজুক। ছাদ, দরজা ও জানালা নষ্ট হয়ে গেছে।

জনবল সংকটে বন্ধ অন্তর্বিভাগ

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন বলেন, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর প্রক্রিয়া চলছে। চিকিৎসক, নার্স, মেডিকেল সহকারী, ফার্মাসিস্ট, ওয়ার্ডবয়, অফিস সহকারী ও ল্যাব অ্যাসিস্ট্যান্টসহ এখানে মোট ১৩টি পদ অনুমোদিত রয়েছে। তবে বর্তমানে মেডিকেল অফিসার পদে কোনো চিকিৎসক নেই।

তিনি জানান, অন্তর্বিভাগে রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়া বন্ধ থাকায় হাসপাতালের নার্স ও ল্যাব অ্যাসিস্ট্যান্টসহ কয়েকটি পদের কর্মীদের অন্যত্র প্রেষণে দায়িত্ব পালন করতে হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, হাসপাতাল নির্মাণ ও উদ্বোধনের পর দীর্ঘ সময় পার হলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসাসেবার আনুষঙ্গিক ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানটির সুফল পাচ্ছেন না এলাকাবাসী।

দ্রুত চালুর আশ্বাস সংসদ সদস্যের

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নন্দীগ্রাম সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। এ কারণে নন্দীগ্রাম পৌরসভা ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ শয্যার আধুনিক হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

তিনি বলেন, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে স্থানীয় বাসিন্দারা কাছেই উন্নত চিকিৎসাসেবা পাবেন। বিশেষ করে জরুরি রোগীদের ভোগান্তি কমবে। হাসপাতালটির কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এ জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।

এদিকে জরুরি রোগী পরিবহনের দুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে নন্দীগ্রাম পৌরসভাকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছেন সংসদ সদস্য মোশারফ হোসেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!