রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করতে জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। এ লক্ষ্যে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে জোরালো আলোচনা এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইসিজের রায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করেছে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শক্তিশালী অবস্থান দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা আরও জোরালো করা হবে।
তিনি বলেন, গণহত্যায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিত করতে বাংলাদেশ সব সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কাজ করবে। তবে মানুষের প্রাণহানি এবং পরিবারের সদস্যদের হারানোর ক্ষতি অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নতুন জীবন গড়ার সুযোগ
হুমায়ুন কবির বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবিত সদস্যরা যেন নিজেদের দেশে ফিরে নতুন করে জীবন গড়ে তুলতে পারেন, সে ধরনের ক্ষতিপূরণমূলক ব্যবস্থা নিশ্চিত করাই হবে বাস্তবসম্মত উদ্যোগ।
অর্থাৎ, শুধু আর্থিক ক্ষতিপূরণ নয়, বরং রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে নিরাপদে বসবাস ও জীবন পুনর্গঠনের সুযোগ তৈরি করাকেও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
দ্রুত নয়, নিরাপদ প্রত্যাবাসনই অগ্রাধিকার
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দ্রুত ফিরিয়ে দেওয়ার চেয়ে নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ। রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার পর রোহিঙ্গাদের নিরাপত্তা এবং জীবন-জীবিকা পুনর্গঠনের উপযুক্ত পরিবেশ থাকতে হবে। এ জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কাজ করা হবে বলে জানান তিনি।
নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলার উদ্যোগ
প্রতিমন্ত্রী জানান, মামলার বাদী গাম্বিয়া বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুললে বাংলাদেশ জাতিসংঘের কাঠামোর মধ্যে থেকে বিষয়টি এগিয়ে নিতে কাজ করবে। রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করতে জাতিসংঘ ও অন্যান্য বহুপক্ষীয় সংস্থার পাশাপাশি আঞ্চলিক ও দ্বিপক্ষীয় অংশীদারদের সম্পৃক্ত করা হবে।
এক থেকে দেড় বছরের মধ্যে প্রত্যাবাসনের পথ তৈরির লক্ষ্য
হুমায়ুন কবির বলেন, এ উদ্যোগের ফল আগামীকালই পাওয়া যাবে না। তবে এখন থেকেই জোরালো আলোচনা শুরু করা হবে, যাতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করা সম্ভব হয়।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি




















