দেশে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
গুম-খুনের রাজনীতি চায় না মানুষ
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি দেখতে চায় না। দেশের মানুষ এখন নিরাপত্তা চায়। জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা
তারেক রহমান বলেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে।’ জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পালিয়ে গিয়েও অগ্নিসন্ত্রাস করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়।
তিনি অভিযোগ করেন, পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং মানুষ হত্যা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
কালের আলো/এএইচ/এমএসআইপি
