Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৬:০২ পিএম

আদালতের মামলার চাপ কমাতে উদ্যোগ

মামলা কমাতে দেশজুড়ে মধ্যস্থতা চালু করবে সরকার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৬:০২ পিএম

মামলা কমাতে দেশজুড়ে মধ্যস্থতা চালু করবে সরকার

আদালতে মামলার চাপ কমানো এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ সহজ করতে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আদালতে মামলা দায়েরের আগেই বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার (এডিআর) মাধ্যমে বিরোধ মীমাংসার সুযোগ তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। সম্মেলনের বিষয় ছিল ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’।

আদালতের চাপ কমাবে মধ্যস্থতা
আইনমন্ত্রী বলেন, প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে আদালতে যাওয়ার আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হলে বিচারব্যবস্থার ওপর চাপ কমবে। একই সঙ্গে সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে।

তিনি বলেন, ন্যায়বিচারে প্রবেশাধিকার কোনো বিশেষ শ্রেণির মানুষের বিশেষাধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সরকার এ অধিকার নিশ্চিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়েছে।

লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টের আওতায় প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে বিরোধ দ্রুত, শান্তিপূর্ণ ও সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মামলার আগে সমঝোতার সুযোগ
প্রচলিত বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে সাধারণ পরিবারগুলো, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষ, আর্থিক ও মানসিক চাপের মুখে পড়ছেন বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, যোগ্য মধ্যস্থতাকারী ও আস্থাশীল প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে মানুষ মামলা-মোকদ্দমার পরিবর্তে আলোচনা ও সমঝোতার পথ বেছে নেবেন। এতে আদালতে যাওয়ার আগেই অনেক বিরোধের সমাধান সম্ভব হবে।

আইনমন্ত্রী জানান, পরীক্ষামূলক প্রকল্পের অভিজ্ঞতায় দেখা গেছে, পারিবারিক ও দেওয়ানি বিরোধের উল্লেখযোগ্য অংশ মামলা হওয়ার আগেই নিষ্পত্তি করা সম্ভব। এর ফলে নতুন মামলা দায়েরের হার কমানোর পাশাপাশি প্রচলিত বিচারব্যবস্থার ওপর চাপও কমানো যায়।

৬৪ জেলায় সম্প্রসারণে নীতিগত সহায়তা
আসাদুজ্জামান বলেন, পাইলট প্রকল্পের সাফল্যকে এখন স্থায়ী জাতীয় ব্যবস্থায় রূপান্তর করতে হবে। এ লক্ষ্যে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে আইন মন্ত্রণালয়। সমাজে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ ও সমঝোতাভিত্তিক সংস্কৃতি গড়ে তোলাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

বাণিজ্যিক আদালত আইন পুনর্গঠনের কাজ চলছে
সম্মেলনে বাণিজ্যিক আদালত আইন প্রসঙ্গেও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ বিদেশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে বাণিজ্যিক আদালত আইনের খসড়া পুনর্গঠন করা হচ্ছে।

বিদেশি বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশের বিচারিক বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বিনিয়োগকারীদের বিরুদ্ধে আদালত বা আইনি প্রক্রিয়ার অপব্যবহারও গ্রহণযোগ্য নয় বলে জানান আইনমন্ত্রী। বাংলাদেশের আইন খাতে জাপানের কারিগরি সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এ খাতের উন্নয়নে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ। জাইকার সঙ্গে এ অংশীদারত্ব অব্যাহত থাকবে।

জাইকার সঙ্গে দ্বিতীয় পর্যায়ের চুক্তি
সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন এবং জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো বক্তব্য দেন।

অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে সম্মেলনে প্রকল্পের প্রধান উপদেষ্টা ফুজিওকা তাকুরো প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রমের অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সম্মেলনে কার্যক্রমটির অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং দেশব্যাপী সম্প্রসারণের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়। এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাইকার মধ্যে অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এতে আইন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা জজ, লিগ্যাল এইড কর্মকর্তা, আইনজীবী এবং জাইকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!