জাতিসংঘের সংস্কার এবং বহুপাক্ষিক সংস্থাটির কার্যক্রম নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে জানতে এ সাক্ষাৎ করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ভারতের হাইকমিশনার।
জাতিসংঘের সংস্কার নিয়ে আলোচনা
দীনেশ ত্রিবেদী বলেন, মূলত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করতেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই সঙ্গে জাতিসংঘের সংস্কার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জানার আগ্রহ ছিল তাঁর।
তিনি বলেন, খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছেন। সংস্কারের বিষয়গুলো কী এবং এ ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা বোঝার চেষ্টা করেছেন তিনি।
ভারতের হাইকমিশনারের ভাষ্য, জাতিসংঘের সংস্কার সবার অভিন্ন স্বার্থের বিষয়। জাতিসংঘ অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর অভিজ্ঞতা জানার আগ্রহ থেকেই তাঁর সঙ্গে আলোচনা করেছেন।
সৌজন্য সাক্ষাৎ হিসেবে সীমাবদ্ধ রাখতে চান
দীনেশ ত্রিবেদী বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তাঁকে সময় দেওয়ায় তিনি কৃতজ্ঞ। সাক্ষাৎটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্বের বিষয়টিই আলোচনার প্রধান প্রেক্ষাপট। বৈঠকের বিস্তারিত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান।
কালের আলো/এএএন/এমএসআইপি
