রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ শুধু বিদ্যুৎ উৎপাদনের নতুন উৎসই পাচ্ছে না, বরং উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকার, প্রকৌশল দক্ষতা বৃদ্ধি এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলছে। এমনটাই মনে করছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।
গত ১৭ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিট ৫৭ সেকেন্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। প্রথম ইউনিটটি নির্ধারিত তাপীয় ক্ষমতার ৪০ শতাংশে পৌঁছে ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে।
বুধবার (১৮ নভেম্বর) এ বিষয়ে প্রতিক্রিয়ায় আলেক্সি লিখাচেভ বলেন, প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়া বাংলাদেশ ও রাশিয়া উভয় দেশের জন্যই একটি যুগান্তকারী ঘটনা। এর মাধ্যমে বাংলাদেশ নির্ভরযোগ্য, স্থিতিশীল ও পরিবেশবান্ধব জ্বালানির নতুন উৎস পেতে যাচ্ছে।
তিনি বলেন, এই উদ্যোগ আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর বাংলাদেশের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমানোর সুযোগ তৈরি করবে। জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হওয়া কম কার্বন নিঃসরণকারী বিদ্যুতের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদার এবং জ্বালানির উৎসে বৈচিত্র্য আনার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। রাশিয়া ও বাংলাদেশের বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে।
ধাপে ধাপে বাড়বে বিদ্যুৎ উৎপাদন
রসাটম জানিয়েছে, গত অক্টোবরের মাঝামাঝি সময়ে রূপপুরের প্রথম ইউনিট সর্বনিম্ন নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে পৌঁছায়। এর মাধ্যমে চুল্লির ভেতরে স্বয়ংসম্পূর্ণ ও নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া নিশ্চিত হয়।
বিদ্যুৎ উৎপাদন শুরুর পর্যায়ে চুল্লির ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে নির্ধারিত ক্ষমতার প্রায় ৪০ শতাংশে নেওয়া হয়। এ সময় স্টিম জেনারেটর থেকে টারবাইনে বাষ্প সরবরাহ শুরু হয়। পরে টার্বোজেনারেটর জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। পরবর্তী ধাপে কেন্দ্রটির পরীক্ষামূলক পরিচালনা বা ট্রায়াল রান শুরু হবে।
এ সময় পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন পূর্ণ নির্ধারিত ক্ষমতায় উন্নীত করার প্রক্রিয়া চলবে। এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরুর পথ আরও প্রশস্ত হবে।
২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতা
রুশ নকশায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পটির প্রধান নকশাকারী ও সাধারণ ঠিকাদার হিসেবে কাজ করছে রসাটমের প্রকৌশল বিভাগ। কেন্দ্রটিতে আধুনিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে তৈরি তৃতীয় প্রজন্মের উন্নত প্রযুক্তির ভিভিইআর-১২০০ চুল্লি স্থাপন করা হয়েছে।
রসাটমের তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়া ও বেলারুশে এ ধরনের ছয়টি ইউনিট চালু রয়েছে। এ ছাড়া মিশর, হাঙ্গেরি, তুরস্ক ও চীনসহ কয়েকটি দেশে একই প্রযুক্তির চুল্লি নির্মাণাধীন রয়েছে।
বিদ্যুতের পাশাপাশি বাড়বে প্রযুক্তিগত সক্ষমতা
রূপপুরের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হওয়াকে বাংলাদেশের জ্বালানি খাতের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তবে এর সম্ভাবনা শুধু বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, প্রকৌশল শিক্ষা, দক্ষ জনবল তৈরি এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও এই প্রকল্প নতুন সুযোগ তৈরি করতে পারে।
রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের মতে, উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকার ও প্রকৌশল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে। ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি খাতের পাশাপাশি প্রযুক্তি ও গবেষণার অগ্রযাত্রাতেও ভূমিকা রাখতে পারে।
কালের আলো/এএইচ/এমএসআইপি
