বগুড়া বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ১০টি বিভাগ খোলার অনুমোদন দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রস্তাবিত বিভাগগুলোর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স, রোবটিক্স, ফিনটেক, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ও ভেটেরিনারি মেডিসিন।
সম্প্রতি ইউজিসির জারি করা এক দাপ্তরিক চিঠিতে এ সুপারিশের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বগুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে আটটি অনুষদের অধীনে ১৬টি বিভাগ নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। এ বিষয়ে কমিশন গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ছয়টি অনুষদের অধীনে ১০টি বিভাগ খোলার অনুমোদন দেওয়া যেতে পারে। তবে বিভাগগুলো চালুর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
যেসব বিভাগ খোলার সুপারিশ
ইউজিসির সুপারিশ অনুযায়ী, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে চারটি বিভাগ খোলার প্রস্তাব করা হয়েছে। বিভাগগুলো হলো—আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং রোবটিক্স।
ফ্যাকাল্টি অব আর্টসের অধীনে ইংলিশ বিভাগ খোলার সুপারিশ করা হয়েছে। ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অধীনে থাকবে ফিনটেক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
এ ছাড়া ফ্যাকাল্টি অব এগ্রিকালচারাল সায়েন্সেসের অধীনে এগ্রিকালচার, ফ্যাকাল্টি অব মেডিসিনের অধীনে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এবং ফ্যাকাল্টি অব অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিনের অধীনে ভেটেরিনারি মেডিসিন বিভাগ চালুর সুপারিশ করা হয়েছে।
বিভাগ চালুতে যেসব শর্ত দিয়েছে ইউজিসি
ইউজিসির চিঠিতে বিভাগগুলো চালুর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কয়েকটি শর্ত পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভাড়া করা ভবনগুলোর চুক্তিপত্র ও নকশা জমা দেওয়া। পাশাপাশি তিনটি ভবনের একাডেমিক লে-আউট এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য সংশ্লিষ্ট পৌরসভার অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে।
ভাড়া করা তিনটি ভবন দ্রুত শিক্ষা কার্যক্রম পরিচালনার উপযোগী করে কমিশনকে অবহিত করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত বিভাগগুলোর কোর্স কারিকুলাম জমা দিতে হবে।
শিক্ষক, গবেষণাগার ও অবকাঠামোর তথ্য দিতে হবে
শিক্ষা কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় গবেষণাগার, লাইব্রেরি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। যেসব বিভাগের জন্য গবেষণাগার প্রয়োজন, সেগুলোর উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে।
এ ছাড়া বিভাগগুলোতে পাঠদান শুরুর জন্য প্রয়োজনীয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর জনবলের চাহিদা কমিশনে জমা দিতে হবে। ইউজিসির এসব শর্ত পূরণ এবং পরবর্তী অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই প্রস্তাবিত বিভাগগুলোতে শিক্ষা কার্যক্রম শুরুর সুযোগ তৈরি হবে।
কালের আলো/এসকে/এমএসআইপি
