মিয়ানমারে চলমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে তাদের আদি নিবাস মিয়ানমারে দ্রুত ও টেকসইভাবে প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেছে সরকার।
বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি অ্যান একেলস-কারির সঙ্গে বৈঠকে এসব বিষয় তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বাংলাদেশে প্রথম সফর শেষে বিশেষ দূত তার সঙ্গে সাক্ষাৎ করেন।
রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি তুলে ধরলেন বিশেষ দূত
বৈঠকে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় এবং শরণার্থী শিবিরের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন জাতিসংঘের বিশেষ দূত। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার প্রথম বাংলাদেশ সফর সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানতে চান।
জবাবে কেলি অ্যান একেলস-কারি রোহিঙ্গা জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার ক্রমবর্ধমান ঘাটতি এবং সংকটের টেকসই সমাধান নিয়ে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার বিষয়েও উদ্বেগ জানান।
রাখাইনে সহিংসতা ও বাস্তুচ্যুতি নিয়ে উদ্বেগ
বৈঠকে মিয়ানমারের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে রাখাইন রাজ্যের অবনতিশীল অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, রাখাইনে রোহিঙ্গারা এখনো সহিংসতা ও নতুন করে বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন। সেখানে অবস্থানরত অবশিষ্ট রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান
বাংলাদেশের মানবিক অঙ্গীকারের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে তাদের আদি নিবাস মিয়ানমারে দ্রুত ও টেকসইভাবে ফিরিয়ে নেওয়াই সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করে একটি সমন্বিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। তার মতে, সংকটের স্থায়ী সমাধানে প্রত্যাবাসনের পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতে গুরুত্ব
শামা ওবায়েদ বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংকটের মূল কারণ মোকাবিলার জন্য অপরিহার্য।
এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের প্রতিও বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে, এ রায় ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈঠকে জাতিসংঘের বিশেষ দূতকে তার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
কালের আলো/এএইচ/এমএসআইপি
