দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’র (জিটিএ) ষষ্ঠ সংস্করণ—জিটিএ ৬। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বজুড়ে ধাপে ধাপে গেমটি উন্মুক্ত হওয়ার পর থেকেই গেমারদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। সময়ের পার্থক্যের কারণে নিউজিল্যান্ডের খেলোয়াড়রাই সবার আগে গেমটি খেলার সুযোগ পেয়েছেন। এরপর অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের গেমারদের জন্য খুলে যায় ভার্চ্যুয়াল জগতের দরজা।
মুক্তির অপেক্ষায় অনেকে আগেভাগেই ছুটি নিয়েছেন। কেউ রাত জেগে খেলার প্রস্তুতি নিয়েছেন, আবার কেউ কনসোলের অঞ্চল পরিবর্তন করে নিউজিল্যান্ডের সময় অনুসরণ করে আগেই গেমে প্রবেশের চেষ্টা করেছেন। গেমটির বিশাল আকারের কারণে নিউজিল্যান্ডের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও আগাম প্রস্তুতি নিয়েছিল।

মেটাক্রিটিকে ৯৯, সমালোচকদের প্রশংসা
মুক্তির পরপরই গেমটির পর্যালোচনা প্রকাশিত হতে শুরু করে। প্রাথমিক পর্যালোচনায় ব্যাপক প্রশংসা পেয়েছে জিটিএ ৬। পর্যালোচনাভিত্তিক ওয়েবসাইট মেটাক্রিটিকে গেমটির স্কোর দাঁড়িয়েছে ১০০-এর মধ্যে ৯৯। ১৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ১৪৭টি সমালোচকের পর্যালোচনার ভিত্তিতে এ স্কোরের কথা জানিয়েছে ফোর্বস অস্ট্রেলিয়া। এই স্কোর গেমটিকে মেটাক্রিটিকের সর্বোচ্চ রেটিং পাওয়া গেমগুলোর কাতারে নিয়ে গেছে।

গেমটির গ্রাফিকস, বিশাল পরিসরের পরিবেশ, চরিত্রের উপস্থাপন এবং গল্প বলার ধরন বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। গেমিং সংবাদমাধ্যম আইজিএন ও গেমস্পটও গেমটিকে ১০-এর মধ্যে ১০ দিয়েছে। তবে কিছু পর্যালোচনায় গল্পের অগ্রগতির গতি ও পারফরম্যান্সের কিছু সীমাবদ্ধতার কথাও উঠে এসেছে। ফলে খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি অভিজ্ঞতার ভিত্তিতে গেমটির মূল্যায়ন আরও স্পষ্ট হবে।
লুসিয়া ও জেসনের গল্পে নতুনত্ব
জিটিএ ৬-এর কাহিনির পটভূমি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে অনুপ্রাণিত কাল্পনিক অঞ্চল লিওনিডা। এর অন্যতম প্রধান শহর ভাইস সিটি, যা মিয়ামির আদলে তৈরি। গেমের কেন্দ্রীয় চরিত্র লুসিয়া কামিনোস ও জেসন ডুভাল। তারা অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়া এক যুগল। তাদের সম্পর্ক ও অপরাধজগতের নানা ঘটনা ঘিরেই এগিয়ে যাবে গল্প।

আগের সংস্করণগুলোর তুলনায় নতুন গেমে নারী প্রধান চরিত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লুসিয়া সিরিজটির ত্রিমাত্রিক সংস্করণে প্রথম নারী প্রধান চরিত্র। গেমে নাইটক্লাব, অস্ত্রের দোকান, সমুদ্রের নিচে ডুব দেওয়া, চিড়িয়াখানাসহ নানা কার্যক্রমের সুযোগ রয়েছে। ভাইস সিটির বাইরেও সমুদ্রসৈকত, মহাসড়ক, জলাভূমি ও ছোট ছোট জনপদ নিয়ে তৈরি করা হয়েছে বিস্তৃত পরিবেশ।

বিক্রির হিসাবেও বড় সাফল্যের ইঙ্গিত
গেমটি তৈরিতে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বিশ্লেষণী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির আগেই বুধবার পর্যন্ত গেমটির প্রায় ১ কোটি ৭০ লাখ কপি বিক্রি হয়েছে, যার বাজারমূল্য ১৬৫ কোটি ডলারের বেশি। এই হিসাব গেমটির বাণিজ্যিক সাফল্যের বড় ইঙ্গিত দিচ্ছে।
-20261119063638.jpeg)
গেমটির প্রকাশের পর নির্মাতা প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের শেয়ারের দামও একপর্যায়ে ৮ শতাংশের বেশি বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, জিটিএ ৬ বিনোদনজগতের অন্যতম বড় বাণিজ্যিক প্রকাশনা হয়ে উঠতে পারে।
২১২ জিবির গেম, স্ট্রিমিংয়েও ব্যাপক সাড়া
গেমটির ফাইলের আকার প্রায় ২১২ গিগাবাইট। এত বড় আকারের কারণে নিউজিল্যান্ডের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো আগেই নেটওয়ার্কের সক্ষমতা যাচাই ও প্রস্তুতি নিয়েছিল। দেশটির টেলিযোগাযোগ অবকাঠামো প্রতিষ্ঠান কোরাস জানিয়েছে, গেমটি ডাউনলোডের কারণে তাদের নেটওয়ার্কে অতিরিক্ত প্রায় ৩৫ পেটাবাইট ডেটা ব্যবহারের চাপ তৈরি হতে পারে।

অন্যদিকে, গেমটি মুক্তির পর লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচেও দর্শকের ঢল নামে। ফরাসি সংবাদমাধ্যম লে মঁদ জানিয়েছে, মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে টুইচে জিটিএ ৬-এর গেমপ্লে দেখছিলেন প্রায় ২৩ লাখ দর্শক। অনেক গেমার নিজের খেলার অভিজ্ঞতা সরাসরি সম্প্রচার করছেন, আবার অনেকে অন্যদের খেলা দেখেই প্রথম দিনের উন্মাদনায় অংশ নিচ্ছেন।
১৩ বছরের অপেক্ষার পর নতুন অধ্যায়
২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ৫ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, পুরো জিটিএ সিরিজের বিক্রি ৪৭ কোটি কপি ছাড়িয়েছে। এর মধ্যে জিটিএ ৫-এর বিক্রি ২৩ কোটি কপির বেশি। ফলে নতুন সংস্করণ ঘিরে প্রত্যাশাও ছিল অনেক বেশি।

জিটিএ ৬-এর মূল কাহিনি শেষ করতে প্রায় ৫০ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই মুক্তির প্রথম দিনেই গেমটির পূর্ণাঙ্গ মূল্যায়ন সম্ভব নয়। তবে প্রাথমিক পর্যালোচনা, বিপুল দর্শক আগ্রহ এবং বিক্রির হিসাব বলছে, ১৩ বছরের অপেক্ষার পর গেমিং দুনিয়ায় বড় ঘটনা হিসেবেই হাজির হয়েছে নতুন জিটিএ।
কালের আলো/এএএন/জেএন
