ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্য বাস্তবায়নে ‘জান বাজি রেখে’ মাঠে নামার বার্তা পাওয়া গেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মুঠোফোনে। এসব তথ্যের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
মুঠোফোনে পাওয়া গেছে দুটি বার্তা
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে দুটি গুরুত্বপূর্ণ বার্তার তথ্য পাওয়া গেছে। এর একটি বার্তায় বলা হয়েছে, ‘ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে’। অন্য বার্তায় বলা হয়েছে, ‘ডিসেম্বরে সবাই জান বাজি রেখে মাঠে নামবে’।
ডিআইজি জানান, এসব বার্তার বিষয়টি এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে। তাঁর দাবি, মুঠোফোনের ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়া গেছে।
প্রাথমিক অনুসন্ধানের পর মামলা
নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এসপি জাহাঙ্গীর আলমের যোগাযোগের অভিযোগ পাওয়ার পর তাঁর বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করে পুলিশ। অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। পরে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান ডিআইজি। তিনি আরও বলেন, জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
আরও কোনো কর্মকর্তা জড়িত কি না, তদন্তে বেরিয়ে আসবে
এ ঘটনায় পুলিশের অন্য কোনো কর্মকর্তা জড়িত রয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, বিস্তারিত তদন্তের মাধ্যমে বিষয়টি জানা যাবে। নিয়মিত মামলার তদন্ত এবং বিভাগীয় তদন্ত—দুই প্রক্রিয়াতেই সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু তথ্যের সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তের পর আরও তথ্য সামনে আসতে পারে।
ফরেনসিক পরীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যবস্থা
এসপির মুঠোফোনে থাকা বার্তাগুলোর তথ্য কীভাবে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে ডিআইজি বলেন, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমের মুঠোফোন জব্দ করা হয়। পরে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ফোনটির ফরেনসিক পরীক্ষা করা হয়।
পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর প্রতিবেদন তৈরি করা হয়। এরপর মামলা করার প্রক্রিয়া শুরু হয় বলে জানান তিনি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ও বিভাগীয় প্রক্রিয়া চলমান রয়েছে।
কালের আলো/এসএ/এমএসআইপি
