Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৪:৪৯ পিএম

ফ্যাসিবাদের দোসরদের মোকাবিলায় ডিসেম্বরজুড়ে রাজপথে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৪:৪৯ পিএম

ফ্যাসিবাদের দোসরদের মোকাবিলায় ডিসেম্বরজুড়ে রাজপথে বিএনপি

নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলায় আগামী ডিসেম্বরজুড়ে ঢাকার প্রতিটি সংসদীয় আসনে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, ফ্যাসিবাদের দোসরদের নৈরাজ্য, গুপ্ত হামলা ও জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে ডিসেম্বরের ৩০ দিনই সক্রিয় থাকবেন বিএনপির সংসদ সদস্যরা।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, দেশজুড়ে গুপ্ত হামলা, সাম্প্রতিক অগ্নিসংযোগ এবং আহত জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক মোকাবিলার আহ্বান
ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটানো হয়েছিল, আগামী ডিসেম্বরেও সবাইকে একইভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত স্বার্থ ও ভবিষ্যতের কথা বিবেচনা করে সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন সংস্থা ও বাহিনীতে এখনো রয়ে গেছে। তারা বাসে আগুন দেওয়া, পটকা ফোটানোসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এসব অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।

প্রতিদিন মাঠে থাকার প্রস্তুতি
ঢাকার নির্বাচিত সংসদ সদস্যরা প্রতিদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে রয়েছেন উল্লেখ করে ইশরাক বলেন, ডিসেম্বরের ৩০ দিনই তাঁরা মাঠে থেকে ফ্যাসিবাদের দোসরদের জবাব দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, আগামী মাসে ঢাকার প্রতিটি সংসদীয় আসনে প্রতিদিন কঠোর অবস্থানে থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। যারা কোনো ধরনের আঁতাতের চেষ্টা করবে, তাদের আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এসব পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয় উল্লেখ করে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন ইশরাক।

প্রধানমন্ত্রীর মূল্যায়নের আশ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, প্রধানমন্ত্রী সবাইকে যথাসময়ে মূল্যায়ন করবেন। একটি ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর সেটি মেরামতে তাঁকে কিছুটা সময় দিতে হবে।

তৃণমূলের মিছিলে উপস্থিত শেষ ব্যক্তিকেও মূল্যায়নের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন, তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি
জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে ইশরাক বলেন, দেশব্যাপী নিজেদের সংগঠন শক্তিশালী করতে হবে। তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী তাঁকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তিনি নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য নেওয়া কার্যক্রমগুলো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। এখনো যারা জুলাই যোদ্ধা হিসেবে নিবন্ধন পাননি, তাঁদের নিবন্ধনের বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

ইশরাক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংঘটিত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরের প্রতিদিন রাজপথে কঠোর অবস্থানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!