আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে সংস্থাটির সঙ্গে সরকারের আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে ওয়ার্কিং গ্রুপের কাজ
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের নতুন প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে। এরপর নতুন কর্মসূচি নিয়ে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, আইএমএফের কর্মসূচি থেকে শর্তের কারণে বাংলাদেশ পিছিয়ে যায়নি। বরং আগের সরকারের সময়ে সংস্থাটির সঙ্গে করা কর্মসূচিতে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।
অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত
আমির খসরু বলেন, সব সিদ্ধান্ত রাতারাতি বাস্তবায়ন করতে গেলে এমন কিছু পদক্ষেপ নিতে হতে পারে, যার ভোগান্তি জনগণকে পোহাতে হবে। এতে অর্থনীতি ও ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই প্রয়োজনীয় সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনৈতিক কাঠামো সাজাতে হবে।
উন্নয়ন পরিকল্পনায় অংশীদারদের সমন্বয়ের ওপর গুরুত্ব
অর্থমন্ত্রী জানান, সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো অংশীদাররা সরকারের পরিকল্পনার সঙ্গে সমন্বয় করছে। আইএমএফও এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে।
তিনি বলেন, সব উন্নয়ন অংশীদার সরকারের কর্মসূচির সঙ্গে সমন্বিতভাবে কাজ না করলে পরিকল্পনাগুলো বাস্তবায়ন কঠিন হবে। তাই অর্থনৈতিক কাঠামো ও উন্নয়ন পরিকল্পনায় সবার মধ্যে সমন্বয় প্রয়োজন।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
