Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৪:৫৬ পিএম

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পোশাকশিল্পে বাড়াতে হবে কমপ্লায়েন্স

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৪:৫৬ পিএম

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পোশাকশিল্পে বাড়াতে হবে কমপ্লায়েন্স

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন বাণিজ্যিক ও পরিবেশগত মানদণ্ড। এসব শর্ত পূরণে শিল্পকারখানাগুলোকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। কমপ্লায়েন্সকে কেবল নিয়ম মেনে চলার বিষয় হিসেবে দেখলে চলবে না; বরং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম কৌশল হিসেবে বিবেচনা করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ (এসসিএআইপি) প্রকল্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় ও এসসিএআইপি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ (এসটিআইএলইআইআই) প্রকল্প।

রপ্তানি আয়ের বড় অংশ পোশাকশিল্প থেকে
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকে। এ খাত লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, বিশেষ করে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে দেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে।

তাই এ খাতের সক্ষমতা ধরে রাখা শুধু শিল্পমালিক বা রপ্তানিকারকদের স্বার্থের বিষয় নয়, বরং জাতীয় অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে হলে উৎপাদনের মান, শ্রমিকদের নিরাপত্তা এবং পরিবেশগত দায়িত্বশীলতার ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত যে অগ্রগতি অর্জিত হয়েছে, তা কেবল একটি ভিত্তি। এটিকে চূড়ান্ত সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই। একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিক এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে আরও এগিয়ে যেতে হবে।

ইইউর নতুন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যের তাগিদ
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন পণ্য উৎপাদনের পাশাপাশি কারখানার কর্মপরিবেশ এবং উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিচ্ছে। নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তাদের প্রত্যাশা বাড়ছে।

বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নীতিমালা ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের কারখানাগুলোকে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে। আন্তর্জাতিক বাজারের এসব শর্ত পূরণে পিছিয়ে থাকলে রপ্তানি প্রতিযোগিতায় চ্যালেঞ্জ বাড়বে।

বাণিজ্যমন্ত্রীর মতে, নতুন মানদণ্ড পূরণে শিল্পকারখানার সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। এ জন্য উৎপাদন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কার্যক্রম সম্প্রসারণে উদ্যোগ নিতে হবে।

ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগ
দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, নীতিগত অগ্রাধিকার নির্ধারণ, প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা এবং লজিস্টিকস ব্যয় কমানোর বিষয়ে সরকার কাজ করছে।

পাশাপাশি লাইসেন্স গ্রহণ, কমপ্লায়েন্স-সংক্রান্ত কার্যক্রম এবং বন্দরসংক্রান্ত অনুমোদন দ্রুত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্রক্রিয়া সহজ হলে শিল্পকারখানার পরিচালন ব্যয় কমবে এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। এ সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে বিদ্যমান বাণিজ্য সুবিধা ধরে রাখার পাশাপাশি নতুন বাণিজ্যিক ও পরিবেশগত মানদণ্ড পূরণে শিল্প খাতকে প্রস্তুত করতে হবে।

পানি, জ্বালানি ও রাসায়নিক ব্যবহারে দক্ষতা বাড়ানোর উদ্যোগ
অনুষ্ঠানে এসসিএআইপি প্রকল্পের আওতায় কারখানাগুলোতে স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ ব্যবস্থার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় পানি, জ্বালানি ও রাসায়নিকের ব্যবহার নিয়মিত পর্যবেক্ষণ এবং সেগুলোর দক্ষ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

সংশ্লিষ্টরা জানান, কারখানায় সম্পদের অপচয় কমানো গেলে একদিকে পরিবেশদূষণ নিয়ন্ত্রণ করা যাবে, অন্যদিকে উৎপাদন ও পরিচালন ব্যয়ও কমবে। ফলে পরিবেশগত দায়িত্ব পালনের পাশাপাশি কারখানার ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

এ ছাড়া বাংলাদেশ বয়লার কোড বাস্তবায়ন, ডিজিটাল পরিদর্শন ব্যবস্থা, ইটিপির অনলাইন পর্যবেক্ষণ এবং ডিজিটাল পরিবেশগত ছাড়পত্রের মতো উদ্যোগ নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে পণ্যের উৎস ও উৎপাদন প্রক্রিয়া অনুসরণযোগ্য করতে ট্রেসেবিলিটি কৌশল এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপযোগী তথ্যব্যবস্থা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়।

সরকারি-বেসরকারি অংশীদারত্ব অপরিহার্য
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, নিরাপদ, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্প খাত গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও শক্তিশালী করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিল্পমালিক, শ্রমিক, সরকারি প্রতিষ্ঠান, ক্রেতা ও উন্নয়ন সহযোগীদের নিজ নিজ দায়িত্ব নিশ্চিত করতে হবে।

তাঁদের মতে, কমপ্লায়েন্সকে শুধু ব্যয় বা আনুষ্ঠানিক নিয়ম পালনের বিষয় হিসেবে দেখলে চলবে না। সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এটি উৎপাদনশীলতা বাড়ানো, পরিবেশগত ঝুঁকি কমানো এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সক্ষমতা ধরে রাখার কার্যকর হাতিয়ার হতে পারে।

জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের অর্থায়নে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের মাধ্যমে এসসিএআইপি ও এসটিআইএলইআইআই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসসিএআইপি প্রকল্পের পৃষ্ঠপোষক বাণিজ্য মন্ত্রণালয় এবং বাস্তবায়নকারী অংশীদার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ প্রকল্প বস্ত্র খাতে নিরাপত্তা, শ্রম ও পরিবেশগত মানদণ্ড পর্যবেক্ষণে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) সক্ষমতা বাড়াতে সহায়তা করছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরএসসি, বিজিএমইএ ও বিকেএমইএর নেতা, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, আন্তর্জাতিক ক্রেতা ব্র্যান্ড এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএ/এমএএইচ

Link copied!