দেশের স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্পের উন্নয়নে পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তাঁর মতে, জিনোম সিকোয়েন্সিং, প্রিসিশন মেডিসিন ও আধুনিক রোগ নির্ণয় পদ্ধতির সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিশ্বমানের চিকিৎসাসেবার আঞ্চলিক কেন্দ্রে পরিণত হতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) প্রধান কার্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘ট্রেনিং কোর্স অন পিইটি-সিটি অ্যান্ড সাইক্লোট্রন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিনোম সিকোয়েন্সিংয়ের যথাযথ ব্যবহার জরুরি
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বলেন, দেশে জিনোম সিকোয়েন্সিংয়ের পর্যাপ্ত সুবিধা থাকলেও তা যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না। ক্যানসারসহ বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসায় প্রিসিশন মেডিসিনের সুযোগ পুরোপুরি কাজে লাগানো প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতে উন্নত রোগ নির্ণয় এবং ব্যক্তিভিত্তিক চিকিৎসাসেবা চালুর মাধ্যমে বাংলাদেশ বিশ্বমানের আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠতে পারে।
ওষুধ আবিষ্কার ও রপ্তানিতে সম্ভাবনা
আনোয়ার হোসেন আরও বলেন, প্রতিরোধমূলক ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার পাশাপাশি দেশের তরুণ জনগোষ্ঠী ও মেধাবী চিকিৎসকদের কাজে লাগিয়ে নতুন ওষুধ আবিষ্কার এবং শিল্পের বিকাশ ঘটাতে হবে।
যথাযথ পরিকল্পনা ও আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করা গেলে তুলনামূলক কম খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা দেওয়া এবং ওষুধ তৈরি সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এসব ওষুধ দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন সচিব।
তিনি বলেন, এ প্রশিক্ষণ কোর্স তরুণ চিকিৎসক ও গবেষকদের দক্ষতা বাড়াবে। একই সঙ্গে পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সঠিক প্রয়োগ দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন যারা
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (বায়োসায়েন্স) ড. মাহফুজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিশনের মানবসম্পদ বিভাগের পরিচালক এ. এস. এম. হাবিব উল্লাহ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (ইনমাস) পরিচালক অধ্যাপক ড. জিনাত জাবিন।
কালের আলো/এসকে/এমএসআইপি
