ঝকঝকে, মসৃণ ও কাচের মতো স্বচ্ছ ত্বক—‘গ্লাস স্কিন’ নামে পরিচিত এই সৌন্দর্যধারণা বিশ্বজুড়ে জনপ্রিয়। আর এমন ত্বক পেতে কোরিয়ান স্কিনকেয়ার বা ‘কে-বিউটি’র প্রতি আগ্রহ বাড়ছে অনেকের। তবে কোরিয়ান রূপচর্চার ১০ ধাপের কথা শুনে অনেকেই মনে করেন, প্রতিদিন এত কিছু ব্যবহার করা বেশ কঠিন। আসলে বিষয়টি তেমন নয়। ত্বকের ধরন ও প্রয়োজন বুঝে কয়েকটি ধাপ অনুসরণ করেও ত্বকের আর্দ্রতা ও স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখা সম্ভব।
ধাপ ১: অয়েল ক্লিনজার দিয়ে শুরু
দিনশেষে ত্বকে জমে থাকা মেকআপ, সানস্ক্রিন ও অতিরিক্ত তেল দূর করতে অয়েল ক্লিনজার ব্যবহার করা হয়। এটি ত্বকের তেলজাতীয় ময়লা আলগা করে পরিষ্কার করতে সাহায্য করে। ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক না করেই মুখ পরিষ্কার রাখা যায়।
ধাপ ২: ওয়াটার-বেসড ক্লিনজার
অয়েল ক্লিনজারের পর পানিভিত্তিক বা ফোম ক্লিনজার দিয়ে মুখ ধুতে হয়। এতে ঘাম, ধুলাবালি ও অবশিষ্ট ময়লা দূর হয়। পরপর দুই ধরনের ক্লিনজার ব্যবহারের এই পদ্ধতিকে বলা হয় ‘ডাবল ক্লিনজিং’। বিশেষ করে রাতে মেকআপ বা সানস্ক্রিন ব্যবহারের পর এটি কাজে আসতে পারে।
ধাপ ৩: এক্সফোলিয়েটর ব্যবহার
ত্বকের উপরিভাগে জমে থাকা মৃত কোষ সরিয়ে মসৃণতা ফিরিয়ে আনতে এক্সফোলিয়েটর ব্যবহার করা হয়। তবে প্রতিদিন এক্সফোলিয়েশন করা উচিত নয়। সাধারণত সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করা যেতে পারে। সংবেদনশীল ত্বক হলে আরও সতর্ক থাকা প্রয়োজন।
ধাপ ৪: টোনার দিয়ে আর্দ্রতা যোগ
মুখ পরিষ্কারের পর টোনার ব্যবহার করলে ত্বকে অতিরিক্ত আর্দ্রতা যোগ হয়। কোরিয়ান স্কিনকেয়ারে ব্যবহৃত অনেক টোনার ত্বককে কোমল ও সতেজ রাখতে সহায়তা করে। পরবর্তী স্কিনকেয়ার পণ্য ব্যবহারের আগে এটি ত্বককে প্রস্তুত করতেও সাহায্য করে।
ধাপ ৫: এসেন্সের ব্যবহার
কোরিয়ান রূপচর্চার অন্যতম পরিচিত উপাদান হলো এসেন্স। এটি সাধারণত টোনারের চেয়ে কিছুটা ঘন এবং সিরামের তুলনায় হালকা হয়। ত্বকে আর্দ্রতা জোগানো ও ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে এসেন্স ব্যবহার করা হয়।
ধাপ ৬: ত্বকের সমস্যা বুঝে সিরাম
ব্রণ, কালো দাগ, অসম রং, বলিরেখা কিংবা শুষ্কতার মতো নির্দিষ্ট সমস্যা মোকাবিলায় সিরাম বা অ্যাম্পুল ব্যবহার করা হয়। এতে নির্দিষ্ট কার্যকর উপাদান তুলনামূলক বেশি ঘনত্বে থাকতে পারে। তাই নিজের ত্বকের প্রয়োজন বুঝে উপযুক্ত সিরাম বেছে নেওয়া জরুরি।
ধাপ ৭: শিট মাস্কে বাড়তি যত্ন
ত্বককে সতেজ ও আর্দ্র রাখতে শিট মাস্ক ব্যবহার করা হয়। সিরামসমৃদ্ধ এই পাতলা মাস্ক সাধারণত ১৫ থেকে ২০ মিনিট মুখে রাখা হয়। সপ্তাহে এক বা দুই দিন ব্যবহার করলে ত্বকে সাময়িক কোমলতা ও সতেজতা আসতে পারে।
ধাপ ৮: চোখের চারপাশে আই ক্রিম
চোখের চারপাশের ত্বক তুলনামূলক পাতলা ও সংবেদনশীল। তাই এই অংশের যত্নে আই ক্রিম ব্যবহার করা হয়। অনামিকা আঙুল দিয়ে হালকা চাপের মাধ্যমে ক্রিম লাগানো ভালো। তবে ডার্ক সার্কেল বা ফোলাভাবের কারণ ভেদে এর কার্যকারিতা ভিন্ন হতে পারে।
ধাপ ৯: ময়েশ্চারাইজার দিয়ে আর্দ্রতা ধরে রাখা
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের ধাপগুলোতে ব্যবহৃত পণ্যের পর ত্বকে ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। তৈলাক্ত ত্বকের জন্য হালকা জেল এবং শুষ্ক ত্বকের জন্য তুলনামূলক ঘন ক্রিম ব্যবহার করা যেতে পারে।
ধাপ ১০: সানস্ক্রিনে ত্বকের সুরক্ষা
সকালের স্কিনকেয়ারের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সানস্ক্রিন। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি, কালো দাগ ও অকাল বার্ধক্যের ঝুঁকি বাড়াতে পারে। তাই প্রতিদিন অন্তত এসপিএফ ৩০ যুক্ত ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা উচিত। বাইরে থাকলে প্রয়োজন অনুযায়ী পুনরায় লাগাতে হবে।
১০ ধাপ কি প্রতিদিনই মানতে হবে?
বিশেষজ্ঞদের মতে, কোরিয়ান স্কিনকেয়ারের ১০টি ধাপ প্রতিদিন অনুসরণ করা বাধ্যতামূলক নয়। বরং ত্বকের ধরন, সমস্যা ও প্রয়োজন অনুযায়ী রূপচর্চার ধাপ বেছে নেওয়াই ভালো। প্রতিদিন ক্লিনজার, ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করেও ত্বকের যত্ন নেওয়া সম্ভব। অতিরিক্ত পণ্য ব্যবহার করলে কারও কারও ত্বকে জ্বালাপোড়া, অ্যালার্জি বা ব্রণের সমস্যা দেখা দিতে পারে।
তাই গ্লাস স্কিন পাওয়ার জন্য একসঙ্গে অনেক প্রসাধনী ব্যবহার না করে নিয়মিত ও উপযুক্ত পরিচর্যায় গুরুত্ব দেওয়া উচিত। সুস্থ ত্বকের মূল চাবিকাঠি হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আর্দ্রতা এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা।
কালের আলো/এসএ/জেএন








-20261124133059.jpg)


-20261121140412.jpg)








