শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে রক্তের লাল কণিকায় থাকা হিমোগ্লোবিন। তাই শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে রক্তে পর্যাপ্ত হিমোগ্লোবিন থাকা জরুরি। তবে পুষ্টির ঘাটতি কিংবা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে এর মাত্রা কমে যেতে পারে। এতে দৈনন্দিন জীবনযাত্রায় দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা।
হিমোগ্লোবিন কমে গেলে অল্প পরিশ্রমেই ক্লান্তি, দুর্বলতা, মাথাব্যথা, মাথা ঘোরা ও শ্বাসকষ্ট হতে পারে। কারও কারও ক্ষেত্রে ক্ষুধামান্দ্য এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো লক্ষণও দেখা যায়। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দেখা দিতে পারে।
ভারতের ফর্টিস হাসপাতালের চিকিৎসক মনোজ কে আহুজার মতে, শরীরে লৌহ বা আয়রনের প্রয়োজন সবারই রয়েছে। তবে নারীদের মাসিকের সময়, গর্ভাবস্থায়, শিশুদের বেড়ে ওঠার পর্যায়ে এবং অসুস্থতা থেকে সেরে ওঠার সময় আয়রনের চাহিদা আরও বেড়ে যায়।
হিমোগ্লোবিন তৈরিতে আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিড ও ভিটামিন সিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এসব পুষ্টি উপাদানসমৃদ্ধ খাবার রাখা প্রয়োজন।
আয়রনের ঘাটতি পূরণে যেসব খাবার খাবেন
হিমোগ্লোবিন তৈরির অন্যতম প্রয়োজনীয় উপাদান আয়রন। শরীরে এই খনিজের পর্যাপ্ত সরবরাহ না থাকলে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। এ জন্য খাদ্যতালিকায় মুরগির কলিজা, ডিম, ঝিনুক, কুমড়ার বিচি, খেজুর ও কিশমিশ রাখতে পারেন। এসব খাবার শরীরে আয়রনের চাহিদা পূরণে সহায়তা করে।
আয়রন শোষণে সহায়তা করে ভিটামিন সি
শুধু আয়রনসমৃদ্ধ খাবার খেলেই হবে না, শরীর যেন খাবার থেকে আয়রন যথাযথভাবে শোষণ করতে পারে, সেটিও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ভিটামিন সি কার্যকর ভূমিকা রাখে।
কমলা, লেবু, পেঁপে, স্ট্রবেরি, টমেটো ও ব্রকোলির মতো ফলমূল ও সবজিতে ভিটামিন সি পাওয়া যায়। তাই আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি-যুক্ত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
লাল রক্তকণিকা তৈরিতে ফলিক অ্যাসিড
রক্তের লাল কণিকা তৈরির প্রক্রিয়ায় ফলিক অ্যাসিড বা ভিটামিন বি৯ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উপাদানের ঘাটতি হলে রক্তকণিকা তৈরিতে সমস্যা দেখা দিতে পারে। পালংশাকসহ বিভিন্ন সবুজ পাতাযুক্ত শাকসবজি, কলিজা, শিমের বিচি, বাদাম, কলা ও ব্রকোলি থেকে ফলিক অ্যাসিড পাওয়া যায়।
খাদ্যতালিকায় রাখতে পারেন বিট
বিটে রয়েছে ফোলেট, ফাইবার, পটাশিয়ামসহ বিভিন্ন পুষ্টি উপাদান। এটি সালাদ হিসেবে কিংবা রান্না করে খাওয়া যায়। অনেকে বিটের রসও পান করেন। তবে বিট খেলেই হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যাবে, এমন ধারণার যথেষ্ট বৈজ্ঞানিক ভিত্তি নেই। পুষ্টিকর খাবার হিসেবে এটি খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
প্রতিদিনের ফলের তালিকায় রাখুন আপেল
আপেলে রয়েছে আঁশ, বিভিন্ন ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এতে অল্প পরিমাণ আয়রনও পাওয়া যায়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে নিয়মিত আপেল খেতে পারেন। খোসাসহ আপেল খেলে শরীরে আঁশের জোগানও বাড়বে।
পুষ্টিগুণে সমৃদ্ধ ডালিম
ডালিমে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট। এতে কিছু পরিমাণ আয়রনও পাওয়া যায়। ফলটি সরাসরি খেলে আঁশ পাওয়া যায়, যা শুধু রস পান করলে পাওয়া সম্ভব নয়। তাই ডালিমের জুসের পরিবর্তে গোটা ফল খাওয়াই ভালো।
খাবারের পাশাপাশি প্রয়োজন সচেতনতা
হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখতে বিচিত্র ও সুষম খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। তবে রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার পেছনে শুধু পুষ্টির ঘাটতিই দায়ী নয়। আয়রন, ভিটামিন বি১২ বা ফলিক অ্যাসিডের অভাব ছাড়াও বিভিন্ন শারীরিক কারণে এ সমস্যা হতে পারে।
দীর্ঘদিন ক্লান্তি, দুর্বলতা কিংবা শ্বাসকষ্ট অনুভব করলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা করে হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রকৃত কারণ নির্ণয় করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়রন ট্যাবলেট বা সাপ্লিমেন্ট গ্রহণ করা ঠিক নয়। সুস্থ থাকতে সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার দিকেও নজর দেওয়া প্রয়োজন।
কালের আলো/এসএ/জেএন




















-20261119145050.jpg)