জনপ্রিয় অভিনেতা সোহেল খানকে শেষবারের মতো দেখতে তাঁর পৈতৃক বাড়িতে ভিড় জমিয়েছেন শত শত মানুষ। ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে তাঁর মরদেহ পৌঁছানোর পর তৈরি হয় শোকাবহ পরিবেশ। প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে আশপাশের কয়েকটি গ্রাম থেকেও ছুটে আসেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ।
মরদেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে অ্যাম্বুল্যান্সে করে সোহেল খানের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। মরদেহবাহী গাড়িটি বাড়ির আঙিনায় প্রবেশ করতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা। তাঁদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো বাড়ির পরিবেশ।
অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁকে শেষবারের মতো দেখতে বাড়ির সামনে অপেক্ষা করছিলেন স্থানীয় বাসিন্দারা। নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ নানা বয়সী মানুষের উপস্থিতিতে বাড়ির আশপাশে ভিড় জমে।
শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন ভক্তরা
দীর্ঘদিনের পরিচিত এই অভিনেতাকে হারিয়ে শোকাহত তাঁর নিজ এলাকার মানুষ। অনেকেই তাঁর সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বজনদের পাশাপাশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় শোকের আবহ তৈরি হয় রাজাপুর গ্রামে।
সোহেল খানের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি ধামরাইয়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বাবার কবরের পাশেই হবে দাফন
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সোহেল খানের জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান, চার বোনসহ অসংখ্য স্বজন, গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।
শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার একটি হোটেলে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল সোহেল খানের। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। তবে হোটেলকক্ষ থেকে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এই অভিনেতা।
পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী, ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।
কালের আলো/এসএ/জেএন



-20261124133059.jpg)




-20261124114621.jpg)

-20261124112249.jpg)
-20261121140412.jpg)







