Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৮:০০ পিএম

ছাত্রীদের উপবৃত্তি নিয়ে নতুন নির্দেশনা সরকারের

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৮:০০ পিএম

ছাত্রীদের উপবৃত্তি নিয়ে নতুন নির্দেশনা সরকারের

সরকারি উপবৃত্তির আওতায় আসছেন দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমান পর্যায়ের সব ছাত্রী। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন ব্যবস্থায় উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী অথবা তাঁর অভিভাবকের হিসাবে পাঠানো হবে।

তবে আগে থেকেই সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অর্থ পাচ্ছে, অথবা নির্ধারিত সফটওয়্যারে যেসব ছাত্রীর তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, তাঁদের নতুন করে হিসাব খুলতে হবে না। অন্যদিকে, এখনো উপবৃত্তি না পাওয়া ছাত্রীদের প্রয়োজনীয় হিসাব খুলতে হবে।

শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত
১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত ছাত্রীদের সর্বজনীনভাবে উপবৃত্তি দেওয়া হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে। 

নতুন করে হিসাব খুলতে হবে যাদের
সরকারি উপবৃত্তির অর্থ জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের হিসাবে পাঠানো হবে। এ জন্য শিক্ষার্থী অথবা তাঁর অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।

যেসব ছাত্রীর নাম ইতিমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে অথবা যারা উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। তবে এখনো উপবৃত্তির আওতায় না আসা ছাত্রীদের নিজেদের অথবা অভিভাবকের নামে প্রয়োজনীয় হিসাব খুলতে হবে।

মোবাইল ব্যাংকিংয়ে উপবৃত্তি পেতে বিশেষ শর্ত
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ নিতে হলে শিক্ষার্থীর বাবা অথবা মায়ের অন্তত একজন জীবিত থাকতে হবে। এ ক্ষেত্রে যাঁকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সিম নিবন্ধন করতে হবে। একই ব্যক্তির নামে মোবাইল ব্যাংকিং হিসাবও খুলতে হবে।

অর্থাৎ, উপবৃত্তির আবেদনে বাবাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হলে বাবার এনআইডি ব্যবহার করে সিম নিবন্ধন করতে হবে। এরপর ওই এনআইডির তথ্য দিয়েই বাবার নামে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। সিম ও হিসাবের মালিকানায় তথ্যের অমিল থাকলে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।

বাবা-মা না থাকলে যেভাবে হিসাব খুলতে হবে
শিক্ষার্থীর বাবা-মা কেউ জীবিত না থাকলে আপন ভাই-বোন, দাদা-দাদি কিংবা নানা-নানির মধ্যে একজন অভিভাবক হতে পারবেন। এ ক্ষেত্রে বিকল্প অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে শিক্ষার্থীর নামে ব্যাংক বা স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং নির্ধারিত আত্মীয়দের কেউ না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অন্য একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দিতে পারবেন। ওই প্রত্যয়নপত্র এইচএসপি-এমআইএস সফটওয়্যারে আপলোড করতে হবে। এ ধরনের শিক্ষার্থীরা নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে। 

১৮ বছর পূর্ণ হলে হিসাব হালনাগাদ করতে হবে
শিক্ষার্থীর নামে খোলা স্কুল ব্যাংকিং হিসাবের ক্ষেত্রেও বয়সসংক্রান্ত নির্দেশনা রয়েছে। কোনো শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। এ অবস্থায় তাঁকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব হালনাগাদ করতে হবে।

এ ছাড়া হিসাব খোলার সময় গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি ফরম যথাযথভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না। 

নতুন শিক্ষাপ্রতিষ্ঠানও যুক্ত হতে পারবে
সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির সুযোগ রাখা হয়েছে। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদনপ্রাপ্ত যেসব প্রতিষ্ঠানের বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) দেওয়া ইআইআইএন নম্বর রয়েছে, সেগুলো এ কর্মসূচিতে যুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবে।

এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে কর্মসূচির স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সমস্যা হলে যোগাযোগের নির্দেশনা
উপবৃত্তি কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমাধানের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় সহায়তার জন্য mis.hsp@pmeat.gov.bd ই-মেইল ঠিকানা ব্যবহার করা যাবে।

নির্দেশনায় উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি অবহিত করার পাশাপাশি উপবৃত্তি-সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

কালের আলো/এসএ/এমএসআইপি

Link copied!