যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান। ১৭ বছর বয়সেই ২০২৬ মৌসুমের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে এই স্বীকৃতি পাওয়ার কীর্তি গড়েছেন তিনি।
সবচেয়ে কম বয়সে পুরস্কার জয়ের রেকর্ড
২০২০ সালে রুকি অব দ্য ইয়ার পুরস্কারের পরিবর্তে অনূর্ধ্ব-২২ বছর বয়সী খেলোয়াড়দের জন্য চালু করা হয় বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে এই স্বীকৃতি পেয়েছেন কাভান।
এর আগে সবচেয়ে কম বয়সে এই পুরস্কার জয়ের রেকর্ড ছিল রিকার্ডো পেপির। ২০২১ সালে ১৮ বছর ৩১৩ দিন বয়সে পুরস্কারটি জিতেছিলেন তিনি। এবার পেপির সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান।
ভোটের ব্যবধানেও প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে
ফিলাডেলফিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বর্ষসেরা তরুণের পুরস্কার জিতেছেন কাভান। ক্লাবের কারিগরি বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও খেলোয়াড়দের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।
ভোটের হিসাবেও প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে ছিলেন এই তরুণ। মোট ভোটের ৬৫ দশমিক ০৫ শতাংশ পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল পেয়েছেন ১০ দশমিক ৯৮ শতাংশ ভোট। তৃতীয় স্থানে থাকা একই ক্লাবের আদি মেহমেতি পেয়েছেন ৫ দশমিক ৯৮ শতাংশ।
প্রথম পূর্ণাঙ্গ মৌসুমেই রেকর্ড গড়া পারফরম্যান্স
এমএলএসে নিজের প্রথম পূর্ণাঙ্গ মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কাভান। নিয়মিত মৌসুমে ২৯ ম্যাচ খেলে করেছেন ৯ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪ গোল। সব মিলিয়ে ২৩ গোলে অবদান রেখেছেন তিনি, যা এক মৌসুমে কোনো কিশোর ফুটবলারের সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ড।
এ ছাড়া টানা ১০ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করেছেন কাভান। এমএলএসের ইতিহাসে কিশোর খেলোয়াড়দের মধ্যে এটিই দীর্ঘতম ধারাবাহিকতা। গত সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। মাত্র ১৭ বছর দুই দিন বয়সে এই স্বীকৃতি পেয়ে লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মাসসেরা খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন।
জাতীয় দলেও একের পর এক কীর্তি
ক্লাবের হয়ে সাফল্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন কাভান। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান তিনি। পেরুর বিপক্ষে অভিষেক ম্যাচেই শুরুর একাদশে জায়গা করে নেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় কম বয়সী খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে ম্যাচ শুরুর রেকর্ড গড়েন।
এরপর জাতীয় দলের হয়ে আরও তিনটি ম্যাচ খেলেছেন এই তরুণ। মেক্সিকোর বিপক্ষে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতার রেকর্ডও নিজের করে নেন তিনি। গোল করার সময় তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর পাঁচ দিন।
ক্লাব ও জাতীয় দল—দুই পর্যায়েই একের পর এক রেকর্ড গড়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের অবস্থান শক্ত করছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান।
কালের আলো/এসএ/এএইচ


-20261124133059.jpg)




-20261124114621.jpg)

-20261124112249.jpg)

-20261121140412.jpg)








