নারীদের জীবনের স্বাভাবিক একটি পর্যায় মেনোপজ বা রজোনিবৃত্তি। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে এ পরিবর্তন ঘটে। এ সময় মাসিক স্থায়ীভাবে বন্ধ হওয়ার পাশাপাশি শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা দেয়। হরমোনের তারতম্যের কারণে শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে। অনেক নারী এ সময়ে অতিরিক্ত উদ্বেগ, খিটখিটে মেজাজ, অস্থিরতা ও দুশ্চিন্তায় ভুগতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, মেনোপজের সময় এসব পরিবর্তনকে অবহেলা করা উচিত নয়। জীবনযাপনে কিছু ইতিবাচক অভ্যাস এবং পরিবারের সহযোগিতা এ সময় নারীদের মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করতে পারে।
কেন বাড়ে উদ্বেগ ও মানসিক অস্থিরতা
মেনোপজের সময় নারীদের শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের মাত্রা কমতে থাকে। এ হরমোনগুলো মস্তিষ্কের মেজাজ নিয়ন্ত্রণকারী উপাদান, যেমন সেরোটোনিনের ওপর প্রভাব ফেলে। ফলে অনেকের মধ্যে মানসিক অস্থিরতা, উদ্বেগ ও মেজাজের পরিবর্তন দেখা দিতে পারে।
এ ছাড়া এ সময় শারীরিক অস্বস্তিও মানসিক চাপ বাড়ানোর অন্যতম কারণ। হঠাৎ শরীরে তীব্র গরম অনুভূত হওয়া বা হট ফ্ল্যাশ এবং রাতে অতিরিক্ত ঘামের কারণে ঘুমের ব্যাঘাত ঘটে। নিয়মিত পর্যাপ্ত ঘুম না হলে দুশ্চিন্তা ও মানসিক চাপ আরও বেড়ে যেতে পারে।
পারিবারিক ও সামাজিক চাপও প্রভাব ফেলে
মেনোপজের সময় শারীরিক পরিবর্তনের পাশাপাশি নারীদের জীবনে নানা সামাজিক ও পারিবারিক পরিবর্তন আসে। সন্তান বড় হয়ে দূরে চলে যাওয়া, ক্যারিয়ারে পরিবর্তন কিংবা একাকিত্বের কারণে অনেক নারী মানসিক চাপে ভোগেন।
অন্যদিকে শরীরের গঠন পরিবর্তন, ওজন বৃদ্ধি এবং ভবিষ্যৎ স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থেকেও আত্মবিশ্বাস কমে যেতে পারে। এসব বিষয় একসঙ্গে কাজ করে মানসিক অস্থিরতা বাড়াতে পারে।
মানসিক সুস্থতায় যেসব অভ্যাস জরুরি
মেনোপজের সময় মানসিক চাপ কমাতে নিয়মিত কিছু অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন কিংবা যোগব্যায়াম মন শান্ত রাখতে সহায়তা করতে পারে।
পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ, অতিরিক্ত চিনি ও ক্যাফেইন কম খাওয়া এবং নিয়মিত হালকা হাঁটার অভ্যাস শরীর ও মন ভালো রাখতে ভূমিকা রাখে। নিজের পছন্দের কাজ বা শখের চর্চা এবং ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানোও মানসিক চাপ কমাতে সহায়ক।
পরিবারের সহযোগিতা গুরুত্বপূর্ণ
মেনোপজের সময় নারীদের প্রতি পরিবারের সদস্যদের সহানুভূতিশীল আচরণ করা প্রয়োজন। মেজাজের পরিবর্তন বা উদ্বেগ দেখা দিলে তা অবহেলা না করে ধৈর্য ধরে কথা শুনতে হবে। তিনি যা অনুভব করছেন, তা স্বাভাবিক শারীরিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত হতে পারে—এ বিষয়ে তাঁকে আশ্বস্ত করাও জরুরি।
শারীরিক ক্লান্তি ও অস্বস্তির সময়ে ঘরের কাজে সহযোগিতা করলে বিশ্রামের সুযোগ তৈরি হয়। এ সময় তাঁর আচরণকে ব্যক্তিগতভাবে না নিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করা উচিত।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
মেনোপজের সময় উদ্বেগ বা শারীরিক সমস্যার মাত্রা বেড়ে গেলে কিংবা দৈনন্দিন জীবন ব্যাহত হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এসব সমস্যা নিয়ে সংকোচ বা লজ্জা পাওয়ার কিছু নেই। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে এ সময়ের অস্বস্তি নিয়ন্ত্রণ করা সম্ভব।
কালের আলো/এসএ/জেএন




















-20261119145050.jpg)