মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ। অন্যদিকে বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।
মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে গৃহীত হয়। প্রস্তাবটির মূল লক্ষ্য বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখা এবং পর্যায়ক্রমে এ শাস্তির বিধান বিলুপ্তির দিকে অগ্রসর হওয়া।
প্রস্তাবের বিপক্ষে ভারতসহ ৩৩ দেশ
জাতিসংঘের সাধারণ পরিষদে মেক্সিকোর উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩৩টি দেশ। বিপক্ষে অবস্থান নেয় ৩৩টি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার ও সৌদি আরব। বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত থাকে।
প্রস্তাবে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি দেশের নিজস্ব আইনব্যবস্থা এবং শাস্তি নির্ধারণের অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের আহ্বান
প্রস্তাবে জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এর চূড়ান্ত লক্ষ্য হলো মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা। যেসব দেশ ইতোমধ্যে আইন থেকে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করেছে, তাদের পুনরায় এ শাস্তি চালু না করার আহ্বানও জানানো হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে এ শাস্তি কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ।
শিশু ও বিশেষ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ
প্রস্তাবে অপরাধ সংঘটনের সময় যাদের বয়স ১৮ বছরের কম ছিল, তাদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কারও অপরাধ সংঘটনের সময় বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব না হলেও মৃত্যুদণ্ড কার্যকর না করার কথা বলা হয়েছে। এ ছাড়া গর্ভবতী নারী, মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে।
মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের পরিধি কমানোর আহ্বান
মৃত্যুদণ্ডের বিধান সীমিত করার অংশ হিসেবে কোন কোন অপরাধে এ শাস্তি দেওয়া যেতে পারে, সেই অপরাধের সংখ্যা কমানোর কথা বলা হয়েছে প্রস্তাবে। পাশাপাশি কোনো অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের এ প্রস্তাবের মাধ্যমে মৃত্যুদণ্ডের ব্যবহার কমানো, মানবাধিকার সুরক্ষা এবং শেষ পর্যন্ত বিশ্বজুড়ে এ শাস্তির বিধান বিলুপ্তির বিষয়ে সদস্যরাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে ভোটের ফলাফলে দেখা গেছে, প্রস্তাবের পক্ষে সংখ্যাগরিষ্ঠ দেশ সমর্থন দিলেও বাংলাদেশসহ কয়েকটি দেশ এ বিষয়ে ভোটদানে বিরত থেকেছে। সূত্র: পিটিআই, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
কালের আলো/এসএ/ডিএইচ
