Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ১২:৪৭ পিএম

এআই দিয়ে নকল করে কর পরীক্ষায় প্রথম, অবশেষে স্বীকারোক্তি

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ১২:৪৭ পিএম

এআই দিয়ে নকল করে কর পরীক্ষায় প্রথম, অবশেষে স্বীকারোক্তি

দক্ষিণ কোরিয়ার জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন এক পরীক্ষার্থী। তবে তাঁর প্রায় নিখুঁত ফলাফল নিয়ে শুরু থেকেই সন্দেহ তৈরি হয়েছিল। অবশেষে জেনারেটিভ এআই ব্যবহার করে নকল করার কথা স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় দেশটির আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বছর এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত দুই ধাপের পরীক্ষায় শত শত প্রশ্নের প্রায় সব কটিরই সঠিক উত্তর দিয়ে শীর্ষস্থান অর্জন করেন হান নামের ওই পরীক্ষার্থী। তাঁর ফলাফল প্রকাশের পর থেকেই এত ভালো নম্বর পাওয়ার পেছনে অসদুপায় অবলম্বনের সন্দেহ তৈরি হয়।পরে নিজের পরিচয় প্রকাশ করে তিনি জানান, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও জেনারেটিভ এআই ব্যবহার করে পরীক্ষায় নকল করেছিলেন।

ক্ষুদ্র ক্যামেরায় প্রশ্ন তুলে এআইয়ের সহায়তা
ইউটিউব চ্যানেল ‘অ্যাটর্নি লি ডন-হো’-তে প্রকাশিত এক ভিডিওতে মুখে মাস্ক পরে নিজের অপরাধ স্বীকার করেন হান। তিনি বলেন, ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে পরীক্ষায় নকল করেছেন। ন্যায্য পরিশ্রমের মাধ্যমে তিনি প্রথম হননি বলেও স্বীকার করেন।

হান জানান, পরীক্ষার হলে ক্ষুদ্র ক্যামেরার সাহায্যে প্রশ্নপত্রের ছবি তুলতেন তিনি। পরে সেসব ছবি এআই টুলে পাঠিয়ে উত্তর সংগ্রহ করতেন। এরপর স্মার্টফোনে পাওয়া উত্তর দেখে পরীক্ষার খাতায় লিখতেন। এ ঘটনায় সিউল পুলিশের কাছে লিখিত স্বীকারোক্তিও জমা দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। তাঁর এই স্বীকারোক্তির পর পরীক্ষার নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঘিরে উদ্বেগ
এদিকে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এ পরীক্ষার জন্য শিক্ষার্থীরা বছরের পর বছর ধরে প্রস্তুতি নেন। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে পরীক্ষায় এআই ব্যবহার করে নকলের আশঙ্কা নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগের কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী হান সুক-সুক।

প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার আগাম প্রস্তুতি নেবে। পাশাপাশি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ার ওপর কঠোর নজরদারি রাখা হবে।

পরীক্ষায় এআই ব্যবহারের ঝুঁকি বাড়ছে
জেনারেটিভ এআইয়ের সহজলভ্যতা শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করলেও পরীক্ষায় এর অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গোপনে ছবি ধারণ, স্মার্টফোন ও ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে এআইয়ের সহায়তা নেওয়ার মতো কৌশল প্রচলিত পরীক্ষাব্যবস্থার নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।

দক্ষিণ কোরিয়ার কর হিসাবরক্ষক পরীক্ষায় এই জালিয়াতির ঘটনা দেশটির পরীক্ষাব্যবস্থায় নজরদারি ও প্রযুক্তিগত নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তা সামনে এনেছে। একই সঙ্গে আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এ ধরনের অসদুপায় ঠেকাতে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, সেদিকেও নজর থাকবে।

কালের আলো/এসএ/ডিএইচ

Link copied!