হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। এ আবেদনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে আবেদনটি করা হয়। তবে ওই দিন শুনানি অনুষ্ঠিত হয়নি।
নোটিশ পেয়েও আদালতে হাজির হননি তিশা
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় করা মামলায় সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার কথা ছিল। বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও অভিনেত্রী উপস্থিত হননি। এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
আবেদনে বাদীপক্ষের দাবি, আদালতে হাজির হওয়ার নির্ধারিত তারিখ জানা থাকা সত্ত্বেও তানজিন তিশা উপস্থিত হননি। এ ছাড়া মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন সানায়া।
প্রতারণার মামলা ঘিরে বিরোধ
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন সানায়া। এরপর মামলা প্রত্যাহারের জন্য তাঁকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয় বলে দাবি বাদীর। গত বছরের ৭ নভেম্বর ফোনে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।
সানায়ার করা প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ার পর রোববার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকির অভিযোগ
সানায়ার অভিযোগ, তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে তানজিন তিশা তাঁর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলেও তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে তানজিন তিশার বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
কালের আলো/এসএ/ইএকে













-20261121140412.jpg)






