মান-অভিমান আর দূরত্ব পেরিয়ে আবারও পর্দায় একসঙ্গে ফিরছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। দীর্ঘ তিন বছরের বেশি সময় পর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’তে দেখা যাবে তাঁদের। একসময় নিয়মিত জুটি হয়ে কাজ করলেও ব্যক্তিগত মনোমালিন্যের পর আর একসঙ্গে পর্দায় হাজির হননি এই দুই অভিনয়শিল্পী।
সম্প্রতি শুরু হয়েছে ‘প্রাণ সখিয়া’ নাটকের শুটিং। শুটিং ইউনিট থেকে জোভান ও ফারিণের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন নাটকের খবর সামনে আসে। নির্মাতা রাজও নাটকটির বিষয়ে জানান।
যে কারণে তৈরি হয়েছিল দূরত্ব
জোভান ও ফারিণের মধ্যে দূরত্বের সূত্রপাত ২০২৩ সালে একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে। ‘জানেমান তুই আমার’ নাটকটি মুক্তি পেলেও ফারিণ সেটির প্রচারে তেমন সক্রিয় ছিলেন না—এমন অভিযোগ তুলে নাম প্রকাশ না করে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন জোভান।
তাঁর অভিযোগ ছিল, ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালালেও নাটকটির ক্ষেত্রে ফারিণের তেমন আগ্রহ দেখা যায়নি। ওটিটিতে কাজ করার কারণে ছোটপর্দার নাটককে অবজ্ঞা করা হচ্ছে বলেও ইঙ্গিত দেন এই অভিনেতা।
জোভানের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছিলেন ফারিণ। তিনি বলেছিলেন, নাটকের মাধ্যমেই তাঁর অভিনয়জীবন শুরু হয়েছে, তাই এই মাধ্যমকে কখনো ছোট করে দেখেন না। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ হলেও পরে তা আর প্রকাশ্যে গড়ায়নি। তবে এরপর থেকেই তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।
নাটকে ফিরছেন ফারিণও
জোভানের সঙ্গে জুটি বাঁধার পাশাপাশি ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে ছোটপর্দায়ও ফিরছেন ফারিণ। ওয়েব কনটেন্ট ও সিনেমায় ব্যস্ত হওয়ার পর দীর্ঘদিন তাঁকে টেলিভিশন নাটকে দেখা যায়নি।
চলতি মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন তিনি। ইমরাউল রাফাত পরিচালিত সিরিজটি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া সর্বশেষ রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন ফারিণ।
দীর্ঘ বিরতির পর জোভান-ফারিণের একসঙ্গে ফেরা নিয়ে তাঁদের ভক্তদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে। এবার ‘প্রাণ সখিয়া’ নাটকে এই জুটির পর্দার রসায়ন কেমন হয়, সেটিই দেখার অপেক্ষা।
কালের আলো/এসএ/জেএন


-(1)-20261122074300.jpg)












-20261121140412.jpg)
-20261119145050.jpg)



