রাজনৈতিক অস্থিরতা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকট, নিত্যপণ্যের বাড়তি দাম ও ডলারের ঊর্ধ্বগতিসহ নানা প্রতিবন্ধকতার মধ্যেও শীত মৌসুমে ভালো ব্যবসার প্রত্যাশায় প্রস্তুতি নিয়েছেন ঢাকার কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর ব্যবসায়ীরা। তবে উৎপাদন ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় এবার গত বছরের তুলনায় পোশাকের পরিমাণ কমিয়েছেন অনেকে।
কেরানীগঞ্জের বিভিন্ন কারখানা ঘুরে দেখা গেছে, শীতের পোশাক তৈরির শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও কারিগরেরা। অন্যদিকে আগানগর ও শুভাঢ্যা এলাকার বিভিন্ন মার্কেটের শোরুমগুলোতে উঠতে শুরু করেছে নানা নকশা, রং ও মাপের শীতের পোশাক।
ক্রেতার অপেক্ষায় প্রায় ১০ হাজার শোরুম
কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর আগানগর ও শুভাঢ্যা এলাকায় ছোট-বড় প্রায় ১০ হাজার শোরুম রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ক্রেতারা এখান থেকে পোশাক কিনতে আসেন। ব্যবসায়ীদের দাবি, দেশের তৈরি পোশাকের প্রায় ৭০ শতাংশ সরবরাহ করেন কেরানীগঞ্জের ব্যবসায়ীরা।
দেশীয় পোশাকের পাশাপাশি বিদেশ থেকেও শীতের পোশাক সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা। মান ও বৈচিত্র্যের কারণে সারা দেশে এখানকার পোশাকের চাহিদা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
তবে কাপড় ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। এতে পোশাকের ন্যায্য দাম পাওয়া এবং ব্যবসায় মুনাফা ধরে রাখা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে ঝুঁকি কমাতে অনেকে গত বছরের তুলনায় উৎপাদন ও আমদানি কমিয়েছেন।
খরচ বাড়ায় আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা
বিদেশি পোশাকের আমদানিকারক জাহাঙ্গীর হাসান বলেন, প্রতিবছর আমদানি খরচ বাড়ছে। ব্যয় বেড়ে যাওয়ায় এবার তিনি আমদানির পরিমাণ কমিয়েছেন। দিন দিন ব্যবসা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠছে।
তিনি জানান, এখনো শীতের পোশাকের বেচাকেনা সেভাবে শুরু হয়নি। কয়েক দিনের মধ্যে বিক্রি বাড়বে বলে আশা করছেন তিনি। তবে শীতের ব্যবসায় ভালো করতে না পারলে টিকে থাকাই কঠিন হয়ে পড়বে।
ব্যবসায়ী জামাল বলেন, শীত মৌসুম কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর তিনটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মৌসুমের একটি। এ সময়কে কেন্দ্র করে ব্যবসায়ীরা বড় ধরনের প্রস্তুতি নেন। তবে এখনো শীতের পোশাক কিনতে ক্রেতারা আসতে শুরু করেননি। আগামী এক-দুই দিনের মধ্যে ক্রেতাদের ভিড় বাড়বে বলে আশা করছেন তিনি।
শীত বাড়লে বাড়বে ক্রেতার আনাগোনা
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেন বলেন, এখনো শীত সেভাবে পড়েনি। এ কারণে ক্রেতাদের আনাগোনাও শুরু হয়নি। চলতি সপ্তাহ থেকে শীত বাড়তে শুরু করলে কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীতে প্রচুর ক্রেতার সমাগম হবে বলে আশা করছেন তিনি।
ব্যবসায়ীদের প্রত্যাশা, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পাইকারি ক্রেতাদের উপস্থিতি বাড়বে। এতে নানা সংকটের মধ্যেও এবারের মৌসুমে ব্যবসার ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি





-20261123084753.jpg)







-20261121140412.jpg)






