Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

কুড়িগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৩:৩৪ পিএম

পাকা ধান ঘরে তোলার আগেই বৃষ্টিতে বিপাকে কৃষক

কুড়িগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৩:৩৪ পিএম

পাকা ধান ঘরে তোলার আগেই বৃষ্টিতে বিপাকে কৃষক

কুড়িগ্রামে আমন ধান কাটার মৌসুমে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকেরা। পাকা ধান কেটে জমিতে শুকাতে দিয়েছিলেন অনেকে। কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে কাটা ধান। কোথাও কোথাও জমে থাকা পানিতে ডুবে আছে ধানের আঁটি। দ্রুত ধান ঘরে তুলতে না পারলে ফসলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।

রোববার (২২ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আমন ধান কাটার পর অনেক কৃষক জমিতেই ধান স্তূপ করে রেখেছেন। কেউ শুকানোর জন্য ধান ছড়িয়ে দিয়েছিলেন, কেউ আবার মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই বৃষ্টিতে ভিজে গেছে সেসব ধান। কোথাও জমে থাকা পানিতে ধানের আঁটি ডুবে আছে, আবার কোথাও ভেজা ধান দ্রুত বাড়িতে নেওয়ার চেষ্টা করছেন কৃষকেরা।

বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার শঙ্কা
নাগেশ্বরী উপজেলার কৃষক কাশেম আলী বলেন, অনেক কষ্ট করে ধান ফলিয়েছেন। পাকা ধান কেটে জমিতে শুকাতে দিয়েছিলেন। কিন্তু বৃষ্টিতে সব ভিজে গেছে। জমিতে পড়ে থাকলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা থাকায় বৃষ্টির মধ্যেই বাড়িতে নেওয়ার চেষ্টা করছেন তিনি।

একই উপজেলার কৃষক রহিম উদ্দিন জানান, দুই বিঘা জমির ধান কেটে মাঠে রেখেছিলেন। দুই দিনের বৃষ্টিতে সব ভিজে গেছে। এখন ধান বাড়িতে নেবেন, নাকি শুকানোর ব্যবস্থা করবেন, তা বুঝতে পারছেন না। ধান নষ্ট হলে সারা বছরের পরিশ্রম বৃথা যাবে বলে আশঙ্কা তাঁর।

সাধারণত আমন ধান কাটার পর কয়েক দিন জমিতে শুকিয়ে মাড়াই করেন কৃষকেরা। এ সময় বৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতির ঝুঁকিতে পড়েন যাঁদের ধান এখনো মাঠে পড়ে রয়েছে।

কৃষকদের মতে, জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ ধান উৎপাদনে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে বৃষ্টিতে কাটা ধান ভিজে যাওয়ায় তাঁদের উদ্বেগ বেড়েছে।

দীর্ঘ সময় ভেজা অবস্থায় ধান পড়ে থাকলে অঙ্কুরোদ্গম, দানার রং পরিবর্তন, ওজন কমে যাওয়া এবং সংরক্ষণে সমস্যা দেখা দিতে পারে। এতে ধানের বাজারমূল্য কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

আগাম পূর্বাভাস না পাওয়ার অভিযোগ
কৃষকদের অভিযোগ, আগাম বৃষ্টির খবর পেলে তাঁরা হয়তো দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারতেন। কুড়িগ্রাম সদরের পাঁচগাছী এলাকার কৃষক গাজিউর রহমান বলেন, বৃষ্টি হবে, এমন খবর তাঁরা আগে পাননি। জানতে পারলে হয়তো আগেই ধান কেটে ঘরে তুলতেন। একই অভিযোগ করেন কৃষক নুরুল হকও। তাঁর মতে, সময়মতো বৃষ্টির পূর্বাভাস পেলে এ ধরনের সমস্যায় পড়তে হতো না।

কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী দিনগুলোতে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও কমে আসতে পারে।

তিনি বলেন, আগাম আবহাওয়ার তথ্য কৃষি বিভাগে পাঠানো হয়। মূলত কৃষি বিভাগের মাধ্যমেই এসব তথ্য কৃষকদের কাছে পৌঁছানোর কথা।

দ্রুত ধান ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের
কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন বলেন, বৃষ্টিতে ক্ষয়ক্ষতি এড়াতে কৃষকদের যত দ্রুত সম্ভব কাটা ধান বাড়িতে নিয়ে আসতে হবে। জমিতে ফেলে রাখলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়িতে নেওয়ার পর মাড়াইয়ের উপযোগী হলে ধান মাড়াই করে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। এরপর ভালোভাবে শুকিয়ে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও জানান, বৃষ্টিতে ভেজা ধান রক্ষা ও ফসলের ক্ষতি কমাতে কৃষকদের উপজেলা কৃষি অফিস অথবা নিজ নিজ এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষি বিভাগ জানায়, প্রতিটি ইউনিয়নে একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। তাঁরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। বর্তমানে মাঠে পড়ে থাকা কাটা ধান দ্রুত সরিয়ে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তবে কৃষকদের একাংশের অভিযোগ, তাঁরা সময়মতো কৃষি বিভাগের কাছ থেকে বৃষ্টির পূর্বাভাস পাননি। আগাম তথ্য ও পরামর্শ আরও কার্যকরভাবে পৌঁছানো গেলে অনেকেই তাঁদের কাটা ধান নিরাপদে ঘরে তুলতে পারতেন।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর কুড়িগ্রামে প্রায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। তবে বৃষ্টির কারণে কত জমির ধান ক্ষতির ঝুঁকিতে পড়েছে, তার নির্দিষ্ট হিসাব এখনো পাওয়া যায়নি।

আমন কাটার মৌসুমে আকস্মিক বৃষ্টিতে কুড়িগ্রামের কৃষকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মাঠে পড়ে থাকা ধান দ্রুত ঘরে তুলতে না পারলে উৎপাদন খরচের তুলনায় কম দাম পাওয়া কিংবা ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এ পরিস্থিতিতে সময়মতো আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ কৃষকদের কাছে পৌঁছানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!