টানা ৫২ ঘণ্টারও বেশি সময় না ঘুমিয়ে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ ৬)-এর মূল গল্প শেষ করেছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার আইশোস্পিড। দীর্ঘ এই গেমিং ম্যারাথন নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হলেও গেম শেষ করার পরই বড় ধরনের ভুল করে বসেন তিনি। ভুল অপশনে ক্লিক করে প্রায় ৯৮ শতাংশ অগ্রগতির একটি সেভ ফাইল মুছে ফেলেন এই স্ট্রিমার।
আইশোস্পিডের আসল নাম ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র। ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে গেমটি উন্মুক্ত হওয়ার তিন ঘণ্টা আগে রাত ৯টায় ইউটিউব ও টুইচে ‘জিটিএ ৬’ খেলা শুরু করেন তিনি। শুরুতে সাধারণ লাইভস্ট্রিম হিসেবে শুরু হলেও সময়ের সঙ্গে সেটি দীর্ঘ গেমিং ম্যারাথনে রূপ নেয়।
৫২ ঘণ্টার বেশি সময় ধরে খেলা
প্রায় ৪০ ঘণ্টা খেলার পর গেমটির মূল গল্পের ৮১ থেকে ৮২ শতাংশ শেষ করেছিলেন আইশোস্পিড। তাঁর ইন-গেম প্রোগ্রেস স্ক্রিনে তখন ‘ডার্টি ওয়ার্ক’ (Dirty Work) মিশন দেখা যাচ্ছিল। দর্শকদের তিনি জানিয়েছিলেন, পুরো গল্প শেষ করতে আরও প্রায় ১২ ঘণ্টা লাগতে পারে।
অথচ আগে এত দীর্ঘ সময় একটানা খেলার পরিকল্পনা ছিল না তাঁর। ১৬ নভেম্বরের একটি লাইভস্ট্রিমে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা করে খেলার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু গেমের কাহিনিতে এতটাই মগ্ন হয়ে পড়েন যে দর্শকদের বিরতি নেওয়ার অনুরোধ সত্ত্বেও খেলা চালিয়ে যান।
শেষ পর্যন্ত ৫২ ঘণ্টা ৩১ মিনিট ১১ সেকেন্ডে গেমটির মূল গল্প শেষ করেন আইশোস্পিড। সব মিলিয়ে তাঁর লাইভস্ট্রিম চলে ৫৩ ঘণ্টা ৪০ মিনিট। ২০ নভেম্বর গেম শেষ করার পর তিনি জানান, পুরো সময় একবারও ঘুমাননি।
গেম শেষ করেই সেভ ফাইল হারানোর বিপত্তি
দীর্ঘ গেমিং ম্যারাথন শেষ করার পরও স্বস্তি পাননি আইশোস্পিড। গেমের শেষ অংশে নেওয়া একটি সিদ্ধান্ত পরিবর্তন করতে আগের সেভ করা ফাইলে ফিরে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভুল অপশনে ক্লিক করায় প্রায় ৯৮ শতাংশ অগ্রগতির একটি সেভ ফাইল ওভাররাইট বা মুছে ফেলেন।
টানা দুই দিনের বেশি সময় ধরে খেলার পর এমন ভুলে বিপাকে পড়েন এই স্ট্রিমার। গেমের মূল গল্প শেষ করার কৃতিত্বের পাশাপাশি তাই তাঁর এই সেভ ফাইল হারানোর ঘটনাও এখন আলোচনায় উঠে এসেছে।
কালের আলো/এসএআর/জেএন















-20261121140412.jpg)
-20261119145050.jpg)



