মুক্তির প্রথম ২৪ ঘণ্টাতেই ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদনজগতে নতুন ইতিহাস গড়েছে অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ ৬)। প্রথম দিনের আয়ের হিসাবে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে গেমটি। এমনকি এর আগের সংস্করণ ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ’ (জিটিএ ৫)-এর রেকর্ডও ভেঙে দিয়েছে নতুন এই কিস্তি।
গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস জানিয়েছে, প্রি-রিলিজ ও মুক্তির প্রথম দিনের বিক্রি মিলিয়ে ‘জিটিএ ৬’-এর মোট বিক্রি দাঁড়িয়েছে ৩ কোটি ২৫ লাখ কপিতে। বিশ্বজুড়ে গেমারদের ব্যাপক আগ্রহ এবং সমালোচকদের প্রশংসার মধ্য দিয়ে বাজারে এসেছে গেমটি।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘জিটিএ ৫’ প্রথম দিনে আনুমানিক ৮০০ মিলিয়ন ডলার আয় করেছিল। সেই হিসাবে নতুন গেমটির প্রথম দিনের আয় আগের সংস্করণের তুলনায় প্রায় পাঁচ গুণ। শুধু তাই নয়, ২৪ ঘণ্টায় ‘জিটিএ ৬’-এর আয় ছাড়িয়ে গেছে মার্ভেলের জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বিশ্বব্যাপী মোট বক্স অফিস আয়কেও। সিনেমাটির আজীবন বক্স অফিস আয় ছিল প্রায় ২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।
ভাইস সিটির অপরাধজগতে লুসিয়া-জেসনের গল্প
কাল্পনিক ভাইস সিটি শহরকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘জিটিএ ৬’-এর কাহিনি। এতে দুই অপরাধী চরিত্র লুসিয়া ও জেসন ব্লিৎজকে ঘিরে এগিয়েছে গল্প। রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার গেমটির মুক্তিকে স্টুডিওর জন্য একটি ‘নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন।
গেমটির নির্মাণে প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় করেছে রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ। ‘রেড ডেড রিডেম্পশন’ ও ‘এনবিএ টু-কে’-এর মতো জনপ্রিয় গেম সিরিজের প্রকাশক প্রতিষ্ঠানটির জন্যও এটি বড় বিনিয়োগ। বিপুল নির্মাণব্যয়ের কারণে ‘জিটিএ ৬’ ইতিমধ্যে অন্যতম ব্যয়বহুল বিনোদন প্রকল্প হিসেবে আলোচনায় এসেছে।
গেমটি ঘিরে গেমারদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অনেকে গেমটি খেলার জন্য অফিস থেকে ছুটি নিয়েছেন। এমনকি গেম খেলার সময় বের করতে সঙ্গীদের সঙ্গে আগাম সমঝোতার ঘটনাও সামনে এসেছে।
প্রি-অর্ডারে ছয় গুণ প্রবৃদ্ধি
গত জুনে ‘জিটিএ ৬’-এর প্রি-অর্ডার শুরু হলেও বিক্রির নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে আগস্টে ‘জিটিএ ৬: অ্যান এক্সটেন্ডেড লুক’ শিরোনামের প্রচারমূলক ট্রেলার প্রকাশের পর প্রি-অর্ডার ছয় গুণ বেড়েছিল বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এখন গেমার ও বিনিয়োগকারীদের নজর গেমটির পিসি সংস্করণ এবং নতুন ‘জিটিএ অনলাইন’ চালুর দিকে। বিশ্লেষকদের একাংশের ধারণা, ২০২৭ সালে এ দুটি সংস্করণ বা সুবিধা বাজারে আসতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণা এখনো অপেক্ষমাণ।
কালের আলো/এসএ/জেএন


-(1)-20261122074300.jpg)












-20261121140412.jpg)
-20261119145050.jpg)



