দেশে বছরে প্রায় ৫১ লাখ টন মাছ উৎপাদিত হলেও আন্তর্জাতিক বাজারে রপ্তানির ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। মৎস্য খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানির পথে বিদ্যমান সমস্যা এবং চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর মৎস্য ভবনে ওয়ার্ল্ড ফিশারিজ ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছ রপ্তানিরও বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না কেন, তা পর্যালোচনা করা প্রয়োজন। এ জন্য গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
রপ্তানি বাড়াতে প্রয়োজন সমস্যা চিহ্নিত করা
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। একসময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রপ্তানি আয়ও ছিল উল্লেখযোগ্য। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও এ খাতে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার কারণ অনুসন্ধান করতে হবে।
তিনি বলেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণেও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মাছের স্বাদ ও গুণগতমান কমে যাওয়ার কারণ অনুসন্ধান এবং তা উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
দূষণ ও নাব্যতা সংকটে মাছের উৎপাদন
মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বেড়ে ওঠার পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নদী-খালের নাব্যতা কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মিশে যাওয়ার কারণে মাছের উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় শিল্পবর্জ্য পরিশোধন নিশ্চিত করার পাশাপাশি নদী-খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা করা না গেলে মৎস্যসম্পদের উৎপাদন ও গুণগতমান ধরে রাখা কঠিন হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পানির প্রবাহ বাড়ার পাশাপাশি জলজ পরিবেশের উন্নয়ন ঘটবে।
বিশেষ করে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রের নদী-মোহনায় নাব্যতা ফিরিয়ে আনা জরুরি বলে উল্লেখ করেন তিনি। নদী ও খালের স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার করা গেলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
এ প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নে নেওয়া উদ্যোগের অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও বলেন তিনি।
দক্ষ জনশক্তি গড়ার ওপর গুরুত্ব
মৎস্য খাতের উন্নয়নে দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করার আহ্বান জানান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। এতে মাছের উৎপাদন ও রপ্তানি বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসকে/এমএসআইপি








-(1)-20261122074300.jpg)





-20261121140412.jpg)
-20261119145050.jpg)



