Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:০৮ পিএম

চলন্ত ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য লুট, অভিযুক্ত ১৪ জন

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:০৮ পিএম

চলন্ত ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য লুট, অভিযুক্ত ১৪ জন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য লুটের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত অন্তত ৩৬টি ট্রেনে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির বিচার বিভাগ। চুরি হওয়া পণ্যের মধ্যে ছিল হাজার হাজার জোড়া নাইকি জুতা ও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি বিল এসাইলি ঘটনাটিকে ‘বিস্ময়কর মাত্রার চুরি’ বলে বর্ণনা করেছেন। কৌঁসুলিদের অভিযোগ, ‘লোস ত্রেনেস’ নামে পরিচিত চক্রটি পরিকল্পিতভাবে ট্রেন থামিয়ে পণ্য লুট করত।

অভিযোগপত্র অনুযায়ী, ২১ বছর বয়সী নাথান ড্যানিয়েল অ্যাঞ্জেল চক্রটির নেতৃত্বে ছিলেন। তাঁর বাবা ও দুই চাচাসহ কয়েকজন সদস্য চলন্ত মালবাহী ট্রেনে উঠে পড়তেন। তাঁদের কেউ নজরদারি করতেন, আর অন্যরা ট্রেনের বাতাস চলাচলের পাইপ বা এয়ার হোস কেটে দিতেন। এতে বায়ুচাপ কমে ট্রেনটি জরুরি ভিত্তিতে থেমে যেতে বাধ্য হতো।

ট্রেন থামার পর চক্রের অন্য সদস্যরা সেখানে গিয়ে মালামাল লুট করতেন। পরে সেগুলো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বাড়িতে মজুত করা হতো বলে অভিযোগ করেছেন কৌঁসুলিরা। এভাবে ট্রেন থামানোর কৌশলে দুর্ঘটনা ও ট্রেন লাইনচ্যুত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছিল।

নাইকি জুতা থেকে যন্ত্রপাতি, লুটের তালিকায় নানা পণ্য
আদালতের নথিতে সংযুক্ত ২০২৪ সালের ফেব্রুয়ারির একটি ছবিতে নাথান অ্যাঞ্জেলকে নাইকির পণ্যভর্তি কয়েকটি বাক্সের সামনে সেলফি তুলতে দেখা যায়।

অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের অক্টোবরে ২৭ বছর বয়সী ডোন্টা হেজম্যান চলন্ত একটি নাইকি পণ্যবাহী ট্রেনের কনটেইনারের তালা করাত দিয়ে কেটে ফেলেন। পরের বছর চুরির ঘটনা আরও বাড়ে। ২০২৫ সালের ২৯ এপ্রিল চক্রটি মিলওয়াকি টুলের ১ হাজার ১৭০টি যন্ত্রপাতি ও ১৭ হাজার যন্ত্রাংশ লুট করে বলে অভিযোগ রয়েছে।

তদন্তের মধ্যেও চলেছে চুরি
অভিযোগপত্রে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চক্রটির বিষয়ে খোঁজখবর শুরু করার পরও তাদের কার্যক্রম চলতে থাকে।

২০২৫ সালের ১৭ এপ্রিল চক্রের এক অজ্ঞাত সহযোগী কার্লোস লুইস ফার্নান্দো মার্তিনেজকে বার্তা দিয়ে জানান, চোরাই পণ্য গ্রহণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানতে চাইছে, তিনি কার কাছ থেকে পণ্যগুলো পেয়েছেন। জবাবে মার্তিনেজ তাঁকে এনক্রিপ্টেড বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করতে বলেন।

২০২৫ সালের শেষ দিকে চক্রটির কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য কেনা একটি প্রতিষ্ঠানের ওপর পুলিশের নজরদারির ইঙ্গিতও পাওয়া যায়। সে সময় মার্তিনেজকে এক সহযোগী সতর্ক করে জানান, তদন্ত গভীরে গেলে তাঁদের বিপদ হতে পারে।

২০২৬ সালের ১৬ জানুয়ারি নাথান অ্যাঞ্জেল ও ২৫ বছর বয়সী ফ্রেডি মারকিনা এক সহযোগীর সঙ্গে বার্তা আদান-প্রদানের সময় পুলিশি আটকের খবর নিয়ে আলোচনা করেন। এরপরও চুরির ঘটনা বন্ধ হয়নি।

একই বছরের জুলাইয়ে ২৪ বছর বয়সী অ্যাঞ্জেল সানচেজ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেন। ছবিতে মুখোশধারী কয়েকজনকে বার্লিংটন নর্দার্ন সান্তা ফে রেলওয়ের একটি ট্রেন থেকে নাইকির জুতা বিলাসবহুল গাড়িতে ছুড়ে ফেলতে দেখা যায়। গাড়িগুলোতে ‘লোস ত্রেনেস’ লেখা ছিল। ওপরে একটি হেলিকপ্টার থেকে সার্চলাইট ফেলার দৃশ্যও ছিল ছবিটিতে।

দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড
চক্রটির বিরুদ্ধে আনা ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সদস্যদের কমপক্ষে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। আন্তঃরাজ্য রেলপথে চুরির অভিযোগে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। আর রেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডেরও বিধান রয়েছে।

যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা জানিয়েছেন, ১৪ মাসের তদন্ত শেষে এ সপ্তাহে বড় এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হকম্যান বলেন, গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখা এবং পণ্যগুলো যেন কালোবাজারে না গিয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়, তা নিশ্চিত করতে তাঁরা কাজ করছেন। সূত্র: দ্য গার্ডিয়ান

কালের আলো/এসএ/জেএন

Link copied!