ফ্রান্সের নঁতে শহরে শুরু হয়েছে তিন মহাদেশের চলচ্চিত্র নিয়ে আয়োজিত ৪৮তম থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যাল। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার তুলনামূলক কম পরিচিত, তবে শৈল্পিক ও সামাজিক গুরুত্বসম্পন্ন চলচ্চিত্র নিয়ে আয়োজিত এই উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের স্পেশাল স্ক্রিনিংস বিভাগে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি।
শুক্রবার (২০ নভেম্বর) শুরু হওয়া নয় দিনের এই উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এবারের আয়োজনে থাকছে বিভিন্ন দেশের কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র, বিশেষ প্রদর্শনী, চলচ্চিত্রকারদের কাজের পুনরালোচনা এবং শিশুতোষ সিনেমার আয়োজন। বাংলাদেশের সিনেমার অন্তর্ভুক্তি আন্তর্জাতিক পরিসরে দেশের চলচ্চিত্রের পরিচিতি ও বৈচিত্র্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
উৎসবের পাঁচ আকর্ষণের একটি বাংলাদেশের সিনেমা
উৎসবের শৈল্পিক পরিচালক জেরোম ব্যারন এবারের আসরের পাঁচটি উল্লেখযোগ্য চলচ্চিত্র বেছে নিয়েছেন। সেই তালিকায় রয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি সম্পর্কে ব্যারনের পর্যবেক্ষণ, সৌন্দর্য ও সামাজিক প্রত্যাশার চাপে নারীরা কীভাবে বিচ্ছিন্নতা এবং মানসিক সংকটের মুখোমুখি হন, সেই বিষয়টি চলচ্চিত্রে অনুসন্ধান করা হয়েছে।
ব্যারনের নির্বাচিত অন্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে মরক্কোর আহমেদ বুয়ানানির ‘মিরাজ’ (১৯৭৯), হংকংয়ের ইউয়েন উ-পিং পরিচালিত ‘দ্য সোর্ড অব গার্ডিয়ানস’, তুর্কি নির্মাতা জেকি দেমিরকুবুজের ‘হায়াত’ এবং ভারতীয় নির্মাতা কে. বালাচান্দরের ‘আভাল ওরু তোদারকাথাই’। ভিন্ন দেশ, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার গল্প নিয়ে নির্মিত এসব চলচ্চিত্র উৎসবের বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
কে. বালাচান্দরের চলচ্চিত্র নিয়ে বিশেষ আয়োজন
এবারের উৎসবে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কে. বালাচান্দরের কাজ নিয়ে থাকছে রেট্রোস্পেক্টিভ। তাঁর চলচ্চিত্রে ভারতীয় সমাজের নানা দিক উঠে এসেছে। বিশেষ করে আকাঙ্ক্ষা, নারীর মুক্তি, পারিবারিক কাঠামো ও শ্রেণিবৈষম্যের মতো বিষয় তাঁর নির্মাণের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
এ ছাড়া তুর্কি নির্মাতা জেকি দেমিরকুবুজের চলচ্চিত্র নিয়েও থাকছে বিশেষ পুনরালোচনা। পাশাপাশি ভূতবিষয়ক চলচ্চিত্র নিয়ে ‘লা ভি দে ফঁতোম’ নামে একটি বিশেষ বিভাগ এবং শিশুদের উপযোগী চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন রাখা হয়েছে।
আলজেরীয় প্রামাণ্যচিত্র দিয়ে পর্দা উঠল উৎসবের
আলজেরিয়ার নির্মাতা হাসেন ফারহানির প্রামাণ্যচিত্র ‘আলেয়া জাকারান্দাস’ প্রদর্শনের মধ্য দিয়ে এবারের উৎসবের সূচনা হয়েছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের চলচ্চিত্রকে একই মঞ্চে তুলে ধরাই এই উৎসবের অন্যতম উদ্দেশ্য। মূলধারার বাইরে থাকা নির্মাতা ও তাঁদের কাজের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি করে এ আয়োজন।
পোস্টারে মীনা কুমারী ও আনিতা মুই
এবারের উৎসবের অফিসিয়াল পোস্টারেও রয়েছে চলচ্চিত্র ইতিহাসের দুই পরিচিত মুখের উপস্থিতি। পোস্টারের এক অংশে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রী মীনা কুমারীর ‘পাকিজা’ চলচ্চিত্রের একটি স্থিরচিত্র। কমল আমরোহী পরিচালিত ১৯৭২ সালের এই সিনেমাটি পুনরুদ্ধার করা চলচ্চিত্রের বিশেষ বিভাগে প্রদর্শিত হবে।
পোস্টারের অন্য অংশে রয়েছে হংকংয়ের গায়িকা ও অভিনেত্রী আনিতা মুইয়ের ছবি। স্ট্যানলি কোয়ান পরিচালিত ‘রুজ’ (১৯৮৭) চলচ্চিত্রের একটি দৃশ্য থেকে নেওয়া হয়েছে ছবিটি। এবারের উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবেও দেখানো হবে ‘রুজ’।
ঐতিহাসিক প্রেক্ষাগৃহে শেষবারের মতো উৎসব
এবারের উৎসবের অন্যতম আবেগঘন দিক হলো নঁতে শহরের ঐতিহাসিক ‘সিনেমাতোগ্রাফ’ প্রেক্ষাগৃহে প্রদর্শনী। কারমেলিত মঠের পুরোনো একটি চ্যাপেলে অবস্থিত এই প্রেক্ষাগৃহটি গত ১৩ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে। দুই মাসের বেশি সময় পর থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যাল উপলক্ষে শেষবারের মতো খুলেছে এর দরজা। আগামী মাসের মাঝামাঝি প্রেক্ষাগৃহটি নতুন ঠিকানায় স্থানান্তরিত হওয়ার কথা রয়েছে।
সিনেমাতোগ্রাফ ছাড়াও নঁতে শহরের কাতোরজা ও সিনেমা ল্য কঁকর্দ প্রেক্ষাগৃহে উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। সাধারণ দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৮ ইউরো। ২৬ বছরের কম বয়সীদের জন্য টিকিটের দাম ৬ ইউরো।
বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর অন্তর্ভুক্তি এবারের উৎসবে দেশের চলচ্চিত্রের জন্য উল্লেখযোগ্য ঘটনা। তিন মহাদেশের নানা ভাষা, সমাজ ও সংস্কৃতির চলচ্চিত্রের সঙ্গে একই আয়োজনে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দর্শকদের সামনে বাংলাদেশের গল্প তুলে ধরার সুযোগ পাচ্ছে সিনেমাটি।
কালের আলো/এসএ/জেএন




















