Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:১৬ পিএম

প্রধানমন্ত্রী

২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:১৬ পিএম

২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান

দেশের অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ ও ‘এক্সপোর্টিং গেটওয়ে’ হিসেবে প্রতিষ্ঠা করাই জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর মূল লক্ষ্য।

রোববার (২২ নভেম্বর) ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

২০৩১ সালের মধ্যে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য
প্রধানমন্ত্রী জানান, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার ‘জাতীয় এসএমই নীতিমালা ২০২৬’-এর খসড়া তৈরি করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

নীতিমালাটি বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সময়ের মধ্যে এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে।

বড় শিল্পের সঙ্গে যুক্ত হবে ক্ষুদ্র উদ্যোক্তারা
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার সরকারি পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে জাতীয় উৎপাদন ব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে।

এসএমই খাতকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও উপকরণ সরবরাহকারী এবং রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

তৈরি পোশাক শিল্পের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। এ সময় দেশে প্রথমবারের মতো গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে শ্রম রপ্তানির ধারা শুরুর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন তিনি।

১৭৭টি শিল্প ক্লাস্টার নিয়ে পরিকল্পনা
ইতালির বিশেষায়িত ‘ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার’ বা অঞ্চলভিত্তিক পণ্য উৎপাদনের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ অথবা ‘ক্রিয়েটিভ ইকোনমি’ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ন্যাশনাল ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে এ কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

আন্তর্জাতিক বাজারে প্রবেশে সরকারি উদ্যোগ
এসএমই পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে সরকারি উদ্যোগে মেলার আয়োজনের বিষয়ে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বলে জানান তারেক রহমান।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ‘কপ-৩১’-এ বাংলাদেশের স্টলে পাটসহ বিভিন্ন পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রেতাদের তাৎক্ষণিক অর্ডার গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা জরুরি।

৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে
উদ্যোক্তাদের দক্ষতা ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া ‘মেইড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটিভ ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণ, জিআই ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা দেওয়া হবে। ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা, দীর্ঘসূত্রতা এবং ব্যয় কমানোর উদ্যোগ নেওয়ার পাশাপাশি এসএমই খাতের জন্য পিটিআর প্রবর্তনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছরে ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ
চাকরি খোঁজার পরিবর্তে এসএমই খাতের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের চাকরির সুযোগ তৈরি করার আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, এবারের এসএমই মেলায় নারী উদ্যোক্তার অংশগ্রহণ প্রায় ৬০ শতাংশ। নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং ও পণ্য বিতরণের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে সরকার বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!