এশিয়ায় ভারতের প্রভাব ও শিল্প সক্ষমতা বৃদ্ধির পথে বাধা সৃষ্টি করতে বিভিন্ন কৌশলে চাপ প্রয়োগ করছে চীন। গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ সরবরাহে বিধিনিষেধ, সীমান্তে সামরিক চাপ এবং পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করে নয়াদিল্লিকে চাপে রাখার চেষ্টা করছে বেইজিং। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি কমিশনের বার্ষিক প্রতিবেদনে এমন মূল্যায়ন উঠে এসেছে।
যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তাবিষয়ক পর্যালোচনা কমিশনের (ইউএসসিসি) ২০২৬ সালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক মিত্রজোটের বাইরে ভারত এমন কয়েকটি দেশের একটি, যাদের চীনের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে।
‘চীনের আরেকটি রণক্ষেত্র: ভারত ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল’ শীর্ষক প্রতিবেদনে কমিশন বলেছে, শক্তিশালী ভারত এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে পারে। একই সঙ্গে চীনের সরবরাহব্যবস্থা ও উৎপাদন খাতের বিকল্প হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দেশটি।
কমিশনের মূল্যায়ন, ভারতের এই সম্ভাবনা সম্পর্কে সচেতন বেইজিং বিভিন্ন ক্ষেত্রে দেশটির অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
অর্থনৈতিক চাপের কৌশল
প্রতিবেদনে ভারতকে চাপে রাখার ক্ষেত্রে চীনের অন্যতম কার্যকর হাতিয়ার হিসেবে অর্থনৈতিক চাপের কথা উল্লেখ করা হয়েছে। গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের ওপর নিয়ন্ত্রণ ব্যবহার করে ভারতের প্রতিযোগিতামূলক সক্ষমতা গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করছে বেইজিং।
এ ছাড়া ভারতের শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি উপকরণ রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করেছে চীন। কমিশনের মতে, এসব পদক্ষেপ ভারতের উৎপাদন ও শিল্প সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।
পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা
পাকিস্তানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়েও উদ্বেগ জানিয়েছে মার্কিন কমিশন। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাত এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
এতে বলা হয়েছে, চীনের সামরিক শক্তি বৃদ্ধি এবং পাকিস্তানের প্রতি দীর্ঘদিনের সমর্থন ভারতের জন্য দুই দিক থেকে একযোগে সামরিক হুমকির আশঙ্কা বাড়িয়েছে। ২০২৫ সালের মে মাসের সংঘাত দেখিয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে চীন।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, চলতি বছরের শুরুতে চীন প্রথমবারের মতো স্বীকার করেছে, অপারেশন সিঁদুর চলাকালে তারা পাকিস্তানকে সরাসরি প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল।
অপারেশন সিঁদুরের প্রেক্ষাপট
এর আগে ২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরে পাকিস্তান-সমর্থিত সশস্ত্র হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন। ওই ঘটনার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এর জেরে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ে।
মার্কিন কমিশনের প্রতিবেদনে এই সংঘাতকে ভারত-চীন-পাকিস্তান সামরিক সমীকরণের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের সামগ্রিক মূল্যায়নে বলা হয়েছে, অর্থনৈতিক ও সামরিক—উভয় ক্ষেত্রেই ভারতের সক্ষমতা সীমিত করার চেষ্টা করছে বেইজিং।
কালের আলো/এমএস/জেএন















-20261121140412.jpg)
-20261119145050.jpg)



