Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:০৪ পিএম

স্বর্ণের দাম কমার পেছনে নিজের ভূমিকা দেখছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:০৪ পিএম

স্বর্ণের দাম কমার পেছনে নিজের  ভূমিকা দেখছেন মোদি

ভারতে স্বর্ণের দাম কমার পেছনে নিজের আহ্বানের ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ভাষ্য, গত মে মাসে একান্ত প্রয়োজন ছাড়া এক বছর স্বর্ণ না কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। সেই ডাকে সাড়া দিয়ে মানুষ স্বর্ণ কেনা কমিয়েছেন, ফলে তাঁদের অর্থ সাশ্রয় হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ের গোমতীনগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন মোদি।

তিনি জানান, গত মে মাসে দেশবাসীকে এক বছরের জন্য স্বর্ণ কেনা থেকে বিরত থাকার অনুরোধ করেছিলেন। বিশেষ প্রয়োজন না হলে স্বর্ণ না কেনার পরামর্শ দিয়েছিলেন তিনি।

নিজের এই আহ্বানের সঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একটি উদ্যোগের তুলনাও করেন মোদি। ১৯৬৫ সালে খাদ্যসংকটের সময় শাস্ত্রী দেশবাসীকে সপ্তাহে এক দিন একবেলা খাবার বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

মোদি বলেন, সে সময় শাস্ত্রীর ডাকে যেমন মানুষ সাড়া দিয়েছিলেন, এখনো ভারতীয়দের মধ্যে তেমন মানসিকতা রয়েছে। তাঁর কথায়, ‘আমার মতো একজন সাধারণ মানুষ স্বর্ণ কম কেনার অনুরোধ করেছিল। দেশবাসী সেই আহ্বানে সাড়া দিয়ে স্বর্ণ কেনা কমিয়েছেন। এখন মানুষ আমাকে বলছেন, মোদিজি, আপনি বলেছিলেন, আমরা আপনার কথা শুনেছি, এতে আমাদের অর্থ সাশ্রয় হয়েছে।’

কয়েক মাসে কমেছে স্বর্ণের দাম
ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৯ মে দিল্লিতে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৫২৩ রুপিতে। অর্থাৎ ওই সময়ের তুলনায় প্রতি গ্রামে দাম কমেছে ২ হাজার ৭২৭ রুপি।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ভারতের বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হলে মে মাসে স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছিলেন মোদি। তাঁর দেওয়া সাত দফা পরামর্শের মধ্যে জ্বালানি সাশ্রয়, বাড়ি থেকে কাজের ব্যবস্থা চালু এবং বিদেশ ভ্রমণ কমানোর বিষয়ও ছিল।

এরপর সেপ্টেম্বরে আবারও প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানান তিনি। এবার স্বর্ণের দাম কমার প্রসঙ্গ তুলে নিজের আগের আহ্বানে মানুষের সাড়া পাওয়ার কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী।

তবে স্বর্ণের বাজারদর কমার পেছনে শুধু তাঁর আহ্বানই ভূমিকা রেখেছে—এমন কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

কালের আলো/এমএসআইপি/জেএন

Link copied!