Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১২:৫৯ পিএম

৩৮ মামলায় গতি, ডেথ রেফারেন্স জট কাটার প্রত্যাশা

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১২:৫৯ পিএম

৩৮ মামলায় গতি, ডেথ রেফারেন্স জট কাটার প্রত্যাশা

মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরও শেষ হয় না বিচারিক লড়াই। বরং শুরু হয় আরেক দীর্ঘ অপেক্ষা। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির সাজা কার্যকর হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তাকিয়ে থাকতে হয় হাইকোর্টের দিকে। আইনের এই বাধ্যতামূলক বিচারিক প্রক্রিয়াই পরিচিত ‘ডেথ রেফারেন্স’ হিসেবে। কিন্তু উচ্চ আদালতে মামলার দীর্ঘসূত্রতায় অনেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বছরের পর বছর কাটাতে হচ্ছে কারাগারের কনডেম সেলে। আবার দীর্ঘ অপেক্ষার পর হাইকোর্টের রায়ে কারও সাজা কমছে, কেউ পাচ্ছেন খালাস। এমন বাস্তবতায় ডেথ রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তিতে নতুন আশার সঞ্চার করেছে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ।

  • বিশেষ বেঞ্চে নারী ও শিশু নির্যাতনের ৩৮ মৃত্যুদণ্ড অনুমোদন মামলার রায়
  • হাইকোর্টে ঝুলে আছে ১ হাজার ৩০১ মামলা 
  • আরও বেঞ্চ চান আইনজীবীরা

সম্প্রতি অল্প সময়ের মধ্যে নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত ৩৮টি ডেথ রেফারেন্স মামলার রায় ঘোষণা করে বিচারিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করেছে এই বেঞ্চ। উচ্চ আদালতে মৃত্যুদণ্ড অনুমোদন মামলার দীর্ঘদিনের জটের মধ্যে এই উদ্যোগকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তাঁদের প্রত্যাশা, বিশেষ বেঞ্চের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি আরও কয়েকটি বেঞ্চ গঠন করা হলে ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে গতি আসবে। কমবে বিচারপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষা।

তবে পরিসংখ্যান বলছে, সামনে এখনো বড় চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিচারাধীন রয়েছে ১ হাজার ৩০১টি ডেথ রেফারেন্স মামলা। অথচ গত ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসে নিষ্পত্তি হয়েছে মাত্র ১০টি মামলা। মামলার বিপুল সংখ্যার বিপরীতে নিষ্পত্তির এই ধীরগতি উচ্চ আদালতে জমে থাকা জটের চিত্রই তুলে ধরছে।

সুপ্রিম কোর্টের আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে পুরোনো মামলার শুনানি এগিয়ে নেওয়ার ধারাবাহিকতায় বর্তমানে হাইকোর্টে ২০১৯-২০ সালে নথিভুক্ত ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানি চলছে। অর্থাৎ মৃত্যুদণ্ডের রায়ের পর চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত পেতে অনেক আসামিকেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

পেপারবুক প্রস্তুতি ও বেঞ্চ সংকটে বাড়ছে দীর্ঘসূত্রতা
ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে ধীরগতির অন্যতম কারণ হিসেবে পেপারবুক প্রস্তুতে দীর্ঘ সময় লাগা এবং মামলার তুলনায় শুনানি গ্রহণের জন্য পর্যাপ্ত বেঞ্চ না থাকাকে চিহ্নিত করছেন আইনজীবীরা।

একটি ডেথ রেফারেন্স মামলার শুনানির আগে সংশ্লিষ্ট মামলার প্রয়োজনীয় নথিপত্র সংকলন করে পেপারবুক প্রস্তুত করতে হয়। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় ব্যয় হওয়ায় অনেক মামলা শুনানির উপযোগী করতেই বিলম্ব ঘটে। এরপর শুনানির জন্য পর্যাপ্ত বেঞ্চ না থাকলে অপেক্ষার সময় আরও বেড়ে যায়। আইনজীবীদের মতে, পেপারবুক প্রস্তুতির প্রক্রিয়া দ্রুত করা এবং ডেথ রেফারেন্স শুনানির জন্য বিশেষ বেঞ্চের সংখ্যা বাড়ানো গেলে নিষ্পত্তির গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

কনডেম সেলে দীর্ঘ প্রতীক্ষা, চূড়ান্ত রায়ে মিলছে খালাস
ডেথ রেফারেন্স মামলার দীর্ঘসূত্রতার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বছরের পর বছর কনডেম সেলে বন্দি থাকা। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের আদেশের পর হাইকোর্টের অনুমোদন না পাওয়া পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে হয় চূড়ান্ত বিচারিক সিদ্ধান্তের জন্য।

কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাইকোর্টের রায়ে অনেক ক্ষেত্রে বদলে যায় নিম্ন আদালতের সিদ্ধান্ত। কারও মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন হয়, আবার কেউ কেউ সম্পূর্ণ খালাসও পান। ফলে পরবর্তী সময়ে খালাস পাওয়া ব্যক্তিকেও যদি বছরের পর বছর কনডেম সেলে বন্দিজীবন কাটাতে হয়, তা বিচারব্যবস্থার জন্য গভীর উদ্বেগের বিষয়।

আইনজীবীদের মতে, ডেথ রেফারেন্স মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা গেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অনিশ্চয়তা যেমন কমবে, তেমনি নির্দোষ প্রমাণিত ব্যক্তিদের দীর্ঘদিনের বন্দিদশা থেকেও দ্রুত মুক্তির সুযোগ তৈরি হবে। মৃত্যুদণ্ডের মতো চূড়ান্ত শাস্তির ক্ষেত্রে সময়মতো বিচারিক পর্যালোচনা নিশ্চিত করাও জরুরি।

জট নিরসনে প্রয়োজন বিচারিক উদ্যোগ ও সমন্বয়
বিশেষজ্ঞদের মতে, ডেথ রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিচার বিভাগের পাশাপাশি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উভয় পক্ষকে দ্রুত শুনানির বিষয়ে আন্তরিক হতে হবে। অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ পরিহার করে মামলার প্রস্তুতি সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বিচারকদের আরও সক্রিয় ও পরিকল্পিত ভূমিকা রাখতে হবে।

সম্প্রতি একটি বিশেষ বেঞ্চের মাধ্যমে অল্প সময়ে ৩৮টি মামলার রায় ঘোষণার ঘটনা দেখিয়েছে, কার্যকর বিচারিক ব্যবস্থাপনা ও ধারাবাহিক শুনানির মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি করা সম্ভব। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও বিশেষ বেঞ্চ গঠনের দাবি জানিয়েছেন আইনজীবীরা।

মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের চূড়ান্ত অনুমোদন
ফৌজদারি কার্যবিধির ৩৭৫ থেকে ৩৭৯ ধারায় ডেথ রেফারেন্স মামলা শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়া এবং আদালতের ক্ষমতা নির্ধারিত রয়েছে। আইন অনুযায়ী, দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিংবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলে তা কার্যকর করার আগে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হয়।

মামলার নথি, সাক্ষ্য-প্রমাণ ও আইনি দিক পর্যালোচনা করে হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখতে পারেন। চাইলে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড বা অন্য কোনো দণ্ড দিতে পারেন। এমনকি আসামিকে খালাস দেওয়ার পাশাপাশি আইন অনুযায়ী নতুন করে বিচার বা পুনঃতদন্তের নির্দেশও দিতে পারেন আদালত। ফলে ডেথ রেফারেন্স মামলা শুধু মৃত্যুদণ্ড অনুমোদনের আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; বরং একজন মানুষের জীবন-মৃত্যুর প্রশ্নে নিম্ন আদালতের রায়ের পূর্ণাঙ্গ বিচারিক পর্যালোচনার গুরুত্বপূর্ণ ধাপ।

হাইকোর্টের বিশেষ বেঞ্চের ৩৮টি মামলার রায় ঘোষণা ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখন প্রয়োজন এই উদ্যোগকে আরও বিস্তৃত করা। বিশেষ বেঞ্চের সংখ্যা বাড়ানো, পেপারবুক প্রস্তুতির দীর্ঘসূত্রতা কমানো এবং নিয়মিত শুনানি নিশ্চিত করা গেলে ১ হাজার ৩০১টি বিচারাধীন মামলার জট কমানোর পথ তৈরি হতে পারে। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বছরের পর বছর অনিশ্চয়তায় কাটানো এবং নির্দোষ ব্যক্তির দীর্ঘ বন্দিজীবনের অবসানেও গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালের আলো/ডিএইচ/এমকে

Link copied!