Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৫:২১ পিএম

ব্র্যান্ড বিতর্কে ফাঁস পুরোনো মান-অভিমান

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৫:২১ পিএম

ব্র্যান্ড বিতর্কে ফাঁস পুরোনো মান-অভিমান

একসময় সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। অপু বিশ্বাসকে বাংলা চলচ্চিত্রের ‘রানি’ বলে প্রশংসা করতেন পরীমনি। অন্যদিকে পরীমনিকে নিজের ছোট বোন বলে পরিচয় করিয়ে দিতেন অপু। তমা মির্জা ও পূজা চেরীকে সঙ্গে নিয়ে চার অভিনেত্রীর আড্ডা, একসঙ্গে ছবি তোলা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্ত ভাগাভাগি—সব মিলিয়ে তাঁদের বন্ধুত্ব ছিল আলোচনায়। কিন্তু সময়ের ব্যবধানে সেই সম্পর্কেই তৈরি হয়েছে দূরত্ব। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট, পাল্টাপাল্টি কটাক্ষ এবং প্রকাশ্য অনুষ্ঠানে একে অপরকে নিয়ে মন্তব্যে সরব ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনি।

‘ছোট বোন’ থেকে প্রকাশ্য বিরোধ
২০২৩ সালের নভেম্বরে ঢাকার একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস বলেছিলেন, ‘পরী মেজ, তমা সেজ ও পূজা চেরী আমার ছোট বোন। আমার বোনগুলো সুন্দর, তাই আমিও সুন্দর।’ তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগের কথাও জানিয়েছিলেন তিনি।

অপুর ভাষ্য অনুযায়ী, সন্তান নিয়ে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে পরীমনি ও তমা মির্জা তাঁকে ফোন করে পরামর্শ নিতেন। নিয়মিত কথা হতো তাঁদের মধ্যে। একসঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনা করতেন তাঁরা। কিন্তু সেই সম্পর্ক এখন আর আগের মতো নেই। বিশেষ করে অপু ও পরীমনির মধ্যে তৈরি হওয়া দূরত্ব সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে এসেছে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিতর্কে শুরু কটাক্ষ
দুই অভিনেত্রীর সাম্প্রতিক বিরোধের সূত্রপাত একটি ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় নিয়ে অপুর বক্তব্যকে কেন্দ্র করে। অপু বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কোনো পণ্যের প্রচার করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় না।

অপুর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান পরীমনি। সরাসরি নাম উল্লেখ না করলেও তাঁর পোস্টের বক্তব্যে অপুর মন্তব্যের প্রসঙ্গ স্পষ্ট হয়ে ওঠে। প্রথমে অপুর বক্তব্য আরও পরিষ্কার করার পরামর্শ দেন তিনি। পরে সেই প্রতিক্রিয়ার ভাষায় যুক্ত হয় ব্যক্তিগত কটাক্ষ।

অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলার পাশাপাশি ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দ ব্যবহার করেন পরীমনি। একপর্যায়ে তাঁকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন এই অভিনেত্রী।

‘আমার লেভেলে আসার পর পোস্ট করবেন’
পরীমনির মন্তব্যের জবাব আসে অপু বিশ্বাসের কাছ থেকেও। গত রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরীমনিকে উদ্দেশ করে অপু বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

এ সময় পরীমনির অভিনীত সিনেমার সাফল্য নিয়েও মন্তব্য করেন অপু। তাঁর দাবি, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টি ফ্লপ, আর বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সক্রিয়তা নিয়েও কথা বলেন তিনি। অপুর ভাষায়, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’

অপুর ‘লেভেল’ মন্তব্যের জবাবও দিতে দেরি করেননি পরীমনি। গত সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘লেভেল! আসেন কোয়ালিটি নিয়ে কথা বলি। আমাদের কোয়ালিটি ১০০–তে ১০০ বস। কোয়ালিটি ম্যাটার্স। ওসব লেভেল আমরা গুনি নাহ।’

একই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ, দূরত্বের নেপথ্যে?
তবে সাম্প্রতিক ব্র্যান্ড বিতর্কই দুই অভিনেত্রীর সম্পর্কের অবনতির একমাত্র কারণ কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, একটি পণ্য প্রতিষ্ঠানের সঙ্গে দুজনের কাজ করাও দূরত্ব তৈরির পেছনে ভূমিকা রেখেছে।

ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার আগে অপু ও পরীমনির সম্পর্ক ভালো ছিল। তাঁরা একসঙ্গে সময় কাটাতেন, আড্ডা দিতেন এবং সন্তানদের বিষয়েও কথা বলতেন। কিন্তু একই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করার পর থেকেই তাঁদের সম্পর্কে অবনতি হতে থাকে বলে দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে দুই অভিনেত্রীর কেউই প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি।

আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট
অপু ও পরীমনির মধ্যে দূরত্বের ইঙ্গিত অবশ্য সাম্প্রতিক সময়েই প্রথম পাওয়া যায়নি। এর আগেও পরীমনির বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে অপুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসের অংশ নেওয়ার পর পরীমনির একটি পোস্ট আলোচনায় আসে। সেখানে তিনি লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ একই পোস্টে ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষও করেছিলেন পরীমনি। যদিও ওই পোস্টে সরাসরি অপুর নাম উল্লেখ করেননি তিনি।

একসময় যে সম্পর্কের পরিচয় ছিল বোনের মতো ঘনিষ্ঠতা, সেই সম্পর্ক এখন প্রকাশ্য পাল্টাপাল্টি মন্তব্যে রূপ নিয়েছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় নিয়ে শুরু হওয়া বিতর্ক গড়িয়েছে ব্যক্তিগত আক্রমণ এবং অভিনয়জীবনের সাফল্য নিয়ে প্রশ্ন তোলায়। পেশাগত প্রতিযোগিতা, একই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ, নাকি পুরোনো কোনো মান-অভিমান—কোন বিষয়টি এই দূরত্বের মূল কারণ, তা এখনো স্পষ্ট নয়। তবে দুই অভিনেত্রীর সাম্প্রতিক বক্তব্যে তাঁদের সম্পর্কের পরিবর্তন যে প্রকাশ্যে চলে এসেছে, তা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা চলছে।

কালের আলো/এসএ/জেএন
 

Link copied!