প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক শেষ করলেও তাঁদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীরা যে জ্ঞান ও দক্ষতা অর্জন করছেন, তা যেন দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারে, সেভাবেই শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মসংস্থানের উপযোগী শিক্ষা প্রয়োজন
রাষ্ট্রপতি বলেন, প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করলেও তাঁদের সবার জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করা সম্ভব হচ্ছে না। তাই শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বাস্তব জীবনে কাজে লাগানোর মতো জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারেন। তাঁদের অর্জিত দক্ষতা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে—এমন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি।
ঐতিহ্য ধরে রাখতে ঢাকা কলেজের উন্নয়ন জরুরি
ঢাকা কলেজকে বাংলাদেশের পাশাপাশি সমগ্র উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে এ কলেজের শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরাবরই মেধা ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি জানান, ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি ঢাকা কলেজে পড়াশোনা করেছেন। সে সময় কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিল। তৎকালীন অধ্যক্ষ জালালউদ্দিন কঠোরভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর করতেন। তবে সেই পরিস্থিতিতেও শিক্ষার্থীরা গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং সংগঠন করার চেষ্টা করেছেন।
কলেজের বর্তমান শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ও হোস্টেলের ব্যবস্থা নেই। ভালো লাইব্রেরি, গবেষণাগার এবং কম্পিউটার ব্যবহারের পর্যাপ্ত সুযোগও নেই। ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের এসব সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন।
শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ঢাকা কলেজকে তার ঐতিহ্য ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। যে সরকারই দায়িত্বে থাকুক, কলেজটিকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। শিক্ষার মানের দিক থেকে প্রতিষ্ঠানটিকে আবারও শীর্ষ অবস্থানে নিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকারিতা মূল্যায়নের তাগিদ
শিক্ষাব্যবস্থার সামগ্রিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দেশের গ্রাম ও বিভিন্ন এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ও অবকাঠামো ভালো হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই। অনেক জায়গায় শিক্ষার্থীর সংখ্যাও কম। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয় জীবনে কতটুকু ইতিবাচক অবদান রাখছে, সেটিও মূল্যায়ন করা দরকার। প্রতিষ্ঠানগুলো প্রকৃত অর্থে কতটা কার্যকর ভূমিকা রাখছে, তা পর্যালোচনার সময় এসেছে।
শিক্ষায় এআই ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান
প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে শিক্ষাব্যবস্থাকে খাপ খাইয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, বিশ্বে বড় ধরনের প্রযুক্তিগত বিপ্লব ঘটে গেছে। চতুর্থ শিল্পবিপ্লবের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের কাজ ও জ্ঞানচর্চার ধরন বদলে দিচ্ছে। নতুন প্রজন্ম এসব প্রযুক্তি ব্যবহারে আগ্রহী। তাই শিক্ষায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে এসব প্রযুক্তি কীভাবে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়, সে বিষয়েও ভাবতে হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থাকে উন্নয়ন ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। এ লক্ষ্যে তিনি একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন। সেই কমিশনের প্রতিবেদন এখনো আছে কি না, তা খুঁজে দেখার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি জানান, জিয়াউর রহমানের সময় শিক্ষার্থীদের মাধ্যমে নিরক্ষর মানুষকে সাক্ষর করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ কাজে অংশগ্রহণের জন্য এসএসসি পরীক্ষায় ৫০ নম্বর রাখার ব্যবস্থাও করা হয়েছিল।
শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদানে সীমাবদ্ধ নয়
শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, তাঁদের কাজ শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তা, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণামনস্কতা ও সৃজনশীল চিন্তার পরিবেশ তৈরি করতে হবে।
ঢাকা কলেজের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা
দেশের গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁরা সমাজ ও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন চেয়েছেন। একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারে।
বিএনপির সাবেক এই মহাসচিব বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। এখনো আগুন-সন্ত্রাস, নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের ধ্বংস করে কোনো জাতি উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারে না।
শিক্ষার্থী বেড়েছে, বাড়েনি সুযোগ-সুবিধা
ঢাকা কলেজের শিক্ষার্থীসংখ্যা বৃদ্ধির প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, তাঁদের সময়ে কলেজে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দুই হাজার। বর্তমানে তা বেড়ে কমপক্ষে ১৭ হাজার হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের চাহিদা ও প্রয়োজনও বেড়েছে। এসব চাহিদা পূরণে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
কলেজের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বাজেটের অভাব নেই; এখন প্রয়োজন উদ্যোগ ও কাজের অগ্রগতি। কলেজের শিক্ষার পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে নিজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
কালের আলো/এসকে/এমএসআইপি




















