প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ বিতরণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।
দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে একটি করে নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী রোববার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাকি ৫৭ হাজার মগ ও নিমগাছের চারা পৌঁছে দেওয়া হবে।
গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার কৃতী সন্তানের জন্মদিনে শিক্ষার্থীদের হাতে একটি করে বৃক্ষের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেককে নিজ বাড়িতে একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ভালো কাজের সঙ্গে থাকতে হবে এবং সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা শুধু গাছের চারা গ্রহণ করবে না, বরং সেটির যত্ন নিয়ে বড় করার দায়িত্বও নেবে বলে প্রত্যাশা করেন তিনি।
আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে এবং সহিংসতার মাধ্যমে তা প্রকাশ করেছে। সরকার এখনো সহনশীল আচরণ করছে উল্লেখ করে তিনি বলেন, এটিকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। দেশের মানুষকে নিরাপদ রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, সহিংসতা ও নাশকতায় জড়িতদের জায়গা হবে কারাগারে। কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থিত হতে দেওয়া যাবে না। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
গোপালগঞ্জের সহিংসতার ঘটনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেখানে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককেও হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ধরনের সহিংসতা করে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো যাবে না বলেও মন্তব্য করেন মীর শাহে আলম।
তরুণদের জন্য প্রতি উপজেলায় ইনডোর স্টেডিয়াম
তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সারা বছর তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে প্রতি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। নতুন প্রজন্ম পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকুক, সেটিই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।
মোকামতলাকে মডেল পৌরসভা করার পরিকল্পনা
মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন বলে জানান মীর শাহে আলম। ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে এসব পৌরসভাকে পরিকল্পিতভাবে সাজানো হবে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, উন্নত যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও আধুনিক নগরসেবা নিশ্চিত করতে উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়কের নির্মাণকাজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসকে/এমএসআইপি




















