Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

কক্সবাজার সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০২:২৫ পিএম

আইসিজের রায় না মানলে পরিণতি ভালো হবে না

কক্সবাজার সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০২:২৫ পিএম

আইসিজের রায় না মানলে পরিণতি ভালো হবে না

রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমার বাধ্য। অন্যথায় দেশটির জন্য পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ঘোষণার পরদিনই তিনি রোহিঙ্গা ক্যাম্পে যান।

রোহিঙ্গাদের দুর্ভোগ ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা শুনলেন
সকাল পৌনে ৯টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে শরণার্থীরা তাঁকে স্বাগত জানান। এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।

সফরকালে ড. খলিলুর রহমান বলেন, বিশেষ একটি সময়ে ও ঐতিহাসিক মুহূর্তে তিনি রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন। এর আগের দিন আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার মামলায় রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা

গণহত্যার দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি
আইসিজের রায় বাস্তবায়নের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। মিয়ানমারকে আইসিজের রায় মেনে চলতে হবে। অন্যথায় দেশটির জন্য পরিণতি ভালো হবে না।

তিনি আরও বলেন, গণহত্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের হারানো অধিকার, পরিচয় ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর জোর
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, তাঁদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার পর যেন তাঁরা আবার নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

এ জন্য প্রত্যাবাসনের আগে ও পরে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমন পরিস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা ভয়ভীতি ছাড়াই নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন।

নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা
এদিকে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাঁদের জীবন বাঁচিয়েছেন। এ জন্য বাংলাদেশের প্রতি তাঁরা কৃতজ্ঞ। তবে অনির্দিষ্টকাল শরণার্থীশিবিরে থাকতে চান না তাঁরা।

কিন মং বলেন, রোহিঙ্গাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের বাড়িতে ফিরে যাওয়া। এ জন্য তাঁদের নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!