Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৫:৩৩ পিএম

আইসক্রিম থেকে বনলতা এক্সপ্রেস, এক দশকে কতটা বদলালেন রাজ?

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৫:৩৩ পিএম

আইসক্রিম থেকে বনলতা এক্সপ্রেস, এক দশকে কতটা বদলালেন রাজ?

চলচ্চিত্রে পথচলার এক দশক পার করেছেন অভিনেতা শরিফুল রাজ। ২০১৬ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক। এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছেন ঢাকাই চলচ্চিত্রে। ‘পরাণ’, ‘হাওয়া’, ‘দামাল’, ‘ওমর’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’—বিভিন্ন সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে প্রমাণ করেছেন নিজের অভিনয়দক্ষতা। এখন সংখ্যার চেয়ে ভালো গল্প ও চরিত্রকে গুরুত্ব দিচ্ছেন তিনি। হাতে রয়েছে নতুন পাঁচটি সিনেমা। জন্মদিনে এক দশকের অভিনয়যাত্রা, ব্যক্তিগত পছন্দ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

অভিনয়ই হয়ে উঠেছে পেশা
প্রথম সিনেমা ‘আইসক্রিম’-এর পরিচালক রেদওয়ান রনির কাছ থেকেই অভিনয় ও চলচ্চিত্র নির্মাণের নানা বিষয় শেখার সুযোগ পেয়েছিলেন শরিফুল রাজ। শুটিংয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে সিনেমার জগৎ সম্পর্কে তাঁর আগ্রহ আরও বেড়ে যায়। তখনই মনে হয়েছিল, এই মাধ্যমে আরও অনেক কাজ করতে হবে।

তবে অভিনয়ের প্রতি ভালো লাগা থাকলেও এটিকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না। সময়ের সঙ্গে নিজের আগ্রহ ও ভালো লাগার জায়গাটি বুঝতে পেরেছেন তিনি। এখন অভিনয়কেই উপভোগ করছেন রাজ। তাঁর মতে, কাজের সংখ্যা কম হলেও ভালো চিত্রনাট্য ও চরিত্র পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। তাই শুধু ব্যস্ততা বাড়ানোর জন্য সিনেমায় যুক্ত হতে চান না।

সংখ্যা নয়, গল্প ও চরিত্রে গুরুত্ব
রাজ মনে করেন, বাংলাদেশের চলচ্চিত্রে এখন ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। ফলে কাজের ক্ষেত্রে নিজের পছন্দকে গুরুত্ব দেওয়ার সুযোগও তৈরি হয়েছে। অনেকের কাছে তাঁর অভিনীত সিনেমার সংখ্যা তুলনামূলক কম মনে হতে পারে। তবে নিজের কাজের পরিমাণ নিয়ে অসন্তুষ্ট নন তিনি।

ভালো গল্প, শক্তিশালী চিত্রনাট্য এবং অভিনয়ের সুযোগ রয়েছে—এমন চরিত্র পেলেই কাজ করতে আগ্রহী রাজ। তাঁর কাছে একটি ভালো সিনেমায় যুক্ত হওয়া অনেকগুলো সাধারণ কাজে অংশ নেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ কারণেই নিজের অভিনয়জীবন নিয়ে একধরনের স্বস্তি অনুভব করেন তিনি।

শাকিব খানের সঙ্গে অভিনয়ে আপত্তি নেই
দর্শকের একটি অংশ শাকিব খান ও শরিফুল রাজকে একই সিনেমায় দেখতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা রয়েছে। বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন রাজ।

শাকিব খানকে গুণী শিল্পী উল্লেখ করে তিনি জানিয়েছেন, প্রযোজক ও পরিচালক যদি দুজনকে নিয়ে কোনো সিনেমার পরিকল্পনা করেন, তাহলে তাঁর আপত্তি নেই। বরং সহশিল্পী হিসেবে সবার সঙ্গে কাজ করতে চান তিনি। ভালো গল্প ও চরিত্র থাকলে শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করতেও আগ্রহী রাজ।

নাজিফা তুষির সঙ্গে আবারও কাজের ইচ্ছা
‘আইসক্রিম’ সিনেমায় নাজিফা তুষির সঙ্গে অভিনয় করেছিলেন শরিফুল রাজ। কিন্তু এরপর দীর্ঘ ১০ বছর তাঁদের আর একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। এ নিয়ে দর্শকের মধ্যেও আগ্রহ রয়েছে।

রাজ জানিয়েছেন, তুষির সঙ্গে আবারও কাজ করতে চান তিনি। তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে নতুন করে একসঙ্গে কাজ করার বিষয়টি অনেকটাই নির্ভর করছে প্রযোজক ও পরিচালকদের পরিকল্পনার ওপর। উপযুক্ত গল্প ও চরিত্র নিয়ে কেউ এগিয়ে এলে আবারও তাঁদের জুটি পর্দায় ফিরতে পারে।

‘ঠিকানা’ নিয়ে আইনি নোটিশের বিতর্ক
অভিনয়জীবনের ব্যস্ততার মধ্যেই সম্প্রতি ‘ঠিকানা’ সিনেমার শিডিউল নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধে জড়িয়েছেন রাজ। রিয়েল এনার্জি প্রোডাকশন শিডিউল না দেওয়ার অভিযোগে তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী চুক্তি অনুসারে রাজের শিডিউল প্রয়োজন। তবে অভিনেতার বক্তব্য ভিন্ন। তাঁর দাবি, সিনেমার শিডিউল দিতে তিনি অস্বীকৃতি জানাননি। চুক্তিতে ঈদের পরও সিনেমা মুক্তির সুযোগ রাখা হয়েছে। তাই অন্য সিনেমায় কাজ করতে পারবেন না—এমন শর্ত মেনে নেওয়ার প্রশ্ন আসে না।

অভিযোগগুলোকে ভিত্তিহীন ও সম্মানহানিকর বলে দাবি করেছেন রাজ। প্রয়োজনে আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করবেন বলে জানিয়েছেন তিনি। ফলে ‘ঠিকানা’ সিনেমাকে ঘিরে দুই পক্ষের বিরোধ এখনো আলোচনায় রয়েছে।

প্রিয় অভিনেতা মোশাররফ করিমের কাছ থেকে শেখার সুযোগ
টেলিভিশনের পর্দায় যে অভিনেতার অভিনয় দেখে মুগ্ধ হতেন, একসময় তাঁর পাশেই দাঁড়িয়ে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন শরিফুল রাজ। তিনি মোশাররফ করিম। সম্প্রতি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে যৌথভাবে সেরা চলচ্চিত্র অভিনেতার স্বীকৃতি পান তাঁরা। পুরস্কার গ্রহণের সময় প্রিয় অভিনেতার পা ছুঁয়ে সম্মান জানান রাজ। মোশাররফ করিমও তাঁকে কাছে টেনে নেন।

এর আগে ‘ইনসাফ’ সিনেমায় দুজন একসঙ্গে অভিনয় করলেও তাঁদের দৃশ্য ছিল খুবই কম। এ নিয়ে রাজের কিছুটা আক্ষেপ ছিল। তবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় সেই আক্ষেপ অনেকটাই দূর হয়েছে। এবার প্রিয় অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করার পাশাপাশি শুটিংয়ে তাঁকে কাছ থেকে দেখা ও শেখার সুযোগ পেয়েছেন তিনি।

মোশাররফ করিমের অভিনয়ের প্রস্তুতি, কাজের ধরন এবং সহশিল্পীদের সঙ্গে যোগাযোগের কৌশল রাজকে মুগ্ধ করে। তাঁর কাছে মোশাররফ করিম কেবল একজন সহশিল্পী নন, বরং অভিনয় শেখার এক বড় জায়গা।

বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ
‘আইসক্রিম’ দিয়ে যাত্রা শুরু হলেও পরবর্তী সময়ে একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ। ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘দামাল’, ‘হাওয়া’, ‘ওমর’, ‘ইনসাফ’ ও ‘বনলতা এক্সপ্রেস’ তাঁর উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে।

বিশেষ করে ‘পরাণ’ সিনেমায় রোমান, ‘হাওয়া’য় ইব্রাহিম, ‘গুণিন’-এ রমিজ এবং ‘বনলতা এক্সপ্রেস’-এ চিকিৎসক আশহাব চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। চরিত্রের ধরন ও অভিনয়ের বৈচিত্র্যের কারণে আলাদা করে আলোচনায় এসেছেন রাজ। একই ধরনের চরিত্রে আটকে না থেকে ভিন্ন ভিন্ন গল্পে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছেন তিনি।

হাতে পাঁচ সিনেমা, গল্পে বৈচিত্র্য
বর্তমানে শরিফুল রাজের হাতে রয়েছে নতুন পাঁচটি সিনেমা। ভিন্ন ভিন্ন ঘরানা ও গল্পের এসব সিনেমায় তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন বিদ্যা সিনহা মিম, ইধিকা পাল, বিদুষী বর্ণিতা ও সাবিলা নূর।

আলভী আহমেদের পরিচালনায় সায়েন্স ফিকশন ও ড্রামা ঘরানার সিনেমা ‘জীবন অপেরা’তে অভিনয় করবেন রাজ। হাসিবুল রেজা কল্লোলের রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘কবি’ এবং রায়হান রাফীর রোমান্টিক ড্রামা ‘প্রেমিক’ও রয়েছে তাঁর কাজের তালিকায়।

এ ছাড়া আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের পরিচালনায় সায়েন্স ফিকশন-হরর ঘরানার ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমায় দেখা যাবে তাঁকে। সৈয়দ শাকিলের পরিচালনায় আরও একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে, যার নাম এখনো চূড়ান্ত হয়নি।

এক দশকের অভিনয়জীবনে শরিফুল রাজের পথচলায় যেমন রয়েছে প্রশংসিত কাজ, তেমনি রয়েছে নানা আলোচনা ও বিতর্ক। তবে সামনের দিনগুলোতে ভালো গল্প ও বৈচিত্র্যময় চরিত্রের মধ্য দিয়ে নিজেকে আরও নতুনভাবে তুলে ধরাই তাঁর লক্ষ্য। হাতে থাকা পাঁচ সিনেমা সেই যাত্রায় কতটা নতুন মাত্রা যোগ করে, এখন সেটিই দেখার অপেক্ষা।

কালের আলো/এসএ/এএইচ

Link copied!