খন্দকার সুমনের নির্মিত চলচ্চিত্র ‘সাঁতাও’ কেবল উত্তরবঙ্গের তিস্তাপারের এক কৃষক দম্পতির জীবনসংগ্রামের গল্প নয়; এটি বাংলাদেশের কৃষি, প্রকৃতি, অর্থনীতি, লোকসংস্কৃতি ও মানুষের অস্তিত্বের এক গভীর চলচ্চিত্রভাষ্য। নদী, চর, বৃষ্টি, ঋণ, মাতৃত্ব, জমি হারানোর ভয় এবং শহরমুখী জীবনের বাস্তবতা— সবকিছু মিলিয়ে সিনেমাটি তুলে ধরেছে গ্রামীণ জীবনের অন্তর্গত সংকট ও মানুষের টিকে থাকার লড়াই।
উত্তরবঙ্গে ‘সাঁতাও’ শব্দটি সাধারণত টানা সাত দিন ধরে চলা ঝড়-বৃষ্টিকে বোঝায়। তবে সিনেমাটিতে শব্দটি শুধু প্রাকৃতিক দুর্যোগের প্রতীক নয়, হয়ে উঠেছে মানুষের জীবনে বয়ে চলা দীর্ঘ মানসিক ঝড়েরও প্রতিচ্ছবি। প্রকৃতির অস্থিরতা আর মানুষের অন্তর্গত যন্ত্রণা এখানে একাকার হয়ে গেছে।
গ্রামীণ জীবনের আড়ালে অর্থনৈতিক সংকট
সিনেমার কেন্দ্রে রয়েছে ফজলু ও পুতুল। নিজেদের সামান্য জমিতে চাষাবাদ করে সংসার চালানো এই দম্পতির জীবনে প্রকৃতি কখনো আশীর্বাদ, কখনো নির্মম প্রতিপক্ষ। তিস্তার পানি শুকিয়ে গেলে কৃষিকাজ ব্যাহত হয়, আবার হঠাৎ পানি বেড়ে গেলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়।
প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে যুক্ত হয় ঋণ, মহাজনের চাপ, এনজিওর কিস্তি, উৎপাদন খরচ ও বাজারের অনিশ্চয়তা। নিজের জমি থাকলেও ফজলুর জীবনে তা নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। বরং সংকটের সময় সেই জমিই ঋণের জামানত হয়ে দাঁড়ায়।
এখানেই ‘সাঁতাও’ কৃষকের জীবনের একটি বড় বাস্তবতা তুলে ধরে। কৃষক শুধু প্রকৃতির কাছে পরাজিত হয় না; প্রকৃতি ও অর্থনীতির সম্মিলিত চাপে তার জীবন ক্রমেই সংকুচিত হয়ে পড়ে। কখনো নদীতে প্রয়োজনীয় পানি থাকে না, কখনো অতিবৃষ্টি কিংবা স্লুইসগেট খুলে দেওয়ার কারণে বন্যা দেখা দেয়। পরিশ্রম করেও নিজের জীবন ও সম্পদের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে ওঠে।
পুতুলের মাতৃত্ব, লালুর সঙ্গে আত্মিক সম্পর্ক
চলচ্চিত্রটির আবেগঘন অংশের বড় জায়গা জুড়ে রয়েছে পুতুলের গল্প। বিয়ের পর অপরিচিত চরে এসে একাকিত্বে ভোগা পুতুলের জীবনে বাড়ির গাভিটি হয়ে ওঠে নির্ভরতার প্রতীক। গাভিটি সন্তানসম্ভবা, একই সময়ে পুতুলও গর্ভবতী।
কিন্তু বাছুর প্রসবের সময় গাভিটি মারা যায়। পরবর্তী সময়ে পুতুলও মৃত সন্তান প্রসব করে। এরপর গাভীর বাছুর লালু হয়ে ওঠে পুতুলের সার্বক্ষণিক সঙ্গী এবং সন্তানতুল্য।
পুতুলের সন্তান হারানোর বেদনা ও লালুর প্রতি গভীর মমতার মধ্য দিয়ে সিনেমাটি মাতৃত্বের ধারণাকে নতুনভাবে উপস্থাপন করেছে। মাতৃত্ব এখানে শুধু জৈবিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না; ভালোবাসা, নির্ভরতা ও মমতার মধ্য দিয়েও তার প্রকাশ ঘটে।
এই জায়গায় ‘সাঁতাও’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মহেশ’-এর স্মৃতি জাগালেও সময় ও বাস্তবতায় আলাদা। লালুকে ঘিরে পুতুলের সংকটের পেছনে রয়েছে ঋণ, বাজার ও টিকে থাকার কঠিন অর্থনীতি। ফলে তাকে হারানোর বেদনা কেবল একটি প্রাণীকে হারানোর কষ্ট নয়, নিজের শেষ আশ্রয়টুকু হারানোর যন্ত্রণাও।
স্লোগান নয়, জীবনের মধ্য দিয়েই রাজনীতি
সিনেমাটির অন্যতম শক্তি হলো, বড় সামাজিক বাস্তবতাকে পরিচালক বক্তৃতা বা স্লোগানের মাধ্যমে তুলে ধরেননি। বরং মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা দিয়ে বৃহত্তর সংকটকে দৃশ্যমান করেছেন।
জমির দলিল হাতে ফজলুর দাঁড়িয়ে থাকা, ইদ্রিস দেওয়ানির কাছে জমি বন্ধক রাখার আতঙ্ক, কিস্তির চাপে লালুকে হারানো কিংবা জীবিকার তাগিদে ঢাকায় এসে রিকশা চালানো— এসব ঘটনা মিলে তৈরি হয়েছে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির একটি বাস্তব চিত্র।
তিস্তার পানি সময়মতো পাওয়া যাবে কি না, কৃষক নিজের জমি ধরে রাখতে পারবেন কি না, ঋণের বোঝা থেকে মুক্তি মিলবে কি না কিংবা গ্রামের মানুষ কেন শহরমুখী হচ্ছে— এসব প্রশ্নের মধ্যেই উঠে এসেছে রাষ্ট্র, অর্থনীতি, পরিবেশ ও ক্ষমতার সম্পর্ক।
অভিনয়ে বাস্তবতার ছাপ
ফজলুর চরিত্রে ফজলুল হক এবং পুতুলের চরিত্রে আইনূন নাহারের অভিনয় সিনেমাটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। তাঁদের অভিনয়ে অতিরিক্ত নাটকীয়তার বদলে রয়েছে জীবনের স্বাভাবিক প্রকাশ। চরিত্রের আনন্দ, অভিমান, অসহায়ত্ব ও প্রতিরোধ দর্শকের কাছে সহজেই পৌঁছে যায়।
বিশেষ করে পুতুলের চরিত্রটি শুধু অসহায় গ্রামীণ নারীর প্রতিচ্ছবি নয়। তার কান্নার পাশাপাশি রয়েছে আকাঙ্ক্ষা, ভালোবাসা, অভিমান ও নিজের অস্তিত্ব আঁকড়ে ধরার চেষ্টা। লালুর প্রতি তার টান যেমন মাতৃত্বের প্রকাশ, তেমনি নিজের হারিয়ে যাওয়া জীবনের সঙ্গে সম্পর্ক ধরে রাখার আকুতিও।
চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চারটি বিভাগে স্বীকৃতি পেয়েছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক হিসেবে খন্দকার সুমন, শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে আইনূন নাহার পুতুল এবং শ্রেষ্ঠ শব্দগ্রাহক হিসেবে সুজন মাহমুদ পুরস্কার অর্জন করেন।
লোকজ সংস্কৃতি ও প্রকৃতির নিজস্ব ভাষা
‘সাঁতাও’ কেবল শোষণ, দারিদ্র্য ও বিপর্যয়ের গল্প নয়। পিঠা বানানো, মাছ ধরা, বিয়ের আয়োজন, নৌকাবাইচ, ভাওয়াইয়া গান এবং গবাদিপশুর সঙ্গে মানুষের মমতা— এসব উপাদানও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এসব লোকজ উপাদানকে শুধু গ্রামীণ সৌন্দর্য প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়নি; বরং গল্পের মানুষের জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। ফলে আনন্দময় জীবনের ভেতর যখন মৃত্যু, ঋণ কিংবা নদীভাঙনের বাস্তবতা প্রবেশ করে, তখন সেই ক্ষতির গভীরতা আরও বেশি অনুভূত হয়।
চিত্রায়ণেও প্রকৃতি ও মানুষের সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে। তিস্তাপারের বিস্তীর্ণ প্রান্তর, দীর্ঘ দৃশ্য, দূর থেকে দেখা ক্ষুদ্র মানুষ এবং ফজলু-পুতুলের ঘনিষ্ঠ মুহূর্ত— সব মিলিয়ে তৈরি হয়েছে আলাদা এক চলচ্চিত্রভাষা। বাতাস, বৃষ্টি, পানি, পোকামাকড়, হাঁস ও গরুর ডাকের মতো প্রাকৃতিক শব্দ গল্পের সক্রিয় অংশ হয়ে উঠেছে।
গ্রাম ছেড়ে শহরে, কিন্তু মুক্তি কোথায়?
শেষদিকে ফজলুর গ্রাম ছেড়ে ঢাকায় আসার ঘটনা সিনেমাটিকে নতুন এক প্রশ্নের সামনে দাঁড় করায়— শহর কি সত্যিই মুক্তির জায়গা, নাকি গ্রামের সংকটেরই অন্য রূপ?
জীবিকার সন্ধানে কৃষক শহরে এসে শ্রমজীবী মানুষে পরিণত হন। কিন্তু তাঁর ভেতর থেকে গ্রাম মুছে যায় না। স্মৃতিতে থেকে যায় স্ত্রী, জমি, লালু এবং ফেলে আসা জীবন। এভাবেই ‘সাঁতাও’ গ্রাম ও শহরকে আলাদা দুটি জগৎ হিসেবে না দেখিয়ে তাদের মধ্যকার অদৃশ্য সম্পর্ক তুলে ধরে।
সব মিলিয়ে ‘সাঁতাও’ শুধু কৃষকের দারিদ্র্য কিংবা পরিবেশ সংকটের চলচ্চিত্র নয়। এটি প্রকৃতি, অর্থনীতি, লোকসংস্কৃতি, পরিবার, মাতৃত্ব, ঋণ ও মানুষের অস্তিত্বের গল্প। ফজলু-পুতুলের ব্যক্তিগত জীবনের মধ্য দিয়ে পরিচালক দেখিয়েছেন বৃহত্তর বাংলাদেশের বাস্তবতা।
তিস্তাপারের চর থেকে শুরু হওয়া এই গল্প শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে যায়। মানুষের হারানো, ভালোবাসা, বেঁচে থাকার চেষ্টা এবং মাটির সঙ্গে সম্পর্কের যে টানাপড়েন সিনেমাটিতে উঠে এসেছে, তা বাংলাদেশের অসংখ্য মানুষের জীবনেরই প্রতিচ্ছবি। এই কারণেই ‘সাঁতাও’ শুধু একটি চলচ্চিত্র নয়, হয়ে উঠেছে বাংলাদেশের অন্তর্গত স্পন্দনের এক শিল্পিত দলিল।
কালের আলো/এসএ/জেএন
