Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৬:৪৪ পিএম

মধ্যস্থতার মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৬:৪৪ পিএম

মধ্যস্থতার মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও নতুন করে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরান প্রতিবেশী বাহরাইনে মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে।

প্রায় নয় মাস ধরে চলা এ সংঘাতের অবসানে ওমান ও কাতারের মধ্যস্থতায় আলোচনা চলার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। এতে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা কতটা সফল হবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাহরাইনে মার্কিন রাডারব্যবস্থায় হামলা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে।

তবে বাহরাইন জানিয়েছে, তারা হামলাটি প্রতিহত করেছে। এতে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইরানের হামলার জবাবে মার্কিন যুদ্ধবিমান হরমুজ প্রণালির কেশম দ্বীপে আইআরজিসির একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে আঘাত হেনেছে। তবে ইরানের সংবাদমাধ্যম দেশটির এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, মার্কিন হামলায় আইআরজিসির অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আলোচনায় কাতার ও ওমান
যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ওমান ও কাতার। মঙ্গলবার (১৭ নভেম্বর) কাতার ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন কাতারের মুখপাত্র মাজেদ আল আনসারি। তিনি বলেন, দুই পক্ষের অবস্থানের মধ্যে সমন্বয় এবং আলোচনার টেবিলে উপস্থাপিত প্রস্তাবগুলোর ব্যবধান কমানোর লক্ষ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে সামুদ্রিক নৌপথের নিরাপত্তা, বৈশ্বিক নৌপরিবহন ও বাণিজ্য নির্বিঘ্ন রাখা এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি ঠেকানোর বিষয়ে আলোচনা হয়েছে। আরাগচি ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গেও বৈঠক করেন। এ সময় তিনি যুদ্ধ অবসানে তেহরানের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে সুলতানকে অবহিত করেন।

হরমুজ প্রণালি ঘিরে বৈশ্বিক উদ্বেগ
ওমান ও ইরান হরমুজ প্রণালির দুই তীরে অবস্থিত। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হতো। কিন্তু সংঘাত শুরুর পর ইরান প্রণালিটি কার্যত অচল করে দিয়েছে।

ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি করেছে।

যুদ্ধের প্রভাব পড়ছে মার্কিন রাজনীতিতে
দীর্ঘস্থায়ী এ যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যেও ক্ষোভ বেড়েছে। নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে।

এ অবস্থায় যুদ্ধ অবসানে কূটনৈতিক সমাধানের চাপ বাড়লেও সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা সেই প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে। মধ্যস্থতাকারীদের আলোচনা শেষ পর্যন্ত সংঘাত থামাতে পারে কি না, এখন সেটিই বড় প্রশ্ন।

কালের আলো/এসএ/ডিএইচ
 

Link copied!