স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্যে বাড়তি প্রতিযোগিতা, রপ্তানিতে শুল্কসুবিধা হারানোর ঝুঁকি এবং বিনিয়োগের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতির কাঠামোগত পরিবর্তনে জোর দিচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে ব্যবসা-বাণিজ্যের প্রশাসনিক জটিলতা কমানো, সরকারি সেবা দ্রুত করা, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং নতুন আন্তর্জাতিক বাজার তৈরিতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছে সরকার।
- এলডিসি উত্তরণে তিন বছরের কর্মপরিকল্পনা
- ৩৫ লাখ ডলারের প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ
- জাপান-কোরিয়া-ইইউসহ নতুন বাজারে বাণিজ্য চুক্তির আলোচনা
সরকারের পরিকল্পনায় রয়েছে, বর্তমানে যেসব সরকারি সেবা পেতে ৫০ থেকে ৫৫ দিন কিংবা তারও বেশি সময় লাগে, সেগুলো ১৪ দিনের মধ্যে সম্পন্ন করা। একই সঙ্গে তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে চামড়া, জাহাজ নির্মাণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং ও স্বর্ণালঙ্কার শিল্পকে রপ্তানির নতুন চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এলডিসি উত্তরণ-পরবর্তী প্রস্তুতির অংশ হিসেবে আগামী তিন বছরের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগও রয়েছে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের নীতিগত পরামর্শ, কারিগরি সহায়তা এবং বেসরকারি খাতের সক্ষমতা বাড়াতে সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এলডিসি উত্তরণে জাতীয় রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। বাড়তি তিন বছর সময় চাওয়ার উদ্দেশ্য উত্তরণ পিছিয়ে দেওয়া নয়; বরং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অর্থনীতিকে আরও স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাওয়া। জ্বালানি নিরাপত্তা, ব্যাংক খাতের সংস্কার, ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিও সরকারের পরিকল্পনায় রয়েছে।
জাতীয় অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহর মতে, এলডিসি উত্তরণে বাড়তি সময় পাওয়ায় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সাময়িক স্বস্তি তৈরি হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাস্তবভিত্তিক সংস্কার এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন সহযোগিতার আলোচনা
এলডিসি উত্তরণ-পরবর্তী অর্থনৈতিক প্রস্তুতি এবং বাণিজ্য সংস্কার নিয়ে গত মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধিদল। বৈঠকে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, সরকারি সেবা ডিজিটাল করা, বাণিজ্য সহজীকরণ এবং নতুন রপ্তানি বাজার তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ট্রেড লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, অগ্নিনিরাপত্তা সনদ এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পাওয়ার প্রক্রিয়া সহজ করা হবে। এসব সেবা পেতে বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়ানোর পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন ও অনুমোদনের ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ জন্য ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এতে ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমার পাশাপাশি প্রশাসনিক হয়রানি হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, দক্ষতা উন্নয়ন এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে গবেষণায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আইএফসিও কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
পোশাকের বাইরে রপ্তানির নতুন দিগন্ত
বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশই তৈরি পোশাক খাতনির্ভর। বর্তমানে মোট রপ্তানি আয়ের প্রায় ৮১ শতাংশ আসে এ খাত থেকে। ফলে আন্তর্জাতিক বাজারে কোনো ধরনের সংকট তৈরি হলে দেশের সামগ্রিক রপ্তানি আয়ে বড় প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
এই ঝুঁকি কমাতে রপ্তানি বহুমুখীকরণকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং, প্রক্রিয়াজাত খাদ্য এবং স্বর্ণালঙ্কার শিল্পে নতুন বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
চামড়াশিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সাভার চামড়াশিল্প নগরীর পরিবেশগত মান উন্নয়নের উদ্যোগ রয়েছে। সেখানে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপন এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে, স্বর্ণশিল্পকে অনানুষ্ঠানিক ব্যবসার গণ্ডি থেকে বের করে প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্বর্ণালঙ্কার উৎপাদন ও রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
জাপান-কোরিয়াসহ একাধিক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগ
রপ্তানি বাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব ও মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়ে কাজ চলছে।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগোচ্ছে। আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও নীতিগত অনুমোদন পাওয়া গেছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের পণ্যের জন্য নতুন বাজার তৈরি, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ বাড়তে পারে।
এলডিসি উত্তরণে ৩৫ লাখ ডলারের কর্মসূচি
এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ)-ফেজ থ্রি’ প্রকল্পের আওতায় তিন বছর মেয়াদি কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচিতে প্রায় ৩৫ লাখ ডলার ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ২৫ লাখ ডলার সাতটি অগ্রাধিকার খাতে ব্যবহারের প্রস্তাব রয়েছে।
প্রকল্পের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মার্কেট ইন্টেলিজেন্স ব্যবস্থা গড়ে তোলা, প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের সক্ষমতা বাড়ানো, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের বাজার সম্প্রসারণ এবং পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) মানদণ্ড বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া কার্বন মার্কেটের জন্য নীতিমালা প্রণয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
ফিজিকে ঘিরে নতুন বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা
প্রচলিত রপ্তানি বাজারের বাইরে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিকেও সম্ভাবনাময় গন্তব্য হিসেবে দেখছে বাংলাদেশ। দেশটিতে তৈরি পোশাক, পাটজাত পণ্য এবং দক্ষ ও আধাদক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ রয়েছে। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামির বৈঠকে আলোচনা হয়েছে।
প্রায় ৯ লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশটিতে প্রতিবছর ১০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন। পর্যটন ও হোটেল খাতের চাহিদা পূরণে দেশটিকে বিপুল পরিমাণ খাদ্যপণ্য আমদানি করতে হয়। ফলে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। ফিজিতে বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে দুই দেশের শ্রম স্থানান্তর-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়াও এগোচ্ছে।
অস্ট্রেলিয়ার বাজার ধরতে মেলবোর্নে বাংলাদেশ
ওশেনিয়া অঞ্চলে রপ্তানি বাজার সম্প্রসারণের আরেকটি উদ্যোগ হিসেবে মেলবোর্নে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’। ১৭ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠেয় এ প্রদর্শনীতে ২০ দেশের ৯ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে নয়টি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা পেয়েছে। তৈরি পোশাক, বস্ত্র ও গৃহসজ্জাসামগ্রীসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের মাধ্যমে নতুন ক্রেতা, আমদানিকারক ও ব্যবসায়িক অংশীদার খুঁজছেন বাংলাদেশি উদ্যোক্তারা।
প্রতিযোগিতায় টিকতে এখনই সংস্কারের বিকল্প নেই
বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে শুধু প্রচলিত রপ্তানি খাতের ওপর নির্ভর করে থাকার সুযোগ কমে আসছে। এলডিসি উত্তরণের পর বাণিজ্য সুবিধা, শুল্ক কাঠামো এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে দেশকে। এ পরিস্থিতিতে ব্যবসার খরচ কমানো, আমলাতান্ত্রিক জটিলতা দূর করা, নতুন শিল্পে বিনিয়োগ এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশ্বব্যাংকের সহযোগিতা চাওয়ার মধ্য দিয়ে সরকার এসব সংস্কার ত্বরান্বিত করতে চাইছে। তবে পরিকল্পনার বাস্তবায়ন, সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগের পরিবেশ কতটা উন্নত করা যায়, তার ওপরই নির্ভর করবে এলডিসি উত্তরণ-পরবর্তী অর্থনৈতিক সাফল্য।
কালের আলো/ডিএইচ/এমকে
