শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের ব্যক্তিগত যোগাযোগের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে দুবাই। এখন থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রশিক্ষক ও কর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিগত মোবাইল ফোন, নম্বর কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। তবে শিক্ষকদের ব্যক্তিগত ফোন রাখা বা সাধারণ ব্যবহারের ওপর কোনো সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
প্রতিষ্ঠানের অনুমোদিত মাধ্যমেই যোগাযোগ
দুবাইয়ের জ্ঞান ও মানব উন্নয়ন কর্তৃপক্ষ (কেএইচডিএ) গত ১৩ নভেম্বর শিক্ষার্থী সুরক্ষায় নতুন নীতিমালা ঘোষণা করে। এর লক্ষ্য শিক্ষার্থীদের নির্যাতন, অবহেলা, হয়রানি এবং অনলাইনে অনাকাঙ্ক্ষিত যোগাযোগের ঝুঁকি কমানো।
নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সামাজিক যোগাযোগমাধ্যমের ইনবক্স কিংবা ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে যোগাযোগ করা যাবে না। পাঠদান ও প্রয়োজনীয় বার্তা আদান-প্রদানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদিত যন্ত্র ও যোগাযোগব্যবস্থা ব্যবহার করতে হবে। এতে প্রয়োজন হলে কর্তৃপক্ষ শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার যোগাযোগের তথ্য যাচাই করতে পারবে।
নার্সারি থেকে বিশ্ববিদ্যালয়—সব প্রতিষ্ঠান আওতায়
নতুন বিধিনিষেধ শুধু বিদ্যালয়ের জন্য নয়। নার্সারি, প্রাক-প্রাথমিক কেন্দ্র, বেসরকারি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানও এর আওতায় থাকবে। শ্রেণিকক্ষের পাশাপাশি অনলাইন পাঠদানের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।
শিক্ষকদের পাশাপাশি প্রশিক্ষক, স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদেরও এই আচরণবিধি মানতে হবে। এমনকি প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ক্ষেত্রেও উপযুক্ত সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গোপন সম্পর্ক ও বিশেষ সুবিধা দেওয়াও নিষিদ্ধ
নীতিমালায় শিক্ষার্থীদের সঙ্গে গোপন ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে উপহার গ্রহণ কিংবা কোনো শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
শিক্ষার্থীর সঙ্গে একান্তে বৈঠকের প্রয়োজন হলে খোলা বা দৃশ্যমান পরিবেশ বেছে নিতে হবে। কোনো কারণে বন্ধ কক্ষে আলোচনা করতে হলে আগে ঝুঁকি মূল্যায়ন, তদারকি এবং লিখিত নথি সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে।
অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা
শিক্ষার্থীকে ঘিরে নির্যাতন, হয়রানি বা অসদাচরণের আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট কর্মীকে একই কর্মদিবসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে। অভিযোগ যাচাইয়ের সময় প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্মীকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে রাখার সুযোগও রাখা হয়েছে।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সুরক্ষার জন্য নির্দিষ্ট কর্মকর্তা নিয়োগ করতে হবে। পাশাপাশি পরিচালনা পর্যায়েও তদারকির দায়িত্বে কর্মকর্তা রাখার বিধান রয়েছে।
অনলাইন ঝুঁকি মোকাবিলায় নতুন নীতিমালা
শিক্ষাজগতে প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিও বদলেছে। ব্যক্তিগত বার্তা, অনলাইন হয়রানি, প্রলোভন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার শিক্ষার্থীদের জন্য নতুন ধরনের বিপদ তৈরি করছে। এসব ঝুঁকি মোকাবিলায় আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক সুরক্ষানীতি থাকলেও এবার দুবাইয়ের বেসরকারি শিক্ষা খাতের জন্য একটি অভিন্ন মানদণ্ড চালু করা হচ্ছে।
কিছু বাধ্যবাধকতা অবিলম্বে কার্যকর হবে। অন্য ব্যবস্থাগুলো বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ১২ মাস সময় পাবে। ২০২৭ সালের প্রথম প্রান্তিকে অভিযোগ ব্যবস্থাপনার নতুন ব্যবস্থা ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ চালুর পরিকল্পনাও রয়েছে।
নতুন এই নীতিমালার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীর যোগাযোগকে আরও স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে চাইছে দুবাই কর্তৃপক্ষ। এর মূল লক্ষ্য শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আস্থার পরিবেশ বজায় রাখা।
কালের আলো/এসএ/জেএন
