ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরুর পর থেকেই নজরকাড়া সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে আলোচনায় রয়েছেন তিনি। এবার সমুদ্রপাড়ে হলুদ গাউনে ফটোশুটের ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন এই সুন্দরী।
হলুদ গাউনে সমুদ্রপাড়ে মাহি

নতুন ছবিতে মাহিকে দেখা গেছে হলুদ রঙের ফ্লোর-টাচ গাউনে। ফুলহাতা এই গাউনের কোমরের অংশে রয়েছে পাথরের কারুকাজ। এর সঙ্গে তাঁর গায়ে শোভা পাচ্ছে ‘বাংলাদেশ’ লেখা সাদা স্যাশ। সমুদ্রের মনোরম পটভূমিতে তাঁর এই সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও আত্মবিশ্বাস।
চার দেশের সুন্দরীদের সঙ্গে একই ফ্রেমে

ফটোশুটের একাধিক ছবিতে আরও চার দেশের প্রতিযোগীর সঙ্গে দেখা গেছে মাহিকে। তাঁরা হলেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন। নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করা এই সুন্দরীদের সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছেন বাংলাদেশের প্রতিযোগী।
ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে একটি চমৎকার শুটের ছোট্ট ঝলক! প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই ভীষণ বিশেষ মনে হচ্ছে। এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’
ভোট ও সমর্থন চেয়েছেন দেশবাসীর কাছে

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় শুরু হয়েছে অফিশিয়াল ফ্যান ভোটিং। বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর অংশগ্রহণ নিয়ে সরব ভক্ত-অনুরাগীরা।
২৪ নভেম্বর গ্র্যান্ড ফিনালে

গত ৭ নভেম্বর রাজধানীর এক জমকালো আয়োজনে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা।
এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে ৭৫তম ‘মিস ইউনিভার্স’-এর গ্র্যান্ড ফিনালে। মাহির হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য পাবে—এমন প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন দেশের দর্শক ও ভক্তরা।
কালের আলো/এসএ/এসএআর
