এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। পাশাপাশি এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর এসব পরীক্ষা শুরু হবে এবং ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান।
পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ২৩ নভেম্বর
শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং ফল প্রকাশের প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। তবে এবারের ফলাফল সন্তোষজনক হয়নি। মোট শিক্ষার্থীর ৫২ শতাংশ পাস করেছে।
তিনি জানান, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কার্যক্রম ৭ নভেম্বর শুরু হয়েছে এবং তা ২৩ নভেম্বর শেষ হবে। ওই দিনই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
এদিকে ফল পুনর্নিরীক্ষণের পর যেসব শিক্ষার্থীর গ্রেডে পরিবর্তন আসবে, তাঁদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী।
ঢাবির ভর্তির আবেদনের সময় বাড়ানোর অনুরোধ
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তিনি উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছেন এবং যত দ্রুত সম্ভব ভর্তি পরীক্ষা আয়োজনের পরামর্শ দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ২৫ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তবে পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তাঁদেরও আবেদনের সুযোগ দিতে সময় আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানাবেন বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা
যেসব শিক্ষার্থী এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। আগে এ ধরনের শিক্ষার্থীদের ‘রেফার্ড’ বলা হতো। তিনি বলেন, এসব শিক্ষার্থীর পুনঃপরীক্ষা আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।
তবে পুনঃপরীক্ষার ফলের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আটকে না রাখার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে পাস করেছে, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারবে। ফলে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার ফলের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই।
বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকায় সেশনজট কমানোর উদ্যোগ
শিক্ষামন্ত্রী জানান, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে আসন রয়েছে প্রায় ১৫ লাখ। এর মধ্যে ৫৭টি সরকারি ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত আসন থাকায় ভর্তি কার্যক্রম এগিয়ে নিতে সমস্যা হওয়ার কথা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) নামকরা বিশ্ববিদ্যালয়গুলোও তাদের ভর্তি কার্যক্রম চালিয়ে যেতে পারে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ভর্তি কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার মাধ্যমে সেশনজট কমানো তাঁর অন্যতম লক্ষ্য। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে সময়মতো ভর্তি পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
কালের আলো/এসএ/এএইচ
