সরকারি গুদামে চাল ও গমের মজুত ২১ লাখ টন ছাড়িয়েছে। গত কয়েক বছরের তুলনায় খাদ্যশস্যের এই মজুত বেশ সন্তোষজনক। অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্য কিনতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। পরিবারের মাসিক ব্যয়ের বড় অংশ চলে যাচ্ছে খাবার কিনতে। এমন পরিস্থিতিতে সরকারি খাদ্যভান্ডারকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। ওএমএস ও টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে চাল-আটা বিক্রির পরিধি বাড়ানো গেলে শহর ও গ্রামের বিপুলসংখ্যক মানুষের খাদ্য ব্যয় কমানো সম্ভব।
- সরকারি মজুত গত কয়েক বছরের মধ্যে সন্তোষজনক
- খাদ্যনিরাপত্তার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
- নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে চাল-আটা বিক্রি বাড়ানোর সুযোগ
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারের গুদামে প্রায় ১৮ লাখ টন চাল এবং ৩ লাখ টন গম রয়েছে। সব মিলিয়ে মজুত ২১ লাখ টনের বেশি। ২০২৪ সালের জুনে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে খাদ্যশস্যের মজুত ছিল ১৪ লাখ ৭০ হাজার টন। অর্থাৎ, তখনকার তুলনায় বর্তমান মজুত প্রায় ৬ লাখ টন বেশি।
অন্তর্বর্তী সরকারের সময়ও খাদ্য মজুত ২০ লাখ টন ছাড়িয়ে যায়। গত ৪ জানুয়ারি তৎকালীন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছিলেন, গত পাঁচ বছরের মধ্যে দেশে খাদ্যশস্যের মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি মজুত পরিস্থিতিকে অত্যন্ত সন্তোষজনক বলে উল্লেখ করেন। খাদ্য মজুতের এই শক্ত অবস্থানকে কাজে লাগিয়ে এখন সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী খাদ্যের সরবরাহ বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ করে যাঁরা খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পাননি, অথচ বাজারদরের চাপে রয়েছেন, তাঁদের জন্য ওএমএসের পরিধি বাড়ানো গুরুত্বপূর্ণ।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে সরকারি খাদ্যশস্য বিতরণ হয়েছে ১১ লাখ ৪ হাজার টন। আগের বছরের একই সময়ের তুলনায় তা ৬৭ হাজার টন কম। একই সময়ে ওএমএসে চাল ও গমের বরাদ্দ ছিল প্রায় ২ লাখ ৬৮ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৯৩ হাজার টন বা ২৬ শতাংশ কম।
কম দামে খাদ্য বিক্রিতে বড় সাশ্রয়
বাজারের সঙ্গে সরকারি বিক্রয়কেন্দ্রের দামের ব্যবধান সাধারণ মানুষের জন্য স্বস্তির বড় সুযোগ তৈরি করেছে। ঢাকার বাজারে বর্তমানে মোটা চালের সর্বনিম্ন দাম কেজিপ্রতি ৫০ টাকা। তুলনামূলক ভালো মানের মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকা দরে। অথচ ওএমএসে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
আটার ক্ষেত্রেও একই চিত্র। বাজারে খোলা আটা কেজিপ্রতি ৪৮ থেকে ৫০ টাকা হলেও ওএমএসে পাওয়া যাচ্ছে ২৪ টাকায়। অর্থাৎ, সরকারি বিক্রয়কেন্দ্র থেকে চাল ও আটা কিনলে একজন ক্রেতার প্রতি কেজিতে ২০ থেকে ২৬ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ২০২৫ সালের এক জরিপে দেখা গেছে, দেশের একটি পরিবারের মাসিক ব্যয়ের প্রায় ৫৫ শতাংশই চলে যায় খাবার কেনার পেছনে। ফলে সরকারি উদ্যোগে কম দামে খাদ্য সরবরাহ বাড়ানো গেলে পরিবারের ব্যয় সামলাতে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
টিসিবির জন্য ৩ লাখ টন চাল বরাদ্দ
খাদ্য বিতরণ কমে যাওয়ার কারণ হিসেবে অর্থবছরের প্রথম চার মাসে টিসিবির জন্য চালের বরাদ্দ না থাকার কথা জানিয়েছে খাদ্য অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন বলেন, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত টিসিবির জন্য কোনো চাল বরাদ্দ ছিল না। তবে নভেম্বর থেকে অর্থ মন্ত্রণালয় টিসিবির জন্য ৩ লাখ টন চাল বরাদ্দ দিয়েছে। তাঁর মতে, প্রথম চার মাস বরাদ্দ না থাকায় সামগ্রিক খাদ্য বিতরণের পরিমাণ কমেছে।
টিসিবির স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে প্রায় ৭৫ লাখ পরিবার সাশ্রয়ী মূল্যে তেল, ডাল ও চিনিসহ বিভিন্ন পণ্য পেয়ে থাকে। এর পাশাপাশি টিসিবির মাধ্যমে চাল বিতরণ করা হলে এসব পরিবারের খাদ্য ব্যয় আরও কমানোর সুযোগ তৈরি হবে।টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন জানিয়েছেন, চালের বরাদ্দ পেতে তাঁরা গত চার মাস ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। চলতি মাসে বরাদ্দ পাওয়ার আশা করছেন তাঁরা।
খাদ্যসহায়তার প্রয়োজন বাড়ছে
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) গত ২২ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকতে পারেন। বছরের শুরুর তুলনায় এ সংখ্যা ২৮ লাখ বেশি।
মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, বন্যায় কৃষির ক্ষতি, শিশুদের অপুষ্টি এবং রোহিঙ্গা শরণার্থীদের খাদ্যসহায়তা নিয়ে অনিশ্চয়তাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। এ অবস্থায় শুধু নির্দিষ্ট কার্ডধারীদের মধ্যে খাদ্যসহায়তা সীমাবদ্ধ না রেখে ওএমএসের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে সাশ্রয়ী খাদ্য পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে শহরের পাশাপাশি গ্রামীণ বাজারগুলোতেও স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রির কার্যক্রম জোরদার করা গেলে উপকৃত হবেন নতুন করে আর্থিক চাপে পড়া পরিবারগুলোও।
আমনে আরও সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ
এদিকে, চলতি আমন মৌসুমে ৩ লাখ টন ধান এবং সাড়ে ৫ লাখ টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধানের সংগ্রহমূল্য কেজিপ্রতি ৩৫ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, ২৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। এই সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকের কাছ থেকে নির্ধারিত দামে ধান-চাল কেনার পাশাপাশি সরকারি খাদ্য মজুত আরও সমৃদ্ধ হবে।
সুফল পৌঁছাক সাধারণ মানুষের ঘরে
সরকারের খাদ্য মজুত দেশের খাদ্যনিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ শক্তি। দুর্যোগ বা সরবরাহ ঘাটতির সময় এই মজুত যেমন কাজে আসে, তেমনি বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতেও এর কার্যকর ব্যবহার সম্ভব।
বর্তমানে ২১ লাখ টনের বেশি খাদ্যশস্যের মজুত এবং টিসিবির জন্য নতুন করে ৩ লাখ টন চাল বরাদ্দ—স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ বাড়ানোর জন্য একটি ইতিবাচক ভিত্তি তৈরি করেছে। এখন প্রয়োজন ওএমএসের বিক্রয়কেন্দ্র ও ট্রাকের সংখ্যা বাড়ানো, পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করা এবং টিসিবির মাধ্যমে নিয়মিত চাল বিতরণ।
বিশেষ করে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডের বাইরে থাকা নিম্ন আয়ের মানুষ এবং মূল্যস্ফীতির কারণে নতুন করে সংকটে পড়া পরিবারগুলোর জন্য এই সুবিধা সম্প্রসারণ করা জরুরি। সরকারি গুদামে খাদ্যের পর্যাপ্ত মজুত থাকলে তার একটি অংশ পরিকল্পিতভাবে স্বল্পমূল্যে বাজারে বিক্রি করলে একদিকে মানুষের খাদ্য ব্যয় কমবে, অন্যদিকে বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
কালের আলো/ডিএইচ/এমকে
